প্রতিষ্ঠানটিকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার অন্তর্গত ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম বনিয়ামে অবস্থিত ‘কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা’ কুড়িগ্রাম জেলার একটি অন্যতম প্রতিষ্ঠান। এখান থেকে প্রতিবছরই বিভিন্ন পরীক্ষায় ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এখানকার অনেক মেধাবী ছাত্রছাত্রী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। ফলে এই এলাকায় প্রতিষ্ঠানটি শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি আলোকবর্তিকাস্বরূপ।
শিক্ষায় অনগ্রসর দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির কথা চিন্তা করে প্রায় এক যুগেরও বেশি সময় আগে কয়েকজন তরুণ মিলে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সরকারের বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচির আগ পর্যন্ত সবাই বিনা মূল্যে বই ও বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পেত। আর এর সবকিছুর ব্যয়ভার বহন করতে হতো তরুণ শিক্ষকদের নিজস্ব তহবিল থেকে। শুরুতে প্রতিষ্ঠানটি অনেক ভালো চললেও দীর্ঘদিন অপেক্ষার পরও এমপিওভুক্ত না হওয়ায় এবং কোনো সরকারি অনুদান না পাওয়ায় আজ এটি চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে।
এখানকার অনেক শিক্ষকই জীবিকা নির্বাহের জন্য পাঠদানের পাশাপাশি কৃষিকাজ করে থাকেন। অনেকে আবার চাকরি নিয়ে অন্যত্র চলে গেছেন। এ ছাড়া, প্রতিষ্ঠানটি কাঠামোগত সমস্যাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। ফলে আজ প্রতিষ্ঠানটি তার স্বাভাবিক কাজকর্ম পরিচালনায় ব্যর্থ হচ্ছে।
এমতাবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই আলোকবর্তিকাটি যাতে নিভে না যায়, সে লক্ষ্যে করণীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. আ. রহিম মিয়া
সমাজকল্যাণ বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।