প্রতিরক্ষানীতির আলোকেই সব হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

উল্লিখিত প্রতিবেদনের যেসব প্রণিধানযোগ্য মন্তব্য ছিল তা হলো, এই মুহূর্তে এত অস্ত্রের প্রয়োজন আছে কি না? প্রশ্ন উঠেছে, এসব ক্রয়ের বিষয় যেহেতু সংসদ অথবা কোনো ফোরামে আলোচনা হয় না, তাই স্বচ্ছতার অভাব থাকা অস্বাভাবিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রতিবেদনটিতে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে সামরিক বাহিনীর পরিচালনা, পরিবর্ধন ও কার্যকর রাখার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামরিক বাহিনীকে তার প্রাথমিক দায়িত্ব ‘দেশরক্ষার জন্য দিকনির্দেশনা দিতে ‘প্রতিরক্ষানীতির’ প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। প্রতিরক্ষানীতির অবর্তমানে এ ধরনের কেনাকাটার স্বচ্ছতার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন ও সংস্থাটির বক্তব্য প্রণিধানযোগ্য। টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল সামরিক বাহিনীর কেনাকাটার তথ্য জনসমক্ষে প্রকাশ বা আলোচনা না করাকে স্বচ্ছতার অভাবের কথা বলেছেন। অস্ত্র ক্রয়ের বিষয়টি সংসদে আলোচনা না করে গোপন রাখায় সম্ভাব্য দুর্নীতির সম্পৃক্ততার আশঙ্কাও করেছে টিআইবি।

পত্রিকার প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, বাংলাদেশে প্রতিরক্ষানীতি ব্যতিরেকে এত অল্প সময়ের মধ্যে এত অস্ত্র কিসের ভিত্তিতে ক্রয় করা হয়েছে? এই ক্রয়ের যৌক্তিকতাই বা কতখানি? অবশ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষানীতি চূড়ান্ত না হলেও ২০৩০ পর্যন্ত ‘ফোর্সেস গোল’ তৈরি করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এসব সরঞ্জাম সামরিক বাহিনীর চাহিদানুযায়ী ক্রয় করা হয়েছে। ‘ফোর্সেস গোলের’ বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে সংসদে একজন সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষামন্ত্রীও বটে, বলেছিলেন যে চার ধাপে এই ফোর্সেস গোল পূর্ণ করা হবে। প্রতিটি ধাপ হবে পাঁচ বছরের। এর মধ্যে দুটি নতুন আর্মি কমান্ড, একটি সম্পূর্ণ পদাতিক ডিভিশন, দুটি এয়ার ডিফেন্স ব্রিগেড, দুটি যন্ত্রচালিত ব্রিগেড এবং বেশ কিছু আর্মার, আর্টিলারি এবং ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জামাদিসহ প্রস্তুত করা হবে। অবশ্য ২০৩০ সালের মধ্যে এই ফোর্সেস গোল পূর্ণ করতে যে অর্থের প্রয়োজন হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। প্রতিবেদনে মুখ্য যে প্রশ্নটি করা হয়েছে বা প্রতিনিয়তই আলোচিত হচ্ছে, তা হচ্ছে প্রতিরক্ষানীতির অস্তিত্ব নিয়ে, যে নীতির মাধ্যমে নির্ধারিত হবে প্রতিরক্ষাসংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ের। প্রতিরক্ষানীতির মধ্য দিয়ে নির্ধারিত হয়ে থাকে ফোর্সেস গোল। এরই আওতায় নির্ধারিত হয় অস্ত্র ক্রয়ের উৎস, যা প্রধানত নির্ভর করে দেশের পররাষ্ট্রনীতির এবং আমাদের মতো দেশের জন্য ন্যূনতম মূল্যে মোটামুটি আধুনিক প্রযুক্তির অস্ত্রায়ণের তাগিদের ওপর।

দেশের প্রতিরক্ষানীতি প্রণীত হয় প্রতিরক্ষার সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি, দিকনির্দেশনা এবং সামরিক বাহিনীর পরিচালনার জন্য। প্রতিরক্ষানীতি নির্ধারণ করে দেশের প্রতিরক্ষার মূল লক্ষ্য(End) এবং ‘ফোর্সেস গোল’, নির্ধারিত হয় প্রতিরক্ষানীতি বাস্তবায়নের প্রক্রিয়া, যার মাধ্যমে মূল লক্ষ্য অর্জিত হতে পারে। ‘ফোর্সেস গোল’ প্রতিপালন করা নির্ভর করবে একটি দেশের অর্থনৈতিক সামর্থ্যের ওপর। কাজেই ফোর্সেস গোল’ প্রয়োজনের তাগিদ অনুযায়ী হয়ে থাকে, তবে সাধারণত বাস্তবায়িত হয় দেশের বাজেটের সামগ্রিক চেহারার ওপর (Budget Driven)। সে কারণেই বেশির ভাগ দেশে সময়সীমা বেঁধে দেওয়া হয় ‘ফোর্সেস গোল’ বাস্তবায়ন করার জন্য। অবশ্যই এই বাস্তবায়ন, আমাদের মতো দেশে, হতে পারে নিজস্ব অর্থে অথবা ঋণের অথবা অনুদানের অর্থে। আমাদের দেশে প্রতিরক্ষানীতির অবর্তমানে যে ‘ফোর্সেস গোল’ তৈরি করে এ সরকারের আমল থেকেই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, তাতে অর্থায়নে ঋণের অঙ্কটাই বড়। অবস্থাদৃষ্টে মনে হয়, এ বাস্তবায়ন হবে প্রয়োজনের তাগিদে (Need Driven), বাজেটের বাস্তবতায় (Budget Driven) নয়। আর প্রতিরক্ষানীতির আগেই ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে কথিত বা ধারণাকৃত প্রতিরক্ষার লক্ষ্য অর্জিত হবে কি না, তা নিয়েও বিতর্ক হতে পারে।

এ কথা অনস্বীকার্য যে একটি সার্বভৌম রাষ্ট্রের কাঠামোর অন্যতম অঙ্গ সামরিক বাহিনী, বিশেষ করে আধুনিক রাষ্ট্রের স্থিতিশীলতার প্রতীকও সামরিক বাহিনী। অনেক দেশ রয়েছে, যাদের সামরিক বাহিনীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করতে হয়নি। তথাপি ওই সব দেশের সামরিক বাহিনীতে আধুনিকায়ন থেমে থাকেনি। থেমে থাকেনি আধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ক্রয় বা তৈরীকরণ। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশ্বের দরবারে বাংলাদেশের ক্ষেত্রবিশেষে অবদান সর্বোপরি ক্রমপরিবর্তিত আঞ্চলিক কৌশলগত এবং ভূ-রাজনৈতিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বাংলাদেশ সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে বর্ধিত সমুদ্রসীমা ও সামুদ্রিক সীমার মধ্যের সম্পদের আহরণ ও ব্যবহারের নিরাপত্তার। তা ছাড়া বাংলাদেশের জন্য সমুদ্রপথ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দুটি বৃহৎ শক্তি চীন ও ভারতের মাঝামাঝি হওয়ায় বঙ্গোপসাগরের সামরিক গুরুত্ব অত্যধিক। গুরুত্ব আরও বেড়েছে মিয়ানমারের ভূ-রাজনৈতিক দিক পরিবর্তনের কারণে। মিয়ানমারে চীনের আধিপত্যের এবং বঙ্গোপসাগর ব্যবহারের কৌশলগত কারণ বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিবেচনায় রেখেই আমাদের প্রতিরক্ষানীতির আওতায় শুধু সেনাবাহিনীরই নয়, সমগ্র সামরিক বাহিনীর ‘ফোর্সেস গোল’ নির্ধারণ করা আবশ্যক। অবশ্য তা হতে হবে প্রতিরক্ষানীতির আওতায়।

এ কথা অনস্বীকার্য যে গত বছর দেশে গণতান্ত্রিক ধারার সরকার দেশ পরিচালনায় থাকলেও কোনো সরকারই দেশের প্রতিরক্ষানীতি প্রণয়ন সম্পন্ন করেনি। বিগত চারদলীয় জোটের শাসনকালে প্রতিরক্ষানীতির খসড়া প্রণয়নের দায়িত্ব সামরিক বাহিনীর কারিগরি কমিটিকে দেওয়া হলেও নীতি প্রণয়ন সম্পূর্ণ হয়নি। একই ধারা বহাল রয়েছে বর্তমান সরকারের আমলেও। এই নীতির অভাবেই আপৎকালীন অথবা দেশ প্রতিরক্ষায় বিভিন্ন বাহিনীর সমন্বয় এবং কর্মক্ষেত্র চিহ্নিত হয়নি। তেমনিভাবে গড়ে ওঠেনি বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান, যেগুলো প্রচলিত বেসামরিক যন্ত্রপাতি ছাড়াও আপৎকালীন সামরিক সরঞ্জামাদি প্রস্তুত করতে সক্ষম হবে। নীতির অভাবে পরিকল্পনা করা হয়নি বিভিন্ন স্থানে সামরিক কাজে ব্যবহার্য রসদসহ অন্য দ্রব্যাদির মজুতের জন্য অবকাঠামো তৈরির।

তাত্ত্বিক আঙ্গিকে প্রতিরক্ষানীতিই নির্ধারিত করবে কীভাবে এবং কতখানি প্রস্তুতির মাধ্যমে দেশের বিরুদ্ধে বৈদেশিক হামলার মোকাবিলা কত দিনের জন্য করা যাবে বা করতে হবে। নির্ধারিত করবে প্রতিরক্ষার লক্ষ্য। কাজেই প্রতিরক্ষানীতি ছাড়া যেকোনো প্রস্তুতি হতে পারে দিকভ্রষ্ট ও অযৌক্তিক। এমনই অভিমত পণ্ডিত ব্যক্তিদের।

প্রতিরক্ষানীতির মাধ্যমে যা নির্ধারিত হয়, সেগুলোর মধ্যে রয়েছে বেসামরিক-সামরিক সম্পর্ক, রাজনৈতিক সরকারের কর্তৃত্ব এবং নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবর্তনের জন্য সর্বোচ্চ নীতিনির্ধারক পর্যায়ের সংগঠন (Organization), নীতি বাস্তবায়নের জন্য পর্যবেক্ষণ পর্ষদ ইত্যাদি। এরই মাধ্যমে নির্ণীত তৈরি হয় সামরিক সরঞ্জামাদির ক্রয়, মজুত, প্রস্তুতকরণ এবং রক্ষণাবেক্ষণ করার নীতি। এই নীতির লক্ষ্য অর্জনে প্রণীত হয় সামরিক বাজেট এবং সর্বোপরি প্রতিরক্ষার যাবতীয় বিষয়ের ওপর স্বচ্ছতা, যার মধ্যে ক্রয় একটি বড় বিষয়।

আলোচিত পত্রিকায় টিআইবির উদ্ধৃতি দিয়ে যে দুটি মন্তব্যের উল্লেখ করা হয়েছে, তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যথেষ্ট যৌক্তিক। যদিও প্রতিরক্ষা ক্রয়ের একটি সুবিন্যস্ত কার্যপ্রণালি রয়েছে, তথাপি ক্রয়ে যথেষ্ট ফাঁফফোকর রয়েছে, যেগুলো নিয়ে সন্দেহের দানা বাঁধতেই পারে। যেহেতু এখনো নীতি প্রণীত হয়নি এবং ক্রয়ের বিষয়টি জনপ্রতিনিধিদের আলোচনার বাইরে, এমনকি সংসদীয় কমিটিতে আলোচিত হয় না, সেখানেই টিআইবির মতো অনেকেই প্রশ্ন তুলতে পারে। এর রেশ কখনোই সংশ্লিষ্ট রাজনীতিবিদদের ওপর বর্তাতে দেখা যায়নি। অথচ আমাদের দেশে রাজনৈতিক সরকার পরিবর্তিত হলেই প্রতিরক্ষা ক্রয় নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি সামরিক বাহিনীর কর্মকর্তাদের দায়ী করে দণ্ড দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ঘটেছে চাকরিচ্যুতির মতো বহু ঘটনা। বহু উদাহরণ রয়েছে এ ধরনের ক্রয় এবং ক্রয়-পরবর্তী দোষারোপে অহেতুক শাস্তির। এ দেশে একমাত্র সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া প্রতিরক্ষা ক্রয়ের অস্বচ্ছতা এবং দুর্নীতির জন্য আর কোনো রাজনীতিবিদকে এমনভাবে শনাক্ত হতে দেখা যায়নি।

প্রশ্ন থাকে যে প্রতিরক্ষানীতি থাকলেই কি সামরিক খাতে অপচয়, দুর্নীতি অথবা অস্বচ্ছতা দূরীভূত হয়? তেমনটাও নয়। ভারতের সুনির্দিষ্ট প্রতিরক্ষানীতি এবং নীতির আওতায় রাজনৈতিক সরকারকাঠামোতে কার্যকর সংগঠন (Organization) থাকা সত্ত্বেও দুর্নীতির বহু অভিযোগ উঠেছে এবং অনেক ক্ষেত্রে প্রমাণিতও হয়েছে, তবু প্রতিরক্ষানীতির আওতায় সামরিক বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাজনৈতিক সরকার এবং এর মাধ্যমে সংসদের আওতায় থাকাতে অস্বচ্ছতা ও দুর্নীতির মতো বিষয়গুলো জনসমক্ষে প্রকাশিত হয়েছে। ভারতে এসব দুর্নীতির দায়দায়িত্ব বেশির ভাগই বর্তেছে রাজনৈতিক নীতিনির্ধারকদের ওপর। আগেই আলোচিত হয়েছে যে সামরিক বাহিনী পরিচালনা, নীতিনির্ধারণ—এসবই গণতান্ত্রিক দেশে একটি সুনির্দিষ্ট নীতির আওতায় গণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণেই থাকে। কাজেই সরকারকেই জবাবদিহির সম্মুখীন হতে হয়। প্রতিরক্ষানীতির মাধ্যমে সামরিক বাহিনীর ওপর গণতান্ত্রিক সরকারের যৌথ নিয়ন্ত্রণ স্থাপিত হয়। এক ব্যক্তির নিয়ন্ত্রণ নয়, যা বাংলাদেশে প্রতীয়মান। কাজেই প্রতিরক্ষানীতির মাধ্যমে সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

যেমনটা বলেছি, সামরিক বাহিনীর আধুনিকায়ন যথেষ্ট ব্যয়বহুল এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের দেশের সামরিক সরঞ্জামাদি শুধু আধুনিকায়নের জন্যই নয়, অনেক সময় অনেক অস্ত্র-সরঞ্জাম জাতিসংঘের মিশনের জন্যও ক্রয় করা হয়, যা আলাদা নীতির মাধ্যমে সম্পন্ন করা হয়। কারণ এর সমুদয় অর্থ ভাড়া বাবদ ফেরত পাওয়া যায়। তবে অবশ্যই আধুনিকায়ন হতে হবে একটি সুনির্দিষ্ট নীতির মাধ্যমে প্রতিরক্ষার অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য। বাংলাদেশে, একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিরক্ষানীতি প্রণয়নের বিকল্প নেই। আশা করা যায়, রাজনৈতিক সরকার এ বিষয়ে আশু পদক্ষেপ নেবে এবং দেশের সামরিক বাহিনী রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতির মাধ্যমে পরিচালিত হবে।

এম সাখাওয়াত হোসেন (অব.): অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক।