বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ২০০৯ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে অবসরভোগী পেনশনারদের পেনশন ও চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণ করে একটি অধ্যাদেশ জারি করে। পরিতাপের বিষয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা ওই গেজেট অদ্যাবধি কার্যকর করেনি। অথচ ২০০৫ সালের ২৬ জুন অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা একই ধরনের আদেশ বিমান কর্তৃপক্ষ সহজেই কার্যকর করে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০০৫ সালের জারি করা আদেশ কার্যকর করা হলে ২০০৯ সালের আদেশ কার্যকর করতে বাধা কোথায়, তা বোধগম্য নয়।
দ্বিতীয়ত, পরিচালক প্রশাসন কর্তৃক জারি করা প্রশাসনিক আদেশে সব অবসরভোগীর জন্য ১৫টি আজীবন প্রাপ্য রেয়াতি টিকিট বরাদ্দ করে। দুঃখের বিষয়, বিমান কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই রেয়াতি টিকিটপ্রাপ্যতা থেকে ১৯৯৮ সালের আগের অবসরভোগীদের বঞ্চিত করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অবসরভোগী কর্মকর্তা বা কর্মচারীদের বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন-নিবেদন করেও এখন পর্যন্ত কোনো ফল পায়নি।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিমানের অসহায় অসুস্থ, অক্ষম ও অবসরভোগীদের ন্যায্য পাওনা বর্ধিত পেনশন, চিকিৎসা ভাতা ও রেয়াতি টিকিট দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানাই।
শফিউল ইসলাম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা
বিমান বাংলাদেশ এয়ারলাইনস।