প্রধানমন্ত্রীর প্রতি
কিন্তু কোনো কোনো সময় একই ক্ষেত্রে বৈষম্য দেখলে খারাপ লাগে বৈকি। বিষয়টি হলো, ২০০৯ সালে যখন মুক্তিযোদ্ধা গণকর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছিল; তখন এলপিআর ভোগরত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা সেই সুযোগ ভোগ করেছেন। অপর দিকে অন্য সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি থেকে অবসরের বয়স যখন ৫৭ থেকে ৫৯ করা হয়েছে, তখনো এলপিআর (পিএলআর) ভোগরত চাকরিজীবীরা ওই সুবিধা পেয়েছেন। বর্তমানে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দেশ পরিচালনা করছে এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়গুলো সুজনরে দেখছে।
গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসরের বয়স ৬০ বছর ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি ৬ ডিসেম্বর অধ্যাদেশ নম্বর ১০/২০১২ জারি করে সেটা কার্যকর করেছেন। ওই অধ্যাদেশ জারির তারিখ পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী এলপিআর-পিএলআর ভোগ করেছিলেন, তাঁরা ৬০ বছর বয়স বৃদ্ধির সুবিধা পাবেন কি না, তা সংশ্লিষ্ট গেজেট বিজ্ঞপ্তিতে ধোঁয়াশাপূর্ণ। তাই আমরা যারা ৬ ডিসেম্বরের আগ থেকে পিএলআর ভোগরত ছিলাম, তাঁরা যাতে ৬০ বছর চাকরির বয়স বৃদ্ধির সুবিধা পেতে পারি, সে ব্যাপারে নির্দেশনা জারির জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তাঁর সদয় হস্তক্ষেপ কামনা করছি।
মুক্তিযোদ্ধা কর্মচারী, পাবনা জেলা প্রশাসন, পাবনা।