পোষ্য কোটার বাড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে কোটাব্যবস্থার কোনটি সুফলদায়ী, কোনটি সুবিধাবাদী; কোনটি রাখা দরকার, কোনটি বাতিল হওয়া উচিত আর কোনটির সংস্কার হওয়া উচিত, সে বিষয়ে জনস্বার্থে নীতি নির্ধারণ করা দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি-বিষয়ক জটিলতা থেকে এই তাগিদ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন রকম কোটার মধ্যে পোষ্য কোটা অন্যতম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার এই কোটায় দেড় শর মতো শিক্ষার্থীকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। পোষ্য কোটায় ভর্তি হওয়ার যোগ্যতা হলো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তান হওয়ার সুবাদে ভর্তি পরীক্ষায় ৬০-এর মধ্যে কেবল পাসমার্ক তথা ২১ নম্বর পাওয়া! এবার পোষ্য কোটার প্রার্থীদের মধ্যে মাত্র ৬২ জন এই ন্যূনতম নম্বর পেরিয়েছেন। কিন্তু যাঁরা ২১ নম্বরও পাননি, তাঁদের তিন নম্বর গ্রেস দিয়ে এবং যে বিভাগে ভর্তি করানো হবে, সেই সব বিভাগের শর্ত শিথিল করে ভর্তি করার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। বিভাগীয় ভর্তি কমিটির যেসব সদস্য এই অনিয়ম মানতে নারাজ, বিভিন্নভাবে তাঁদেরকে চাপও দেওয়া হচ্ছে। অন্যদিকে শাবিপ্রবিতে কর্মচারীদের চাপে প্রথমবারের মতো করা হয়েছে পোষ্য কোটার বন্দোবস্ত।
বিষয়টি গুরুতর এ কারণে যে অযোগ্য শিক্ষার্থীদের এভাবে ভর্তি করিয়ে তাঁদেরও ফেলা হচ্ছে দুরূহ অবস্থার মধ্যে। উচ্চশিক্ষা গ্রহণের প্রাথমিক প্রস্তুতিও যাঁদের নেই, তাঁদের পক্ষে কীভাবে সম্মান ও স্নাতক পর্যায়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব? কীভাবে শিক্ষকেরা তাঁদের পাস করিয়ে আনবেন? নাকি সেখানেও গ্রেস ইত্যাদির ব্যবস্থা থাকবে? এই প্রক্রিয়ায় একপর্যায়ে কারও কারও শিক্ষক হওয়ারও নজির রয়েছে! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেলায় এ রকম পোষ্য কোটায় ভর্তির সুবাদে পরে প্রশাসনিক কর্মকর্তা হয়ে দুর্নীতি-সন্ত্রাস ও শিক্ষার্থী পীড়নের মতো অপকর্ম ঘটানোর নজিরও নিকট অতীতে রয়েছে। এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় ঘুণ ধরানোর আয়োজন কীভাবে প্রশাসন করতে পারে?
পোষ্য কোটার মতো বৈষম্যমূলক ব্যবস্থার বোঝা বিশ্ববিদ্যালয়গুলোর মাথা থেকে সরানো সময়ের দাবি। আমরা এ ব্যাপারে প্রশাসনের বোধোদয় এবং যেখানে প্রযোজ্য সেখানে আচার্য হিসেবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ আশা করি।