প্রতিদ্বন্দ্বিতা আর অংশগ্রহণই নির্বাচনের সৌন্দর্য। চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফায় গত বুধবার যে ৯৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলো, তাতে বিষয়টি আবার প্রমাণিত হলো। বিচ্ছিন্ন কিছু অঘটন ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, জনগণের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, পরিবেশ ছিল উৎসবমুখর। উপজেলা পরিষদের এই প্রথম দফা নির্বাচনকে আমরা স্বাগত জানাই। পরবর্তী ধাপে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, সেগুলোও অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানই এখন পরবর্তী চ্যালেঞ্জ।
স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হয় না। কিন্তু এর পরও এই নির্বাচন রাজনৈতিকভাবে খুবই গুরুত্ব বহন করে এবং প্রার্থীদের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকে। বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের তুলনায় বিএনপি ভালো করছে। এই ফলাফল বিএনপির সামনের কর্মপরিকল্পনা ঠিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, সন্দেহ নেই। অন্যদিকে এই নির্বাচনী ফলাফল আওয়ামী লীগের জন্যও একটি বার্তা হিসেবে কাজ করবে।
প্রথম দফা এই নির্বাচনের ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায়, তৃতীয় ধাপে আগামী ১৫ মার্চ ৮৩ উপজেলায়, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২টি উপজেলায় ও পঞ্চম ধাপে ৩১ মার্চ ৭৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাকি ১২টি উপজেলার নির্বাচন হবে ষষ্ঠ দফায়। প্রথম দফার নির্বাচন বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী ধাপগুলোতেও যাতে ত্রুটিমুক্ত হয়, তা নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশন ও সরকারকেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
আগামী মার্চের শেষ নাগাদ উপজেলাগুলোর নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, উপজেলা পরিষদকে শক্তিশালী করা। আমরা বারবার এই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আসছি। কারণ, স্থানীয় সরকারের এই স্তরটিকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে। ফলে উপজেলা পরিষদ কার্যকর করার উদ্যোগ নেওয়া না হলে চূড়ান্ত বিচারে এই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।