প্রত্নস্থলগুলো বিলুপ্ত হওয়ারআগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার কলেজ-জীবনের এক সহপাঠী সরকারের সচিব হয়ে এখন অবসরে গেছেন। কিছুদিন থেকে রাজশাহীতে আছেন। কথায় কথায় একদিন শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী কবি রজনীকান্ত সেনের বাসভবন ভেঙে ফেলায় আমি দুঃখ প্রকাশ করছিলাম—কত বড় ক্ষতি হয়ে গেল। আমার কথা শুনে বন্ধুটি প্রচণ্ড রকম খেপে উঠল। আমাদের নাকি একটা বড় দোষ ভগ্নপ্রায় বাড়িঘর নিয়ে বাড়াবাড়ি করা। তাঁর কথা, ভবন ধসে গিয়ে যেকোনো সময় সাভারের মতো দুর্ঘটনা ঘটতে পারে। আমি তাঁকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে এ শ্রেণীর ভবন-ইমারত জাতীয় সম্পদ। খ্যাতিমান ব্যক্তিদের স্মৃতিবিজড়িত এসব স্থাপনা সারা পৃথিবীতে সংরক্ষণ করা হচ্ছে। জাতিসংঘের সংস্থা ইউনেসকো বলেছে, সদস্যদেশগুলো তাদের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য ঐতিহ্যবাহী ইমারতগুলো অবশ্যই সংরক্ষণ করবে। কনভেনশনের মাধ্যমে তারা এ নিয়ে আইন তৈরি করেছে। তবুও বন্ধুটি ভবন ভেঙে ফেলে ভালো করা হয়েছে বলেই তাঁর সিদ্ধান্তে অটল রইলেন।

দুঃখজনক হলেও সত্য যে এমন বহু ইমারত-বাসভবন ভেঙে ফেলা হয়েছে। উপাসনালয় পর্যন্ত এর বাইরে নয়। যুক্তি, পুরোনো ভবন ভেঙে পড়বে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। দেশের অতীতের ঠিকানার বারোটা বাজুক, তাতে ভ্রুক্ষেপ নেই। তবে সব পুরোনো ভবন ভেঙে ফেলার বিরুদ্ধাচরণ করছি না, কেবল যেগুলোর ইতিহাসের সিলমোহর সাঁটা আছে, সেগুলো নিয়েই তো প্রশ্ন। সেই কয়টি ভবন জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করার দায়িত্ব সরকারের। বৈজ্ঞানিক উপায়ে তার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়ারও যথেষ্ট সুযোগ রয়েছে।

পুরাকীর্তির নিদর্শন আদতেই ইতিহাস ও ঐতিহ্যের শিকড়। আমাদের দেশে বিভিন্ন জায়গায় পুরাকীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, জগদ্দল মহাবিহারের মতো আরও অনেক প্রত্ন অঞ্চল রয়েছে, যেগুলোর বিজ্ঞানভিত্তিক খনন করা অত্যন্ত জরুরি; যেখান থেকে অতীতের অনেক নতুন তথ্যের সন্ধান পাওয়া যাবে।

ব্রিটিশ আমলে প্রত্নতত্ত্ব বিভাগের শনাক্ত করা অনেক প্রত্নস্থলের এখন হদিস খুঁজে পাওয়া ভার। এসব জায়গার প্রত্নপীঠ ঢিবিগুলো কেটে ফসলি জমি বানানো হয়েছে। কয়েকটি দৃষ্টান্ত দিই। চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুরের ঐতিহাসিক ‘নওদা বুরুজ’-এর ঢিবির অংশবিশেষ কেটে ফল চাষের জন্য খামার তৈরি করা হয়েছে। ঐতিহাসিকদের কেউ কেউ মতামত ব্যক্ত করেছেন, মহানন্দা ও পুনর্ভবা নদীর সংগমস্থল এই স্থানেই ছিল সেনরাজ বিজয় সেনের পৌত্র লক্ষণ সেনের রাজধানী নওদা। মিনহাজ-ই-সিরাজ তাঁর তবকাৎ-ই-নাসিরী গ্রন্থে একেই ‘নওদীহ’ নামে উল্লেখ করেছেন। বুরুজ, প্রাচীন দেয়ালের ভিত্তি, ইট ও প্রাপ্ত পুরাকীর্তি থেকে ওই ঐতিহাসিকেরা ধারণা করছেন, এখানেই প্রাচীন সেই নগর ছিল। নওগাঁর ধামইরহাটের মাহিসন্তষে গিয়ে বোঝার উপায় নেই যে স্থানটি মুসলিম শাসনামলে বারবাকাবাদ পরগনা ছিল। সুলতান রুকন উদ্দীন বারবাক শাহর ‘বারবাকাবাদ টাঁকশাল’ ছিল এখানেই। দুই দশক আগেও ওই টাঁকশালের কিছু অংশ টিকে ছিল। সেখানে এখন বসতবাড়ি নির্মাণ করে বাস করছে স্থানীয় লোকজন। তাদের ঘরের দেয়ালে লাগানো রাশি রাশি পুরোনো ইট টাঁকশালের ইতিহাস এখনো বহন করছে। রাজশাহী শহরের অদূরে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর ছিল সেনরাজ বিজয় সেনের রাজধানী। যদিও এর বড় অংশ বহু আগেই পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে, সেই প্রাচীন রাজধানীর অনেক স্মৃতিচিহ্ন এখনো রয়ে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ‘উপর বাড়ি’খ্যাত স্থাপনার ইটের ভিত তুলে ফেলে নতুন করে নিজেদের জন্য ঘর তৈরি করছে পদ্মার ওপারের চর থেকে আসা লোকেরা। রাজশাহী শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে মান্ডৈল প্রত্নপীঠ। ১৯২৯ সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আংশিক খননকাজ সম্পাদন করে বেশ কিছু পুরাকীর্তির নিদর্শন এখান থেকে উদ্ধার করেছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ধাতুর তৈরি শিল্পসুষমামণ্ডিত বিরল জৈন ভাস্কর্য।

বিবরণ প্রণয়ন, নীলকুঠি স্থাপনের জন্য সুবিধাজনক স্থান নির্বাচন ও ভূমি জরিপের নকশা প্রণয়নের কাজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিলিয়ানরা এ দেশ চষে বেড়িয়েছেন। আলেকজান্ডার কানিংহাম, এস মার্টিন, এইচ বেভারেজ, বুকানন হ্যামিলটন, ও’ডোনেল, সি টি মেটকাফে প্রমুখ তৎকালীন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এ দেশের সব প্রত্নস্থল তখন শনাক্ত করে গেছেন। পরে তাঁরা এবং এ দেশীয় কিছু পণ্ডিতও এসব কাজে সঙ্গী হন।

সম্প্রতি নরসিংদীর ‘উয়ারী-বটেশ্বর’, পঞ্চগড়ের ‘ভিতরগড়’ দিনাজপুরের ‘ঘোড়াঘাট’ ও মুন্সিগঞ্জের শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের ‘বজ্রযোগিনী’ গ্রামে প্রত্নতাত্ত্বিক উৎখননকাজ চলছে। সরকারি নয়, অনেকটা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ওই উৎখননে প্রাপ্ত তথ্য-উপাত্তের দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে স্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনামলে শনাক্তকৃত এ ধরনের বহু প্রত্নস্থল রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। সেখানে এভাবে বিজ্ঞানভিত্তিক উৎখনন করলে আরও যে কত অজানা ইতিহাসের শুভসূচনা হবে, তা কেবল ভবিষ্যৎই বলতে পারে।

আমাদের প্রাচীন ইতিহাস অসম্পূর্ণ। মৌর্য শাসন এ দেশে বলবৎ ছিল। কিন্তু শুঙ্গ ও কুষাণ শাসকদের সাম্রাজ্যভুক্ত এ দেশ ছিল কি না, তা জানা যায় না, কোনো তথ্য-উপাত্ত নেই। পুণ্ড্রনগরের ‘পুণ্ড্র’ জনগোষ্ঠীর পরিচয় পাওয়া গেলেও ‘ঐতরেয় আরণ্যক’ কিংবা ‘শতপথব্রাহ্মণ’-এ উল্লেখিত বঙ্গের অনার্য জনগোষ্ঠীর প্রমাণ কোথায়? এসব জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্য এবং দেশের প্রাচীন ইতিহাসের পুনর্গঠনের প্রয়োজনে প্রত্নস্থলগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি। এখনো কিছুটা সুযোগ আছে। প্রত্নস্থলগুলো হারিয়ে গেলে কিন্তু করার আর কিছুই থাকবে না। সরকারকেই এ কাজ করতে হবে বিশ্বস্ততার সঙ্গে।

সাইফুদ্দীন চৌধুরী: গবেষক, অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।