নয় মাসে প্রবাসী-আয় ৬ শতাংশ কমে যাওয়ার খবরটি উদ্বেগজনক। কেননা কৃষি ও তৈরি পোশাকের পাশাপাশি প্রবাসী-আয়ই দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। একদা আমদানি ও রপ্তানির ভারসাম্য রক্ষা করতে যেখানে বাংলাদেশকে হিমশিম খেতে হতো, সেখানে প্রতিমাসে বৈদেশিক মুদ্রার ভান্ডার স্ফীত হওয়া নিশ্চয়ই আনন্দের খবর। কিন্তু প্রবাসী-আয় হ্রাসের এই প্রবণতা মহাবিপদ ডেকে আনতে পারে।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বেশির ভাগই কাজ করেন মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে; যেখানে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল ও আইনি বিধিনিষেধের কারণে তাঁদের নানা রকম সমস্যায় পড়তে হয়। আবার এই প্রবাসী শ্রমিকদের একটি বড় অংশ প্রতারণার শিকার হন কথিত আদম ব্যাপারীদের দ্বারা। ফলে বিদেশে গিয়ে অনেক প্রবাসীকে দুর্বিষহ জীবন যাপন করতে হয়।
এসব ক্ষেত্রে আইন নিজের গতিতে চলে না বলে প্রতারিত শ্রমিকেরা প্রতিকারও পান না। এ থেকে বেরিয়ে আসার উপায় কী? প্রথমত, অসাধু আদম ব্যাপারীদের আইনের আওতায় আনা; দ্বিতীয়ত, প্রবাসী শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানো। এখন প্রায় সব দেশেই অদক্ষ ও অপ্রশিক্ষিত শ্রমিকদের চাহিদা কমে গেছে।
বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় লোকবলের সমস্যা আছে, এ কথা সত্য। কিন্তু তার চেয়েও বেশি সত্য তাঁদের দায়িত্বে অবহেলা। যাঁদের আয়ে তাঁদের বেতন-ভাতা হয়, সেই প্রবাসী শ্রমিকেরা তো তাঁদের কাছে ন্যূনতম সহমর্মিতা আশা করতে পারেন।
প্রবাসী শ্রমিকদের আয় কমে যাওয়ার আরেকটি কারণ প্রতিযোগিতায় টিকতে না পারা। যেসব দেশ এত দিন অদক্ষ ও অপ্রশিক্ষিত শ্রমিক নিত, তারাও সাম্প্রতিক কালে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের প্রতি ঝুঁকছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। তাতে আমরা কম শ্রমিক পাঠিয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারব। সেই সঙ্গে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে।