প্রতিশ্রুতি বাস্তবায়ন কত দূর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা দুর্ঘটনার নয় মাস পার হয়েছে। সাময়িক প্রতিকার হয়তো হয়েছে, কিন্তু শ্রমিকের প্রয়োজন তাতে মেটেনি। আজ নয় মাস পর এসব শ্রমিকের বা তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, শ্রমিকদের দীর্ঘমেয়াদি প্রয়োজনের বিষয়গুলো সুরাহা না হওয়ায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
বর্তমান নিবন্ধে রানা প্লাজা দুর্ঘটনার শ্রমিকদের জন্য প্রয়োজনীয় কয়েকটি বিষয়ে আলোকপাত করছি।
প্রতিশ্রুত সাহায্য প্রদান কত দূর?: সরকারের পক্ষ থেকে ৭৭৭ জন মৃত শ্রমিকের সৎকারের জন্য পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে এবং এককালীন এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বিজিএমইএ দুই হাজার ৭৮৫ জন শ্রমিকের বেতন-ভাতা বাবদ সাত কোটি ছয় লাখ টাকা দিয়েছে। স্থানীয় প্রশাসন থেকে শ্রমিকপ্রতি পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক দুই দফায় শ্রমিকদের ছয় মাসের মূল মজুরি বাবদ অর্থ প্রদান করেছে। এর বাইরে প্রথম আলোসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি সাহায্য প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনার শিকার শ্রমিক ও পরিবারগুলোর জন্য প্রকারভেদে ১০-১৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ার কথা। এ পর্যন্ত পেয়েছেন মাত্র ৪০ জন। দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার অভাবে আজ এসব হতভাগ্য শ্রমিকের পরিবার, আহত শ্রমিক এবং হারানো শ্রমিকের পরিবার অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। এ মুহূর্তে উচ্চ আদালতের নির্দেশনায় শ্রমিকদের ক্ষতিপূরণ হিসাব করার একটি উদ্যোগ চলছে। এতে ক্ষতিপূরণ বরাদ্দ মৃত শ্রমিকের পরিবারকে ১৪ লাখ ৫০ হাজার টাকা করে এবং অঙ্গহানি হয়েছেন এমন শ্রমিককে সাত লাখ ৫০ হাজার টাকা করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে চারটি ক্রেতাপ্রতিষ্ঠান প্রাইমার্ক, লবল, বোনমার্ক ও এলকোর্টে মিলে শ্রমিকদের সহায়তা তহবিলে ৩২০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। বর্তমানে এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কাজ চলছে। দুঃখজনক হলো, দেশীয় পর্যায়ে এ উদ্যোগে কোনো পক্ষ এগিয়ে আসেনি।
আহত শ্রমিকদের সুচিকিৎসা : দুর্ঘটনার অব্যবহিত পরে প্রাথমিক পর্যায়ে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তী সময়ে অনেক শ্রমিককে উচ্চ ব্যয়ে চিকিৎসা করাতে হয়েছে এবং এখনো করাতে হচ্ছে। বিলস, সাভার সিআরপি এবং সিডিডির মতো প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে শ্রমিকদের বিনা মূল্যে/স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করেছে। এসব উদ্যোগ প্রশংসনীয় হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেক আহত শ্রমিকের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আশার কথা, যাঁদের অঙ্গহানি হয়েছে এমন ৩৯ জনকে অঙ্গ দান করা হয়েছে। কিন্তু এসব কৃত্রিম অঙ্গ দিয়ে ন্যূনতম দৈনন্দিন কাজ চললেও কারখানায় কাজ চালানোর জন্য তা উপযোগী নয়। আবার এসব কৃত্রিম অঙ্গ পুনঃস্থাপনের প্রয়োজন হয় দু-তিন বছর পরপর। ফলে বাস্তবভিত্তিক এবং দীর্ঘমেয়াদি প্রয়োজনের নিরিখে শ্রমিকদের অঙ্গ পুনঃস্থাপনের বিষয়টি নজরে রাখা দরকার। চিকিৎসাজনিত কর্মকাণ্ড অধিকাংশই ঢাকা এবং সাভারকেন্দ্রিক। কিন্তু আহত শ্রমিকদের অনেকে গ্রামে চলে গেছেন এবং এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ মেয়াদে আহত শ্রমিকদের সুচিকিৎসা এখনো নিশ্চিত করা যায়নি।
শ্রমিকদের পুনর্বাসন/পুনর্নিয়োগ?: এ পর্যন্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্বল্পসংখ্যক শ্রমিকের জন্য কাজের ব্যবস্থা করা গেছে, যেমন সরকার প্রতিশ্রুত ১০০ জন শ্রমিকের মধ্যে ৩২ জনকে চামড়াশিল্প কারখানায় নিয়োগের জন্য আইএলও প্রশিক্ষণ দিয়েছে। বিজিএমইএ ৭০ জন শ্রমিককে বিভিন্ন কারখানায় পুনর্নিয়োগ করেছে। বিলস ১০ জন শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেড ৩০০ জন দুর্ঘটনার শিকার নারীর জন্য প্রশিক্ষণ এবং কাজের ব্যবস্থা করেছে। এসব উদ্যোগের সঙ্গে সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জড়িত। কিন্তু মনে রাখা দরকার, বিপুলসংখ্যক শ্রমিক এখনো কাজে যোগদান করতে পারেননি বা যোগদানের জন্য উপযোগী অবস্থায় পৌঁছাননি। ফলে শ্রমিকদের কর্মক্ষম অবস্থায় ফিরিয়ে নিয়ে কাজের ব্যবস্থা করা আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ।
এতিম শিশুদের অবস্থা কী: দুর্ঘটনার শিকার এতিম শিশুর সংখ্যা প্রায় ৭০০। এসব শিশু উপযুক্ত পরিবেশ এবং সহায়তা না পেলে তাদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। এ ক্ষেত্রে বিজিএমইএ ২৮৫ জন এতিম শিশুর দায়িত্ব নিয়েছিল ২১ বছর পর্যন্ত তাদের সব দৈনন্দিন, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি খরচ বহন করার জন্য। কিন্তু জানা গেছে, মাত্র ৩০ জন এতিম শিশু নিজেদের আত্মীয়-পরিজন ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হয়েছে। ‘শ্রীপুর’ গ্রামে বিদেশি সহায়তায় ১৩৮ জন শিশুর সার্বিক ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আহছানিয়া মিশন, অ্যাকশনএইড, ভার্ক, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা সহায়তা দিচ্ছে শিশুদের। তার পরও অনেক শিশু সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে প্রতীয়মান হয়।
আইনগত প্রতিকার: দুর্ঘটনার পর বিভিন্ন তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন মহলের চাপে দুর্ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছিল। সে অনুযায়ী সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিআইডি এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। সাম্প্রতিক সময়ে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অভিযোগ গঠনের ক্ষেত্রে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুকে অপরাধ হিসেবে রায় দেওয়াকে রানা প্লাজা দুর্ঘটনার ক্ষেত্রে অভিযোগ গঠনের ক্ষেত্রে উপাত্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সার্বিক বিবেচনায়, রানা প্লাজার হতভাগ্য শ্রমিক ও অন্যদের জন্য প্রথম ১০০ দিনের যে আশু উদ্যোগ এবং ত্বরিত তৎপরতা দেখা গিয়েছিল, তার ধারাবাহিকতা পরবর্তীকালে ধরে রাখা যায়নি। প্রয়োজন এমন উদ্যোগ, যেখানে সব মৃত শ্রমিকের পরিবার, সব আহত শ্রমিক, সব কর্মহীন শ্রমিক, সব অনাথ এতিম শিশু এবং উদ্ধারকর্মী যাদের সহায়তা প্রয়োজন এবং যেসব পরিবার এখনো তাদের সন্তান/আত্মীয়কে খুঁজে পাননি—সবাই যেন অন্তর্ভুক্ত হন।
শ্রমিকদের দৈনন্দিন জীবন-জীবিকার প্রয়োজনের বিষয়ে এবং চিকিৎসার বিষয়ে দীর্ঘসূত্রতায় যেন তাঁদের পরিবার এবং সন্তানদের জীবনের বর্তমানের অনিশ্চয়তা প্রলম্বিত না হয়, সেদিকে সবার লক্ষ রাখা দরকার।
খন্দকার গোলাম মোয়াজ্জেম: অতিরিক্ত গবেষণা পরিচালক, সিপিডি।