সরকারি কোনো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হলে অথবা প্যাথলজিক্যাল কোনো টেস্ট করাতে হলে আমাদের কী
করতে হয়?
খুব সকালে ঘুম থেকে উঠে হাসপাতালের উদ্দেশে যাত্রা। টিকিট কেটে সিরিয়াল দিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয় অথবা প্যাথলজির সামনে লাইন। হ্যাঁ, এটাই নিয়ম। ওই দিন আর অন্য কোনো কাজ করা সম্ভব নয়। এটাকে বদলে ফেলা হয়তো সম্ভব নয়। কিন্তু একটু পরিবর্তন আনা কি খুবই কষ্টের?
চিকিৎসকদের অফিস সাধারণত অন্য সরকারি হাসপাতালের মতোই। এটাকে যদি একটু পরিবর্তন করে অতিরিক্ত আরও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালের সেবাটা রাত ১০টা পর্যন্ত করে দেওয়া যেত, তাহলে কেমন হতো ভাবুন তো।
সকাল আটটা থেকে একজন বিশেষজ্ঞ থাকবেন, তারপর বিকেল পাঁচটা থেকে রাত নয়টা বা ১০টা পর্যন্ত অন্য একজন। একজন চিকিৎসক ছয় দিন পাঁচটা থেকে ১০টা পর্যন্ত রোগী দেখলেন, তারপর এক দিন ছুটি। তারপর আবার ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখলেন।
প্যাথলজির ক্ষেত্রে অতিরিক্ত কিছু লোক নিয়োগ দিয়ে সেটাকে রাত নয়টা বা ১০টা পর্যন্ত করা কি খুবই অসম্ভব? চিন্তা করে দেখেন তো এর ফলে সাধারণ মানুষের কেমন উপকার হবে?
আমরা সন্ধ্যার পর কী দেখতে পাই? বড় বড় প্রাইভেট ক্লিনিকগুলোতে সন্ধ্যার পর রোগীর হিড়িক। প্যাথলজিতে ভিড়। কেন? এত লোক সরকারি হাসপাতালের বড় চিকিৎসককেই দেখাচ্ছেন, কিন্তু ক্লিনিকে কেন?
বেশির ভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে তাঁরা সারা দিন অফিস করেন। তাই দিনের বেলায় হাসপাতালে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় চিকিৎসকের চেম্বারে এসেছেন। যদি এই ছোট্ট পরিবর্তনটুকু করা যায়, তাহলে হয়তো চিকিৎসকদের প্রাইভেট রোগী কিছু কমে গেলেও বিশাল একটি গোষ্ঠীর অনেক বড় উপকার হবে।
সরকারের কাছে বিশেষ অনুরোধ, অন্তত পরীক্ষামূলকভাবে ঢাকার তিনটি (ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল সঙ্গে অন্য একটি) হাসপাতালে এই সুবিধা চালু করে পর্যবেক্ষণ করুক। এর সঙ্গে আর একটু বলতে চাই, হাসপাতালের যে ওয়েবসাইটগুলো আছে, সেটিকে আরও উন্নত করা হোক। কোন চিকিৎসক কখন কত নম্বর রুমে বসবেন, সেগুলো ওয়েবসাইটে যোগ করা হোক। এবং এর সঙ্গে কোন টেস্ট করাতে কত খরচ লাগবে, কোথায় কোন ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের দামসহ ওয়েবসাইটে সংযোগ করা হোক।
খন্দকার সফিকুল ইসলাম
শিক্ষার্থী, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।