প্রধান বিচারপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলম্বিত বিচার মানে বিচার প্রত্যাখ্যাত হওয়া। আবার চটজলদি বিচার মানে সমাহিত বিচার। তবে যা সুষ্ঠু বিচার তা অহেতুক বিলম্বিত হবে না। বাংলাদেশের বিচারব্যবস্থা দীর্ঘকাল ধরে দীর্ঘসূত্রতা ও মামলাজটে ভুগছে। সে কারণে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে—এই প্রবাদ অনেক জনপ্রিয় এবং বহুল উচ্চারিত।
বাংলাদেশ সংবিধানে দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি স্বাধীন আদালতে দ্রুত বিচার লাভের অধিকারী। নাগরিকের এই অধিকার মৌলিক সাংবিধানিক অধিকার। কিন্তু সংবিধানেই আদালতের স্বাধীনতার বিষয়ে অসংগতি রয়ে গেছে। মাসদার হোসেন মামলার রায় আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে নির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাহাত্তরের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়নি। সেই অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ কেবল সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়েছিল। ১৫তম সংশোধনীতে সেসব রায় অগ্রাহ্য করে এসব ক্ষেত্রে চাতুর্যপূর্ণ সরকারি নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য যে বিচার বিভাগের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ বহাল রাখা, তাতে সন্দেহ নেই।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নিম্ন আদালতের বিচারকদের দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলে প্রকারন্তরে নাগরিকের সাংবিধানিক অধিকারের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। জামিন, নারাজি, রিমান্ড ও সিআর মামলার বিষয়ে এজলাসেই সিদ্ধান্ত দেওয়ার পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট সুপারিশ সবিনয়ে নিবেদন করি। যেমন, জামিন ও রিমান্ড প্রদানে হাইকোর্ট ও আপিল বিভাগের একাধিক রায় রয়েছে। উভয় বিভাগের রায় সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের জন্য অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু রায়ের নির্দেশনা বিষয়ে বিভিন্ন সময়ে অস্পষ্টতা এবং দ্ব্যর্থবোধকতা লক্ষ করা যায়।
নিম্ন আদালত অহরহ রিমান্ডসংক্রান্ত রায় অগ্রাহ্য করে থাকেন। এর অপনোদনে সুপ্রিম কোর্ট এসব জরুরি বিষয়ের রায়গুলো গ্রন্থিত করে একটি হ্যান্ডবুক আকারে বিচারকদের মধ্যে বিলি করতে পারেন। ফুল কোর্টের বিশেষ সভায় দ্রুত বিচার নিশ্চিত করার পথের বাধাগুলো চিহ্নিত ও এর প্রতিকারে জরুরি উদ্যোগ বাঞ্ছনীয়। অনেকে মনে করেন, এ ধরনের বার্ষিক সম্মেলনের গতানুগতিকতা পরিহার করা সময়ের দাবি। সুপ্রিম কোর্টকেই এর নেতৃত্ব দিতে হবে।