বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের সবচেয়ে বড় দুটি খাতের একটি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স, যা আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করছে। সেই প্রবাসীদের আয় যখন কমে যায়, তখন তা উদ্বেগের বিষয়ই বটে।
তিন বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ ক্রমাগত হ্রাস পেয়ে চলেছে। সর্বশেষ এক বছরেই তা কমে গেছে প্রায় ২৪ কোটি মার্কিন ডলার। আর যেহেতু জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চলমান মন্দাবস্থা খুব শিগগির কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেহেতু রেমিট্যান্স বাড়ার সম্ভাবনাও ক্ষীণ।
রেমিট্যান্স হ্রাসের একটি কারণ হচ্ছে বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মন্দাবস্থা।একসময় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার ছিল সৌদি আরব, সেখানে আমাদের শ্রমশক্তি রপ্তানি প্রায় বন্ধই হয়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের অবস্থাও দুই বছর ধরে একই রকম। অন্যান্য দেশের শ্রমবাজারের অবস্থা অপেক্ষাকৃত ভালো হলেও আগের অবস্থায় নেই। দুঃখজনক বিষয় হলো, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি কিছু সময় বন্ধ থাকার পর আবার শুরু হলেও গত দেড় বছরে সে দেশে গেছেন মাত্র হাজার পাঁচেক কর্মী। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীদের দ্বন্দ্বের নেতিবাচক প্রভাবও পড়েছে এ খাতে।
এ অবস্থায় আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। প্রথমত, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারকদের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সহযোগিতামূলক উদ্যোগ নিতে হবে। পুরো খাতটিকে নিয়ন্ত্রণের পরিবর্তে মন্ত্রণালয়কে নিয়মিত নজরদারি করতে হবে।
দ্বিতীয়ত, ইতিমধ্যে পরিচিত শ্রমবাজারগুলোর ওপর নির্ভরশীল না থেকে নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। সেসব বাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করাও জরুরি কাজ। অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকের আয় বেশি; প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলে দেশের ভেতরে যেমন বেকারত্ব হ্রাস পাবে, তেমনি প্রবাসী–আয়ও অনেক বৃদ্ধি পাবে।