প্রধানমন্ত্রীর ভাষণে যা শুনতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে নির্বাচন সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেকোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা দেখা দিলে রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব জাতিকে সে-সম্পর্কে ব্যাখ্যা করা এবং সেই সমস্যা কীভাবে কাটানো যেতে পারে, তার একটি উপায় খুঁজে বের করা।

আজ সেই মাহেন্দ্রক্ষণ। আর কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমি ভবিষ্যত্দ্রষ্টা নই যে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কী বলবেন, সে কথা আগাম বলে দেব। অন্যান্য গণতান্ত্রিক দেশে এ ধরনের ভাষণ অনেক চিন্তাভাবনা করেই লিখিত হয়। অনেক দেশে রীতি আছে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য তাঁর সহযোগীরা একাধিক ভাষণ লিখে দেন, যার মূল কথা মোটামুটি এক হলেও ভাষা-ভঙ্গিতে পার্থক্য থাকে।

এখন আমাদের প্রধানমন্ত্রী যদি মনে করেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা করেই সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন (যার জন্য তিনি দুই দশকেরও বেশি সময় লড়াই করেছেন), তাহলে তাঁর ভাষা একরকম হবে, আর যদি মনে করেন তিনি যে অবস্থান নিয়েছেন, সেটাই এক শ ভাগ সঠিক, বিরোধী দলের দাবি, আমজনতার আশা-আকাঙ্ক্ষা আমলে নেওয়ারই দরকার নেই, তাহলে ভাষাভঙ্গি  আলাদা হবে।

গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথমটিই উত্তম।

প্রধানমন্ত্রীর ভাষণে কী থাকবে, সেটি তিনিই জানেন। তবে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে চাই, প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচন নিয়ে দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তাঁর ভাষণে সেই সংকটের স্বীকৃতি থাকবে। প্রধানমন্ত্রী যদি মনে করেন সংকট আছে, তাহলেই না তিনি সমাধানে সচেষ্ট হবেন।

আর যদি প্রধানমন্ত্রী মনে করেন, দেশে কোনো সংকট নেই, সবকিছু মিডিয়ার সৃষ্টি, তাহলে জাতির উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার দরকার হতো না। প্রতিদিনই তো তিনি দলীয় সভায়, জনসভায় সরকারের সাফল্য এবং বিরোধী দলের ব্যর্থতা, দুর্বলতা তুলে ধরেন।

 তাই দেশবাসী আশা করে, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ গতানুগতিক হবে না। প্রথমত, তিনি সমস্যাটি স্বীকার করে নেবেন। এরপর আসে কীভাবে সেই সমস্যার সমাধান করা যায়।

প্রধানমন্ত্রী সব সময়ই বলে আসছেন, তাঁরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। বিরোধী দলেরও দাবি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু সমস্যা হলো তিনি যেভাবে মনে করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, বিরোধী দল তা মনে করে না। আবার বিরোধী দল যেভাবে মনে করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, তিনি সেভাবে ভাবেন না। কথা হলো দুই পক্ষের লক্ষ্যই যদি হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, তাহলে সমাধান বের করা কঠিন নয়। মূল সমস্যাটি অনেকে সাংবিধানিক বললেও আমি মনে করি রাজনৈতিক। অতএব, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সংবিধান পরিবর্তনেরও প্রয়োজন হয় না।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান ঈদের দিনের নিজ নিজ সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। দুই নেত্রীই সমস্যা সমাধানে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। একজন বলেছেন, ‘এখনো সময় আছে। আলোচনায় বসে সমস্যার সমাধান করুন।’ আরেকজন বলেছেন, ‘আলোচনায় তাঁদের আপত্তি নেই। তাদের যে কথা আছে, এসে বলুক।’

সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভাষণে সেই আলোচনাটি কীভাবে শুরু করা যায়, তার সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে বলে আমরা আশা করি। এর আগে চীনা রাষ্ট্রদূত দুই মহাসচিবের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর এসেছিল। যে চীন কখনোই অন্য দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে কথা বলে না, সেই চীনের রাষ্ট্রদূত যখন আলোচনার কথা বলছেন, তখন বুঝতে হবে তাঁরা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের প্রতিনিধিরাও উদ্বেগ জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। তাদের সবার উদ্বেগের প্রতিধ্বনি প্রধানমন্ত্রীর ভাষণে থাকবে বলেই সবাই আশা করে।

সব শেষে যে কথাটি বলতে চাই, প্রধানমন্ত্রীর ভাষণে কেবল উদ্বেগের প্রতিফলন থাকলেই হবে না, সেই উদ্বেগ নিরসনেরও উপায় থাকতে হবে। এবং সেটি হলো সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি। সেই পরিবেশের প্রথম ও প্রধান কথা হলো বিরোধী দলকে আস্থায় আনা। কেবল সরকারি দল বললেই হবে হবে না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়েছে। নির্বাচনের অন্যতম পক্ষ বা প্রতিযোগী বিরোধী দল তাকেও আশ্বস্ত হতে হবে। প্রধানমন্ত্রী এর আগে জাতির কাছে যেসব ওয়াদা করেছিলেন, যেমন নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারে বিরোধী দলের প্রতিনিধি নেওয়া। আজকের ভাষণেও তার সুনির্দিষ্ট প্রস্তাবই মানুষ শুনতে চায়।

এ কাজটি দুইবার করতে বিএনপিপ্রধান খালেদা জিয়া দুইবারই ব্যর্থ হয়েছিলেন বলেই দেশের মানুষ ১৯৯৬ সালে ও ২০০৬-০৭ সালে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছিল। রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছিল। সে রকম কোনো দুর্ভোগ জাতির সামনে অপেক্ষা করছে না, সে নিশ্চয়তাই প্রধানমন্ত্রীর কাছে দেশবাসী শুনতে চায়।