প্রবাসীকল্যাণে আর একটু নজরদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কয়েক বছর ধরে আমাদের অর্থনীতিতে অভিবাসীদের অবদান একেবারে সামনের দিকে চলে এসেছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন, ২০০৯ সালের অভিবাসী আয় ছিল ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। তারপর গত কয়েক বছরে বিদেশে গেছেন আরও ২১ লাখ বাঙালি। ফলাফল হলো, ২০১২ সালে আমাদের অভিবাসী আয় হয়েছে মাত্র ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যাঁরা এই সামান্য ১৪ দশমিক ১৭ বিলিয়ন ডলারের মরতবা এখনো ধরতে পারেননি, তাঁদের জ্ঞাতার্থে বলছি, এই হচ্ছে আমাদের জিডিপির ১১ শতাংশ, বৈদেশিক সাহায্যের ৬ গুণ এবং বৈদেশিক বিনিয়োগের ১৩ গুণ!

এটি লক্ষণীয় যে বিগত কয়েক বছরে বৈদেশিক কর্মসংস্থানে সরকারের সহায়তা ও নজরদারি অনেক গুণ বেড়েছে। কয়েক মাস আগে মালয়েশিয়া ও হংকংয়ে কর্মী প্রেরণের কাজটি সরকার সরাসরি সম্পন্ন করেছে। এর ফলে, সম্ভবত দেশের অভিবাসন ইতিহাসে সবচেয়ে কম খরচে কয়েক হাজার কর্মীর মালয়েশিয়া ও হংকংয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। তবে এই খাতে আমাদের আরও অনেক বেশি নজর দেওয়া দরকার।

বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা, বেসরকারি সংস্থা এবং সরকারের বিভিন্ন সমীক্ষায় আমাদের অভিবাসীদের নানান অসুবিধা বিভিন্ন সময়ে উঠে এসেছে। এর মধ্যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত দেশের অভিবাসী কর্মীদের বিদেশ গমনের অভিবাসন ব্যয়। সব ধরনের সমীক্ষা বলছে, বাংলাদেশি কর্মীদের প্রকৃত অভিবাসন ব্যয় সরকার-নির্ধারিত খরচের তিন গুণ এবং আমাদের মাথাপিছু আয়ের পাঁচ গুণ। বিশ্ব অভিবাসী সংস্থার (আইওএম) ২০১০ সালের জরিপ বলছে, বিদেশগামী ব্যক্তিদের তিন-চতুর্থাংশই এক লাখ থেকে তিন লাখ টাকা খরচ করে বিদেশে যান। গড় খরচ হচ্ছে দুই লাখ ১৯ হাজার ৩৯৪ টাকা। মধ্যপ্রাচ্যে যাওয়ার সরকারি খরচ হলো মাত্র ৮৪ হাজার টাকা। এই খরচ প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ। অথচ মালয়েশিয়ার পামবাগানের শ্রমিক এবং হংকংয়ে গৃহকর্মী প্রেরণের সময় দেখা গেছে, সরকারি খরচেই বিদেশ গমনে ইচ্ছুকদের পাঠানো সম্ভব।

আবার অভিবাসন ব্যয়ের ৬০ ভাগই নিয়ে যায় মধ্যস্বত্বভোগী এবং ১৭ দশমিক ৭ শতাংশ নিয়ে যায় তথাকথিত সাহায্যকারী! আর এই খরচের টাকার অধিকাংশই জোগাড় হয় ব্যক্তিগত, মহাজনি সুদে টাকা ধার করে অথবা ভিটেমাটি বিক্রি করে। মহাজনি ঋণের হার কখনো কখনো মাসে ১০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে বলে গবেষণায় দেখা গেছে। এই চড়া সুদের ঋণজাল থেকে বিদেশ গমনে ইচ্ছুকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য ২০১১ সালের এপ্রিল মাসে প্রবাসীকল্যাণ ব্যাংক (www.pkb.gov.bd) যাত্রা শুরু করে। এ ব্যাংক আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তারা তা বাস্তবায়ন করেছে। এ জন্য তাদের সাধুবাদ। কিন্তু প্রয়োজনীয় তহবিলের অভাবে এই ব্যাংকের সুবিধাকে বলা যায় খুবই অপ্রতুল। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ব্যাংক মাত্র এক হাজার ৮০০ অভিবাসী কর্মীকে বার্ষিক ৯ শতাংশ হারে ঋণ দিয়েছে (দৈনিক সংবাদ, ২৯ মে, ২০১৩)। ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এই ঋণ দেওয়া হয়। কোনো বন্ধকিও লাগে না। কেবল ঋণগ্রহীতার তিনজন নিকটাত্মীয় জামিনদার হলে ঋণ দেওয়া হয়।

এশিয়া ও আফ্রিকা মহাদেশের যেকোনো দেশে যেতে শ্রমিকেরা ৮৪ হাজার এবং ইউরোপসহ অন্য দেশে যেতে এক লাখ ৪০ হাজার টাকা করে ঋণ পেতে পারেন। এর মাধ্যমে বিদেশ গমনে ইচ্ছুকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে কিন্তু যে সময়ের মধ্যে এক হাজার ৮০০ জনকে ঋণ দেওয়া হয়েছে, ঠিক সেই সময় প্রায় ১০ লক্ষাধিক কর্মী বিদেশে গেছেন। অর্থাৎ এই সুবিধা এমনকি ১ শতাংশের জন্যও করা যায়নি। আইওএমের ২০১০ সালের জরিপ থেকে বলা যায়, এদের ৬৭ দশমিক ৪% চড়া সুদে মহাজনি ঋণ নিয়ে সোনার হরিণ ধরতে গেছেন। পত্রিকান্তরে প্রকাশিত খবরে প্রবাসীকল্যাণ ব্যাংকের শীর্ষ নির্বাহী মূলধনের অভাবে বেশি লোককে ঋণ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন।

আবার এই ঋণের খবর সারা দেশে তেমনভাবে প্রচারই করা হয়নি। অর্থের অভাবে এর প্রচারণা চালানো যাচ্ছে না বলে ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য এসেছে। তবে অর্থের অভাবে প্রবাসীকল্যাণ ব্যাংকের ওয়েবসাইটকে (www.pkb.gov.bd) বাংলা ভাষায় তথ্যসমৃদ্ধ একটি ওয়েবসাইটে পরিণত করা যায়নি—এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন।

আমি আশা করেছিলাম, অর্থমন্ত্রী তাঁর এবারের বাজেটে প্রবাসীকল্যাণের এই কাজটির জন্য একটি বড়সড় সম্প্রসারণ প্রস্তাব করবেন। তিনি তা করেননি। আমরা আশা করি, অর্থমন্ত্রী বাজেট চূড়ান্ত করার সময় প্রবাসীকল্যাণ ব্যাংককে অন্তত ১০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ দেবেন, যাতে কেবল বিদেশ গমনে ইচ্ছুকদের নয়, পাশাপাশি যাঁরা এরই মধ্যে চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন, তাঁদেরও এই ঋণের আওতায় নিয়ে আসা যায়।

 বৈদেশিক কর্মসংস্থানের আর একটি চ্যালেঞ্জ হলো দক্ষ কর্মী তৈরি করা। ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা, ২০১১’-এর আলোকে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। মনে রাখা প্রয়োজন, বিদেশগামী কর্মীদের কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতারও সমান আবশ্যকতা রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেশে অভিবাসীদের ভাষা শিক্ষার ব্যাপারে তেমন কোনো সমন্বিত উদ্যোগ চোখে পড়ে না। এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সবিশেষ উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় বাজেটে নির্দেশনা থাকার প্রয়োজন ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে অভিবাসীদের ৮২ শতাংশই চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে বিভাগের। অন্য চারটি বিভাগেও, বিশেষ করে রংপুর অঞ্চলের জন্যও আলাদা কর্মসূচি থাকা খুবই দরকার। ভুলে গেলে চলবে না, বর্তমানে প্রতিবছর প্রায় ২১ লাখ কর্মপ্রত্যাশী আমাদের কর্মবাজারে প্রবেশ করছে। এদের একটি অংশ বিদেশে পাড়ি জমাচ্ছে নানা প্রতিকূলতা সত্ত্বেও এবং তাদের শ্রমলব্ধ অর্থ দেশে প্রেরণ করে জিডিপিতে ১০ শতাংশের বেশি অবদান রাখছে।

যৎসামান্য অর্থ বরাদ্দ এবং কিছু মানবিক উদ্যোগ নিয়ে এই খাতে কর্মসংস্থানে বড় ধরনের বিপ্লব সাধন করা যায়।

প্রশ্ন হচ্ছে, সেটি কে করবেন?

মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডকমিটি।