নতুন ব্যবস্থা চালু করতে গেলে সময়ে তার নানা দোষ-ত্রুটি প্রকাশ পাবেই। সে জন্যই চালু রাখতে হয় গতিশীল সংশোধনব্যবস্থা। তবে ব্যবস্থাটি যদি হয় কয়েক ধাপ অগ্রসর, তাহলে দুর্বলতাগুলো দূর করতে হবে আরও দ্রুত। অথচ এ বিষয়টির অনুপস্থিতি দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চালু ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন-প্রক্রিয়ায়। এরই মধ্যে প্রবীণ করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়ে ব্যাপক দুর্ভোগের খবর রয়েছে রাজধানীজুড়ে। অনুমান করা যায়, মফস্বলের পরিস্থিতি আরও খারাপ।
ই-টিআইএন রেজিস্ট্রেশনের শর্ত পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রবীণেরা। কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ। কয়েকটি এলাকায় এটি অর্থকরী মৌসুমি ব্যবসায় পরিণত হয়েছে। অথচ এটি কর অফিস থেকে বিনা মূল্যে করিয়ে দেওয়ার কথা। দুর্ভাগ্যবশত সেখানেও নাকি একশ্রেণীর রাজস্ব কর্মকর্তারা ‘পারিশ্রমিক’ চান। এদিকে যাঁরা আইনজীবীর মাধ্যমে আয়কর বিবরণী দাখিল করেন, তাঁদের কারও কারও বেলায় আইনজীবী কর্তৃক বাড়তি অর্থ নেওয়ার ঘটনা রয়েছে। এই অবস্থায় দ্রুত এনবিআরের সক্রিয়তা প্রয়োজন। শুধু বয়সের খাতিরে নয়, মোট করদাতার প্রায় অর্ধেক এ মানুষগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে রাজস্ব বৃদ্ধির স্বার্থেও। যদিও আয়কর আহরণ নিয়ে মাঝেমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আত্মতৃপ্তির আভাস মেলে, তবু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান আয়বৈষম্যের তুলনায় কিন্তু সন্তোষজনক বলা যাবে না বর্তমান আয়কর পরিস্থিতিকে।
তাই এলাকা ভাগ করে বিনা মূল্যে ই-টিআইএন রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া উচিত এনবিআরের। সে জন্য লোকবল বাড়ানোর দরকার নেই। ছুটির দিনগুলোয় আউটসোর্স করে শিক্ষার্থীদের কাজে লাগানো যেতে পারে। তাতে সমাজের প্রবীণ এ মানুষগুলোর দুর্ভোগ দূর হবে, কিছু মানুষের সাময়িক কর্মসংস্থান হবে, কর সংস্কৃতির প্রচারণাটা আরও জমিয়ে তোলা যাবে। পাশাপাশি কমবে রাজস্ব আহরণ ব্যয়ও।