প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স-প্রবাহ কিছুটা কমেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। কেননা, সত্যিকার অর্থে রেমিট্যান্সই আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান খাত। তৈরি পোশাক রপ্তানি থেকে যদিও সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তবু এই খাতের কাঁচামাল, যন্ত্রপাতিসহ অন্যান্য উপাদান বৈদেশিক মুদ্রা খরচ করেই বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু প্রবাসীদের পাঠানো অর্থের শতভাগই আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে সমৃদ্ধ করে। সুতরাং, এই খাতে সামান্যতম নিম্নমুখী প্রবণতাকে সতর্কসংকেত হিসেবে নিয়ে প্রয়োজনীয় পদেক্ষপ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, গত অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী-আয় প্রায় ৫১ কোটি ডলার বা ১০ দশমিক ১২ শতাংশ কমেছে। আগের অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৫০১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। আর এ বছরের একই সময়ে তাঁরা পাঠিয়েছেন ৪৫০ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস ছাড়া পরের তিন মাস রেমিট্যান্স-প্রবাহ ক্রমান্বয়ে কমেছে। ঈদ উৎসবের মাসে সাধারণত প্রবাসীরা অন্য মাসের তুলনায় বেশি অর্থ দেশে পাঠান; সেই প্রবণতা অক্ষুণ্ন থাকলেও গত বছরের ঈদুল আজহার মাস সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের ঈদুল আহজার মাস অক্টোবরে ২২ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে।
প্রবাসী-আয়ের এই সামান্য অধোগতি লক্ষ করা গেছে ছয়টি দেশে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায়। এই দেশগুলো থেকেই মোট রেমিট্যান্সের সিংহভাগ এসে থাকে, যা ৮০ শতাংশেরও বেশি। এগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে সর্বশীর্ষে। এটিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লোকবল পাঠানো কমেছে। এ ছাড়া সৌদি সরকার অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে, তারও নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স-প্রবাহ কমার কারণগুলো অনুসন্ধানের বিষয়; সাধারণভাবে এ দুটি দেশের অর্থনীতিতে মন্দা ভাবের নেতিবাচক প্রভাব বাংলাদেশি অভিবাসীদেরও ওপরেও পড়ার কথা।
প্রবাসী-আয়ের এই অধোগতি সত্ত্বেও বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে মোট মজুত ছিল এক হাজার ১০০ কোটি ডলারের কিছু বেশি, আর চলতি বছরের সেপ্টেম্বরে তা এক হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রবাসী-আয় না কমলে বৈদেশিক মুদ্রার মোট মজুতের পরিমাণ নিঃসন্দেহে আরও বেশি হতো। তাই আমাদের সেদিকেই দৃষ্টি দেওয়া জরুরি। রেমিট্যান্স-প্রবাহের অধোমুখী প্রবণতা যাতে স্থায়ী না হয়, বরং তা আরও বাড়ে, সে লক্ষ্যে প্রথমেই অনুসন্ধান চালিয়ে অধোমুখিতার কারণগুলো শনাক্ত করতে হবে। প্রবাসে লোকবল পাঠানো বাড়াতে হবে। দক্ষ জনশক্তি তৈরির ওপরেও জোর দিতে হবে।