প্রতিমন্ত্রীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মে, ২০১৪ তারিখের দৈনিক প্রথম আলো সম্পাদকীয় কলামে ‘রিহ্যাবের পকেট কমিটি’ শিরোনামে সম্পাদকীয়টির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

‘রিহ্যাবের পকেট কমিটি’ শিরোনামে যে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে সেটির উপশিরোনামেই প্রশ্ন করা হয়েছে ‘ব্যবসায়ী সংগঠন নিয়ন্ত্রণ কি প্রতিমন্ত্রীর কাজ?’ এ প্রশ্নের মধ্যেই রয়েছে এ সম্পাদকীয়র সব উত্তর। বাংলাদেশের দুর্দশাগ্রস্ত বিদ্যুৎ খাতকে জননেত্রী শেখ হাসিনা একটি মজবুত অবস্থানে রেখেছেন। বিদ্যুৎ খাতকে আগামী দশকে কীভাবে আরও শক্তিশালী অবস্থানে রাখা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার আগের অবস্থান (রিহ্যাবের সভাপতি) নিয়ে ভাবার সময় নেই। রিহ্যাবের কার্যক্রম তার নিজস্ব গতিতে চলবে।

সম্পাদকীয় কলামে উল্লেখ করা হয়েছে, ‘রিহ্যাবের কমিটি গঠনের এখতিয়ার ওই সংস্থার সদস্যদের; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নয়। সই জাল করে বা সাদা কাগজে সই নিয়ে মনোনয়নপত্রগুলো কারা বাতিল করিয়েছেন, সেটি পরীক্ষা করে দেখার দায়িত্ব নির্বাচন বোর্ডের৷’ সম্পাদকীয়র এ অংশেই স্পষ্ট করা হয়েছে রিহ্যাবের স্বকীয়তা। সেখানে এ সংগঠনের বাইরের কারোর হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এতে আমার হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না। ফলে প্রতীয়মান হয়, এ সম্পাদকীয় উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে এসব করছে। রিহ্যাবের বর্তমানের কোনো কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। রিহ্যাবের কমিটিও হবে সে প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মে বিধায় আমি এ সম্পাদকীয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নসরুল হামিদ

প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা৷