১০ জুন প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত ‘বাংলাদেশের গবেষণার বিরল সাফল্য’ শীর্ষক নিবন্ধের জন্য লেখক মোহাম্মদ কায়কোবাদকে ধন্যবাদ। উল্লিখিত নিবন্ধে লেখকের অধিকাংশ বক্তব্যের সঙ্গে আমি একমত পোষণ করলেও দু-একটি বিষয়ে ভিন্নমত পোষণ করছি।
প্রথমত, লেখক মন্তব্য করেছেন, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে জাতীয় দৈনিক বা সাপ্তাহিকে শত শত নিবন্ধ প্রকাশিত হলেও তার বৈজ্ঞানিক মান এতটুকুও বাড়বে না, যদি না আন্তর্জাতিক মানের জার্নালে কিংবা কনফারেন্সে প্রকাশিত হয়। বক্তব্যটি অনেকাংশে সত্যি, কিন্তু পুরো সত্যি নয়। গবেষণালব্ধ ফলাফল অবশ্যই আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হতে হবে, কিন্তু গবেষণার মান বাড়ানোর জন্য এটাই একমাত্র প্রভাবক নয়। গবেষণার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ গবেষণার মান উন্নয়নে।
উদাহরণস্বরূপ সনো ফিল্টার গবেষণার কথা বলা যায়। ড. আবুল হুসসাম আবিষ্কৃত এ ফিল্টার আর্সেনিক দূরীকরণে যে ভূমিকা রেখেছে, সেটির ফলাফল কি কোনো জার্নালে প্রকাশিত হয়েছে যে সেই মাপকাঠিতে মাপা যাবে। এ ফিল্টার আবিষ্কার, অনেক তরুণ শিক্ষার্থীকে এ বিষয়ে গবেষণায় উদ্বুদ্ধ করেছে। তাঁদের গবেষণালব্ধ ফলাফল নিশ্চয়ই দেশ-বিদেশের বিখ্যাত জার্নালে প্রকাশিত হবে, কিন্তু পেছনের প্রেরণাদাতা থেকে যাবেন আড়ালে।
দ্বিতীয়ত, লেখক স্পষ্টভাবেই গবেষণার অর্থায়নের সঙ্গে রিসার্চ পেপারটি কোন জার্নালে প্রকাশিত হলো, তার একটি সম্পর্ক টানার চেষ্টা করেছেন। তাঁর বক্তব্যে মনে হয়েছে, গবেষণায় বরাদ্দ টাকা ও জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরের সম্পর্ক সমানুপাতিক কিংবা এ দুটিকে গ্রাফে এক্স ও ওয়াই অক্ষে রাখলে ঊর্ধ্বমুখী সরলরেখা পাওয়া যাবে। উদাহরণস্বরূপ পাটের জিনোম সিকোয়েন্সিং পেপারটির সঙ্গে বায়ো ইনফরমেটিকস জার্নালের যে পেপারটির তুলনা তিনি করেছেন, সেটি লক্ষণীয়।
তবে এ ধরনের তুলনা যুক্তিসংগত নয়। কারণ, কত টাকা অর্থায়ন করা হলে কত ইমপ্যাক্ট ফ্যাক্টরের পেপার পাওয়া যাবে, তা বলা যায় না। তাহলে গবেষণা ও বিনিয়োগের মধ্যে কোনো পার্থক্য থাকত না। লক্ষ রাখা উচিত, ৮০ কোটি টাকার পাট জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট থেকে ৪ দশমিক শূন্য ৭ ইমপ্যাক্ট ফ্যাক্টরের যে পেপার প্রকাশিত হয়েছে, অনেক উন্নত দেশে এর চেয়ে কম ইমপ্যাক্ট ফ্যাক্টরের পেপার প্রকাশে (গবেষণার) অনেক বেশি টাকা খরচ হয়।
পাটের জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টটি কিন্তু এখনো চলমান। এ প্রজেক্ট থেকে যে পেপারটি প্রকাশিত হয়েছে (ছত্রাকের জিনোম), সেটি এই প্রজেক্টের মূল কাজ নয়, তার অংশ মাত্র। মূল পেপারটি প্রকাশ হওয়া বাকি। আর সবচেয়ে বড় কথা, পাটের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হলে যে অর্থনৈতিক সমৃদ্ধির সম্মুখীন হবে বাংলাদেশ, বিজ্ঞান গবেষণায় তার গুরুত্বও কম নয়।
লেখকের কাছে ৮০ কোটি টাকা সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিন্তু এ কাজের যেটি মূল ভিত্তি, সেটি রচিত হয়েছে ড. হাসিনা খানের কাজের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের এই অধ্যাপক পাটের জিনোম বিষয়ে যে গবেষণা করেছেন, তার ওপর প্রায় ২০টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত পেপার রয়েছে। একই কথা বলা যায়, জেবা ইসলাম সেরাজ লবণসহিষ্ণু ধানের ওপর যে কাজ করেছেন, সে সম্পর্কেও। অথচ এসব অর্জন বাদ দিয়ে কেন ৮০ কোটি টাকাই গুরুত্বপূর্ণ হলো, তা বোধগম্য নয়।
বিজ্ঞান গবেষণায় অর্থায়নের সুব্যবহার নিশ্চিতকরণের জন্য পাবলিকেশনই সর্বোত্তম পন্থা। তবে সত্যিকার অর্থে তরুণ গবেষকদের গবেষণার মান বাড়াতে হলে গবেষণার ফলাফলকে প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহার করতে পারাই সফলতা। তা না হলে সেটা গবেষকের ব্যক্তিগত সফলতার বাইরে নতুন কোনো মাত্রা যোগ করবে না।
দিগ্বিজয় দে।