প্রধানমন্ত্রীর প্রস্তাব দুই মেয়াদ পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দল নিয়ে নির্বাচনী সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তা অভিনন্দনযোগ্য। বাংলাদেশে সংসদ নির্বাচনকালীন সরকারকাঠামো নিয়ে একটা বিতর্ক থেকেই যাচ্ছিল। সবাই অনুভব করেন, এর স্থায়ী অবসান হওয়া দরকার। প্রধানমন্ত্রীর প্রস্তাব এই সমস্যা সমাধানে একটা বড় অগ্রগতি। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে বর্তমান ও আগামী—মোট দুই মেয়াদ সংসদ নির্বাচনের জন্য এটা প্রযোজ্য হবে না। বর্তমান ও আগামী মেয়াদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আশা করা যায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচিত দুই মেয়াদ সরকার, সংসদে বিরোধী দল, ক্ষমতাসীন দল, সংসদ সদস্যরা, স্থানীয় সরকার, সরকারি প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ—প্রত্যেকে নিজ নিজ আইন অনুযায়ী এবং গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। এর বড় রকমের ব্যত্যয় কোথাও হলে দুই টার্মের পরেও নাগরিক সমাজ ও বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তৃতীয় টার্মও সংসদ নির্বাচনের দাবি তুলতে পারে। তবে আশা করা যায়, সে রকম পরিস্থিতি ১০ বছর পর আর হবে না। নানা তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বড় দুটি রাজনৈতিক দল, সংসদ সদস্যরা, মন্ত্রীরা, সরকারি আমলারা, বিচার বিভাগ, পুলিশ, র‌্যাব—প্রত্যেকেই নিজ নিজ আইন ও বিধি দ্বারা পরিচালিত হওয়ার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠবে। ১০ বছরের মধ্যে আমাদের দেশের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি শতভাগ না হলেও অনেকাংশে গণতান্ত্রিক রীতিনীতি দ্বারা পরিচালিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তা এখনো ধারণামাত্র। সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। এখন আগামী সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্তরে আলোচনা ও বিতর্ক করে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার উপযোগী করে চূড়ান্ত রূপ দেওয়ার দায়িত্ব রাজনীতিক ও নাগরিকদের। এখন যদিও এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, তবু প্রসঙ্গটা যখন উঠলই, তখন এই প্রস্তাব নিয়ে মোটা দাগে কয়েকটি প্রশ্ন তোলা যেতে পারে। বিস্তারিত আলোচনার সময় এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে হবে। হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগই এই প্রশ্নগুলোর একটা জবাব দিতে পারবে। যেমন: ১. সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী কে হবেন? ২. সর্বদল মানে কারা? সংসদে প্রতিনিধিত্ব যাঁরা করছেন তাঁরা, নাকি যাঁরা বিগত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, তাঁরাও? ৩. নাকি নিবন্ধিত সব রাজনৈতিক দল? ৪. জামায়াতে ইসলামী নিষিদ্ধ না হলে তারাও কি এর অন্তর্ভুক্ত হবে? ৫. মন্ত্রিসভার সদস্যসংখ্যা সর্বোচ্চ কত হবে? ৬. তাঁরা কি মন্ত্রীর সব ক্ষমতা ও প্রটোকল ভোগ করতে পারবেন? ৭. মন্ত্রণালয়ের রুটিন কাজের সংজ্ঞা কী? ৮. নির্বাচন কমিশন এবং এই মন্ত্রিসভার মধ্যে কী রকম লিখিত সম্পর্ক থাকবে? এ রকম আরও অনেক প্রশ্ন তোলা যেতে পারে। যখন প্রধানমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সময় হবে, তখন এ রকম প্রতিটি প্রশ্নের উত্তর জানতে হবে এবং উত্তরগুলোর ব্যাপারে জাতীয়ভাবে ঐকমত্যও প্রতিষ্ঠা করতে হবে।
যদিও বলেছি, এই প্রস্তাব নিয়ে আলোচনার সময় এখন নয়। তবু আমরা প্রসঙ্গক্রমে একটি প্রস্তাব দিতে চাই, শুধু ভবিষ্যতে চিন্তা করার জন্য। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের (মাত্র তিন মাস) প্রধানমন্ত্রী সংসদের বিরোধী দলের নেতাকে করলে কেমন হয়? কারণ, তাতে এই সরকারের ওপর জনগণের আস্থা অনেক গুণে বেড়ে যাবে। ক্ষমতাসীন ‘প্রধানমন্ত্রী’ নির্বাচনের সময়ও ‘প্রধানমন্ত্রী’ থাকলে বিরোধী দলগুলো ছাড়াও বহু লোকের মনে একটা ক্ষীণ সন্দেহ বা আশঙ্কা থেকে যেতে পারে। আমরা কেন এই প্রায় ‘অকল্পনীয়’ প্রস্তাব দিয়েছি, তার সপক্ষে কয়েকটা যুক্তি তুলে ধরতে চাই। যখনকার নির্বাচনের সময় (আরও দুই টার্ম সরকারের পর) বিরোধী দলের নেতা ‘প্রধানমন্ত্রীর’ দায়িত্ব পালন করবেন, তখন আশা করা যায়, আমরা প্রকৃত গণতন্ত্রের চর্চা করছি। সংসদে বিরোধী দলের নেতা দেশের ছায়া প্রধানমন্ত্রীর মর্যাদা ভোগ করছেন। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সংকটে বিরোধী নেতার সঙ্গে আলোচনা করেন। বিরোধী নেতা সরকারের বিভিন্ন ভালো নীতিকে অভিনন্দিত করেন। সরকারের কোনো ‘নীতি’র ব্যাপারে বিরোধীপক্ষের সমালোচনা থাকলে তা বিকল্প নীতির কাঠামোতে সংসদে উপস্থাপন করেন; নিছক বক্তৃতা দিয়ে নয়।
সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় মন্ত্রিসভা তখন প্রকৃত অর্থেই রুটিন কাজ করবে। আসলে ওই ‘মন্ত্রিসভা’ স্বাধীন নির্বাচন কমিশনের অনুরোধ ও প্রস্তাব বাস্তবায়ন করবে মাত্র। এ ক্ষেত্রে আমরা আরও দুটি প্রস্তাব বিবেচনার জন্য দিতে চাই। তা হলো: ক. নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাঁদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না। তাঁদের নির্বাচনী এলাকা সফরের সময় সরকারি গাড়ি, নিরাপত্তা ও প্রটোকল ব্যবহার করবেন না। এই তিন মাস নির্বাচনী এলাকা ছাড়া দেশের আর কোথাও মন্ত্রণালয়ের কাজেও সফর করবেন না। খ. এই সর্বদলীয় মন্ত্রিসভায় আগের ক্ষমতাসীন ‘মন্ত্রীরা’ আর মন্ত্রী পদে যোগ দেবেন না। ক্ষমতাসীন দল অন্য সংসদ সদস্যকে মন্ত্রী পদে নিয়োগ দেবে। এখানেও মন্ত্রিসভার একটা গুণগত পরিবর্তন আসবে।
অনেক পাঠক প্রশ্ন করতে পারেন, ‘সর্বদলীয় মন্ত্রিসভা’ এবারের সংসদ নির্বাচনে নয় কেন? কারণ একটাই, তা হলো আমাদের রাজনৈতিক পরিস্থিতি। আশা করি, সব পাঠকই ভালোভাবে জানেন, আমাদের রাজনৈতিক পরিস্থিতি কী রকম। এটা আমাদের ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে প্রচণ্ড রকম আস্থাহীনতা রয়েছে। কোনো দল কাউকে সহ্য করে না। দুই দলের প্রধান বা দুই নেত্রী পরস্পরকে শত্রু জ্ঞান করেন। প্রধান বিরোধী দলকে বর্তমান সরকার কখনো আস্থায় নেয়নি। প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের সঙ্গে দেশের কোনো ইস্যু নিয়ে গত পাঁচ বছর কখনো একটি মিনিটও আলোচনা করেননি। প্রধান বিরোধী দল লাগাতার সংসদ অধিবেশন বর্জন করছে। এই তালিকা আরও দীর্ঘ করা যায়। পাঠক সব জানেন। এটা কি রাজনীতি? এটা কি গণতন্ত্র? এটা কি সংসদীয় গণতন্ত্র? আমরা গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের একটা শর্তও পাঁচ বছর ধরে মানব না, আমরা পাঁচ বছরে কখনো গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি অনুসরণ করব না, পাঁচ বছরব্যাপী আমাদের সরকার, সরকারি দল ও প্রধান বিরোধী দল সর্বক্ষণ মারমুখী আচরণ করব, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করব, মামলা দেব, নির্যাতন করব, সভা-সমাবেশ, মিছিল-মানববন্ধন করতে দেব না, বিরোধী দলের নেত্রী (ছায়া প্রধানমন্ত্রী!) সম্পর্কে অশালীন উক্তি করব, বিদ্রূপ করব আর ঠিক সংসদ নির্বাচনের সময় সব দলকে নিয়ে ‘সর্বদলীয় মন্ত্রিসভায়’ যোগ দেওয়ার জন্য প্রধান বিরোধী দলকে আহ্বান করব—এটা মনে হয় ‘মামার বাড়ির আবদার’ হয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা প্রায় সবাই অভিজ্ঞ রাজনীতিক। তাঁরা যে এটা বুঝতে পারেন না, তা নয়। বিএনপি যে এবার এই প্রস্তাব অগ্রাহ্য করবে, সেটাই স্বাভাবিক। একটা শিশুও তা বুঝতে পারে। আমাদের বড় দুই দলের রাজনৈতিক সম্পর্ক এতটাই অবন্ধুসুলভ, এতটাই অগণতান্ত্রিক যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে হঠাৎ নির্বাচনের সময় বিরোধী দলের একসঙ্গে কাজ করার এ রকম প্রস্তাব রীতিমতো পরিহাসমূলক। আওয়ামী লীগ গত পাঁচ বছরে ‘একসঙ্গে কাজ করার’ মতো গণতান্ত্রিক পরিবেশ রচনা করতে ব্যর্থ হয়েছে। সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে এ রকম পরিবেশ রচনা করা তাই প্রায় অসম্ভব।
এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, এবার ও আগামীবার দুটি সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করা উচিত। তবে আগামী দুই টার্ম যদি সরকার ও বিরোধীপক্ষ সত্যিকার অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতি ও আচরণ অনুশীলন করতে পারে, তাহলে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ‘নির্বাচনের সময় সর্বদলীয় সরকারের’ এই প্রস্তাব বেশ গুরুত্বসহকারে আলোচনা করা উচিত। আগামী সংসদ নির্বাচনের পর বিএনপিসহ সব রাজনৈতিক দল এই প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সুপারিশ নিয়ে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা। নির্বাচনকালীন সরকারকাঠামো প্রশ্নে একটা ঐকমত্য খুবই জরুরি। প্রতিবার নির্বাচনের সময় এই ইস্যু নিয়ে এত হট্টগোল বাঞ্ছিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রস্তাব এই বিতর্ক অবসানে একটা বড় ভূমিকা পালন করতে পারে।
মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।