প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের কর্মস্থলে থাকার ওপর যে গুরুত্ব আরোপ করেছেন, কেউই তার সঙ্গে দ্বিমত করবেন না৷ তিনি এবারই প্রথম নয় যে কর্মস্থলে না থাকলে চিিকৎসকদের চাকরি থাকবে না বা পদোন্নতি হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন৷ তার পরও তাঁরা কর্মস্থলে থাকেন না, সেই রহস্য উদ্ঘাটন এবং তার প্রতিকার জরুরি৷
প্রথমত, দেখার বিষয় হলো, যেসব চিকিৎসক কর্মস্থলে থাকেন না, সে জন্য কি সরকার তাঁদের শাস্তি দিয়েছে, নাকি বিষয়টি মৌখিক হুঁশিয়ারির মধ্যেই সীমিত রয়েছে৷ দ্বিতীয়ত, চিকিৎসকদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে যে বিধিমালা আছে, সরকার তা কতটা মেনে চলছে; সেখানে মেধা, যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যই অগ্রাধিকার পাচ্ছে৷ যাঁরা সরকারি দলের সমর্থক বা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী বলে পরিচিত, বেছে বেছে তাঁদের অপেক্ষাকৃত ঢাকার কাছাকাছি পদায়ন করা হচ্ছে৷ সে ক্ষেত্রে অন্যরা নিজেদের বঞ্চিত ও দলীয়করণের শিকার মনে করে কর্মস্থলে না থাকার জন্য নানা ফন্দিফিকির আঁটতে থাকেন৷ দ্বিতীয়ত কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে কারও শাস্তি হয়েছে কি না? না তাঁরা বৈধ বা অবৈধ বিভিন্ন উপায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছেন? এসব কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর স্বাস্থ্যসেবার অারও অবনতি ঘটছে৷ একই সঙ্গে গ্রামাঞ্চলে চিকিৎসকদের আবাসিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাহ্য করার নয়৷
এর প্রতিকারে প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় চিকিৎসকদের পদায়নের যে প্রস্তাব দিয়েছেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে৷ নিজ এলাকায় পদায়ন হলে চিকিৎসকদের আবাসিক সমস্যাটি সহজেই সমাধান হতে পারে৷ এলাকাবাসী পূর্বপরিচিত বিধায় তাঁদের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কও ঘনিষ্ঠ হবে৷ চিকিৎসাশাস্ত্র এমন একটি পেশা, যাতে এর তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের পাশাপাশি চিকিৎসক-রোগীর পারস্পরিক আস্থার বিষয়টিও কম জরুরি নয়৷
তাই, কেবল চাকরি থাকবে না হুঁশিয়ারি দিলেই চিকিৎসকদের কর্মস্থলে রাখতে বাধ্য করা যাবে না৷ যে চাকরিবিধির অধীনে তাঁদের পদায়ন ও পদোন্নতি হচ্ছে, সেই বিধিটি কঠোরভাবে অনুশীলনও করতে হবে৷