
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান শেষজীবনে জাতির অভিভাবকস্বরূপ ছিলেন। তাঁর প্রজ্ঞা ও শ্রেয়োবোধ থেকে তিনি যে-পথ প্রদর্শন করেছিলেন, আমাদের কল্যাণ সেখানে নিহিত ছিল।
জাতির এক কঠিন সময়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে সে-দায়িত্ব তিনি পালন করেছিলেন। সেই অল্প সময়েও তাঁর সামনে দেখা দিয়েছিল বড়োরকম চ্যালেঞ্জ। ধৈর্যের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে সে-চ্যালেঞ্জের মোকাবেলা তিনি করেছিলেন। রক্তপাতের আশঙ্কা দূর হয়েছিল তাতে, শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সম্ভবপর হয়েছিল শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের অনুষ্ঠান। বিচারপতি হিসেবে তাঁর দীর্ঘকালের অভিজ্ঞতা, মনে হয়, তাঁর এ-ধরনের কাজের ক্ষেত্র প্রস্তুত করেছিল।
আসলে তাঁর একটা অনন্যসাধারণ প্রতিভা ছিল। মেধাবী ছাত্র ছিলেন বরাবর। সেই মেধাবী মানুষটি ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভাঙার নেতৃত্ব দিলেন। কোনো রাজনৈতিক অভিলাষ থেকে নয়, মাতৃভাষাকে ভালোবেসে, ওই প্রতিবাদ করাটা কর্তব্যজ্ঞান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগলাভের পরে যখন দেখলেন, তাঁর ওই অল্পসময়ের কারাবাস কর্তৃপক্ষের শিরঃপীড়ার কারণ হয়েছে, তখন কাজটা ছেড়ে দিলেন। সেখানেও তিনি প্রতিবাদের এক অভিনব পন্থা উদ্ভাবন করেন—কলাভবনের মূল ভবনের সামনে গলায় ট্রে ঝুলিয়ে সিগারেট বিক্রি করে। ‘শেলীজ ওন শপ’ শুধু তাঁর নিজেরই ছিল না, তার মধ্য দিয়ে প্রকাশও পেয়েছিল তাঁর নিজের চিন্তা, অভ্যস্ত উপায়ের বাইরে প্রতিবাদের অভিনবত্বে।
মুক্তিযুদ্ধের সময়ে, অধিকৃত দেশের রুদ্ধশ্বাস অবস্থায়, তিনি হাত দিয়েছিলেন যথাশব্দ রচনায়। বাংলাভাষায় সেই প্রথম থিমরস রচিত হলো। সুনীতিকুমার চট্টোপাধ্যায় মুক্তকণ্ঠে তাঁকে সাধুবাদ জানিয়েছিলেন এ-কাজের জন্যে। সেই যে অভিধানজাতীয় কর্মে মনোনিবেশ করেছিলেন, তা যেন নেশা ধরিয়ে দেয় তাঁর। পরে তাঁর হাত থেকে পাই কোরানসূত্র, বচন ও প্রবচন, মিত্রাক্ষর, যার যা ধর্ম এবং রবীন্দ্রনাথের বাণী-সংকলন—মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ, রবীন্দ্র-প্রবন্ধে সংজ্ঞা ও পার্থক্যবিচার, রবীন্দ্র-রচনার রবীন্দ্র-ব্যাখ্যা, রবীন্দ্রবাক্যে আর্ট সংগীত ও সাহিত্য, রবীন্দ্র-রচনায় আইনি ভাবনা। রবীন্দ্রনাথ সম্পর্কে কবি, তুমি নহ গুরুদেবের মতো উল্লেখযোগ্য প্রবন্ধসংকলনও তাঁর রয়েছে। বাংলাভাষার বিষয়টা সব থেকে কখনোই দূরে রাখতে পারেননি তিনি। কতভাবে যে মাতৃভাষা এবং তার প্রতি আমাদের কর্তব্যের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন, আমরা কি যাব না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে, একুশে ফেব্রুয়ারি সকল ভাষার কথা কয়, বাংলার সংগ্রাম এখনও অসমাপ্ত প্রভৃতি গ্রন্থে। নানাদেশের কবিদের মাতৃভাষা-বন্দনার সংকলনের কথাও এ-প্রসঙ্গে স্মরণযোগ্য।
নিজের অধীত বিষয় ইতিহাসে তাঁর সেরা কীর্তি গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ। এত অল্প পরিসরে বাংলাদেশের এমন মনোজ্ঞ ইতিহাস পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। প্রাঞ্জল ভাষায়, তথ্যের বাহুল্যবর্জনে এবং মূলধারার প্রতি অবিচলিত মনোযোগে গ্রন্থটি হয়েছে যেমন স্বাদু, তেমনি সর্বসাধারণের ব্যবহারযোগ্য। পরবর্তী সংস্করণে মূলপাঠের সঙ্গে নানা কিছুর যোগে এর কলেবরবৃদ্ধি ঘটেছে; সংযুক্ত বিষয়গুলির গুরুত্ব সত্ত্বেও মনে হয় তা অপরিহার্য ছিল না। দু খণ্ড বাংলাদেশের তারিখও ইতিহাসের আকর এবং নিত্যব্যবহার্য বই।
বাংলাদেশ সংবিধানের শব্দ ও খণ্ডবাক্য আরেকটি প্রয়োজনীয় বই। যাঁরা বাংলাভাষায় লিখিত সংবিধান নানাক্ষেত্রে ব্যবহার বা প্রয়োগ করতে চান, তাঁদের জন্যে বইটি অপরিহার্য। বাংলায় আইনচর্চার ক্ষেত্রে তাঁর এবং আমার যৌথ সম্পাদনায় প্রকাশিত আইন-শব্দকোষও, আশা করি, আইনজীবীদের কাজে লাগবে। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা গ্রন্থে বিধৃত প্রবন্ধগুলির বিষয় বইটির নাম থেকেই অনুধাবন করা যায়। তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার বইতে তাঁর সরকার-পরিচালনার অভিজ্ঞতা চমৎকারভাবে লিপিবদ্ধ হয়েছে। দেশ সম্পর্কে তাঁর নানা ভাবনার পরিচয় ধরা পড়েছে চাওয়া-পাওয়া ও না-পাওয়ার হিসাব, স্বপ্ন, দুঃস্বপ্ন ও বোবার স্বপ্ন এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক গ্রন্থে।
কোরানসূত্র থেকেই পরে লিখিত হয় কোরান শরিফের সরল বঙ্গানুবাদ। তিনি ধার্মিক মানুষ ছিলেন। এ-কাজটি তাঁর আত্মতৃপ্তির কারণ হয়েছিল। তাঁর খেয়ালি মনের ভাবনাও নানাগ্রন্থে ছড়িয়ে আছে। কবিতা লেখাও ছিল তাঁর একরকম খেয়াল। বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই তিনি কবিতা লিখেছেন। উচ্চ আদালতে যেসব রায় তিনি দিয়েছিলেন, তা সবই ইংরেজিতে। তারও একটি নির্বাচিত সংকলন রয়েছে।
মুহাম্মদ হাবিবুর রহমানের বইপত্রের যে-পরিচয় ওপরে দিলাম, তা থেকে বিচিত্র বিষয়ে তাঁর উৎসুক্যের প্রমাণ পাওয়া যাবে। এর অন্য পরিচয় আছে নানা বিষয়ে তাঁর অধ্যয়নে। আমরা যাঁকে রেনেসাঁস-মানব বলি, তিনি তাই ছিলেন। মানবজীবনের সকল দিকেই তাঁর অপার উৎসাহ ছিল—ভালোমন্দ, লঘু-গুরুতর, সবদিকেই। তাঁর বিদ্যাবত্তা তাঁকে উদার মনের অধিকারী করেছিল। পরমতসহিষ্ণুতা ছিল তাঁর এক বড়ো গুণ। কিন্তু তিনি ভণ্ডামি সহ্য করতে পারতেন না, কথা ও কাজের অসামঞ্জস্য যার মধ্যে দেখতেন, তাকে তিনি মন থেকে দূরে ঠেলে দিতেন।
বাংলাদেশ নিয়ে তাঁর ছিল উচ্চাশা। আমাদের নানা দুর্গতির মধ্যেও তিনি আশা করে রেখেছিলেন, অন্ধকারের শেষে উজ্জ্বল সূর্যোদয় হবে।
৮৫ বছরের পূর্ণ জীবন তিনি লাভ করেছিলেন। সক্রিয়তা ও সৃষ্টিশীলতা সে-জীবনকে গৌরবান্বিত করেছিল। তাঁর চলে-যাওয়া তাই গভীর বিষাদের কারণ। তিনি আমাদের অনেক দিয়েছেন, হয়তো আরও দিতে পারতেন।