পোশাকশ্রমিকদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন পাঁচ হাজার ৩০০ টাকা করার যে প্রস্তাব মজুরি বোর্ড দিয়েছে, অনেক টালবাহানার পর অবশেষে মালিকেরা তা মেনে নিয়েছেন। তার পরও পোশাকশ্রমিকদের একটা বড় অংশের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। কিন্তু সেই অসন্তোষ থেকে তাঁরা যেভাবে বিক্ষোভ-ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
গত সোমবার গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিকের মৃত্যুর পর মঙ্গলবার গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, ছুটি ঘোষণা করতে হয়েছে ১০০টি কারখানায়। শুধু পুলিশ বাহিনীর পক্ষে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়নি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করতে হয়েছে। শ্রমিকের মৃত্যু অবশ্যই অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু তার আইনি প্রতিকারের পরিবর্তে সংঘর্ষ-সহিংসতায় আরও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। কোনো যুক্তিতেই এগুলো গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষোভ, অসন্তোষ, দাবি, প্রতিবাদ—সবকিছুই শান্তিপূর্ণভাবে প্রকাশ করা যায়। সহিংসতা ও নাশকতা থেকে কারও কোনো উপকার হয় না।
বিক্ষুব্ধ শ্রমিকদের অসন্তোষের অন্যতম প্রধান কারণ তাঁদের প্রত্যাশা অনুযায়ী মজুরি বাড়ানো হয়নি। তাঁরা দাবি করে আসছেন, ন্যূনতম মজুরি আট হাজার টাকা করতে হবে। কিন্তু মালিকেরা সাড়ে চার হাজারের বেশি করতেও রাজি হচ্ছিলেন না; এখন তাঁরা রাজি হয়েছেন পাঁচ হাজার ৩০০ টাকায়। যদিও এর মধ্যে খাদ্যভাতাও যুক্ত আছে, তবু শ্রমিকদের দিক থেকে এটি একটি বিরাট অর্জন এবং এটি সম্ভব হয়েছে মূলত আন্দোলনের চাপেই। শ্রমিকদের এ অর্জনকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত।
অন্যদিকে, পোশাক কারখানার মালিকদের দিক থেকে কিছু বিষয় পরিষ্কার করা উচিত। যেমন: কোন স্তরের শ্রমিকদের বেতন এখন কত হবে, যাঁরা নিয়মিত শ্রমিক নন, উত্পাদনের ভিত্তিতে পারিশ্রমিক পান, তাঁদের সুযোগ-সুবিধা বাড়বে কি না, বাড়লে কতটা বাড়বে। আর বিজিএমইএকে নিশ্চিত করতে হবে, সব মালিক যেন এ নতুন বেতনকাঠামো মেনে চলেন; শ্রমিকদের ঠকানোর কোনো সুযোগ যেন কেউ না পান।