প্রতিক্রিয়া: তাহের-জিয়া সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি তাহের-জিয়া সম্পর্ক বিষয়ে আমার লেখার পরিপ্রেক্ষিতে প্রথম আলোতে মহিউদ্দীন আহমেদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমি তাঁর সঙ্গে একমত যে একটি ঐতিহাসিক ঘটনাকে বোঝার জন্য তাঁর মতো কুশীলবদের চিন্তা ও আবেগকে বোঝা খুব জরুরি। পত্রিকার কলামে সেই জটিল সময়ের সব কুশীলবের চিন্তা ও আবেগের বিবরণ সম্ভব নয়। সে লক্ষ্য নিয়েই আমি ৭ নভেম্বরের পূর্বাপর ঘটনা নিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে ৩৫০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ বই লিখেছি ক্রাচের কর্নেল নামে। ৭ নভেম্বর যে হঠাৎ গজিয়ে ওঠা ঘটনা নয়, বরং একটি ঐতিহাসিক ধারাবাহিকতার ফল, সেই বিষয়টিই আমি আমার বইয়ে যথাসম্ভব অনুপুঙ্খ বিবরণের চেষ্টা করেছি। ধারণা করছি, মহিউদ্দীন আহমেদ সেই বইটি সম্পর্কে অবগত নন। কারণ, তিনি যেসব তথ্য উপস্থাপন করেছেন, তার প্রায় সবই আমার সেই বইটিতে আছে। পত্রিকার কলামে আমি শুধু এই বিষয়টির ওপরই আলোকপাত করতে চেয়েছি যে তাহের ও জিয়ার সম্পর্কের পরিণতি কোনো ব্যক্তিগত আক্রোশের ফল নয়, বরং দুটি আদর্শের দ্বন্দ্বের পরিণাম। এই পরিণাম বাংলাদেশের রাজনীতির গতিপথকে কীভাবে পরিবর্তন করেছে, তার দিকেই শুধু পাঠকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু এই ঘটনার পূর্বাপর সব কুশীলবের কর্মকাণ্ডের প্রেক্ষাপটের বিবরণের জন্য দীর্ঘদিনের গবেষণার ওপর ভিত্তি করে লেখা আমার উল্লেখিত বইটি পাঠের অনুরোধ রইল তাঁর কাছে।

শাহাদুজ্জামান, নিউ ক্যাসেল, যুক্তরাজ্য।