সময়ের প্রয়োজনে বৃদ্ধাশ্রমের ব্যাপারে এখন আর আমাদের সে রকম ছুঁতমার্গ নেই। নচিকেতার গান মনকে নাড়া দেয়, কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যা তাতে বৃদ্ধি বৈ হ্রাস পায় না। আমাদের দেশে প্রবীণদের জন্য বিনোদন বা আয়সঞ্চারণমূলক তেমন কোনো সংগঠন বা প্রতিষ্ঠান নেই। যাঁরা একসময় চাকরিবাকরি করতেন, তাঁরা অবসরের পর দ্রুত বুড়িয়ে যান। অনেকে মেনে নিতে পারেন না, তিনি বুড়ো হয়েছেন। অনেকে ভাবেন, কর্মক্ষমতা হ্রাস পেয়েছে বলেই তো অবসরে যাচ্ছি। তার মানে বুড়ো হয়েছি। বুড়ো হলে আর কত দিন আছে এ জীবন?
কেবল যত দিন বেঁচে আছি, তত দিন কোনোমতে জীবনকে টেনে নিয়ে যাওয়া। এ যেন মৃত্যুর অপেক্ষা। চাকরিজীবনের নয়টা-পাঁচটার শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত মানুষ অবসরের পর সবকিছু গুলিয়ে ফেলেন। এমন কয়েকজনের কথা শুনেছি, ভালো রাখার জন্য বাড়ির লোকজন তাঁদের সকাল সাতটায় ঘুম থেকে ডেকে দেন, আটটায় নাশতা দেন, তারপর ধোপদুরস্ত কাপড় পরিয়ে লাইব্রেরি বা কোনো সামাজিক সংগঠনে পাঠান। এতে দীর্ঘদিনের অভ্যস্ত ধারাবাহিকতায় তাঁরা আবার ভালো থাকতে শুরু করেন। তবু এই সরকার সরকারি চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর কারণে স্বয়ংক্রিয়ভাবেই বয়স্কদের জীবনে জোয়ার এসেছে।
যাঁরা সাতান্নতে চলে যাবেন বলে খামোখা কলপ কিনে ব্যয় বাড়ানো বাতুলতা ভাবছিলেন, তাঁরা সরকারি প্রজ্ঞাপনের পরদিনই কালো চুলে আবির্ভূত হলেন। একেবারে টানটান যৌবন। হাঁটাচলা, কথাবার্তায় কী জোশ! দু-একজন লাইভ পাওয়া বিপত্নীক পুনর্বিবাহের কথাও ভাবছিলেন। সাতান্নর নারীই বা কি এমন বুড়ি? উন্নত দেশগুলোয় জীবন শুরুই হয় চল্লিশের পর। চাকরির বয়স বৃদ্ধির কারণে সবাই গা ঝাড়া দিয়ে উঠেছেন। কেউ কেউ বলছেন, ২০১৫ সাল অবধি যাঁদের চাকরি বৃদ্ধি পেয়েছে, তাঁরা নতুন সরকারের আরেকটি ঘোষণায় আরও দুই বছর বেশি পাবেন না—এমন আশঙ্কার কোনো কারণ আছে? সুতরাং নো চিন্তা ডু ফুর্তি। যত দিন চাকরি, তত দিন যৌবন।
কর্মক্ষমতা একেকজনের একেক বয়স পর্যন্ত থাকে। অনেকের সাতান্নর আগেই শেষ হয়, অনেকের পঁচাত্তর অবধিও দিব্যি বিদ্যমান। নিজেকে বয়স্ক ভাবা একটি মানসিক রোগ। এই ভাবনাতেই মানুষ কাত। বুড়ো হওয়ার আগেই বুড়ো হওয়া, এ যেন না মরেই ভূত। তার পরও প্রকৃতির অমোঘ নিয়মে রোগ না থাকলেও বার্ধক্যজনিত কারণে একদিন চলে যেতে হয়। কিন্তু যত দিন দেহে আছে প্রাণ, বাঁচার মতো বাঁচতে চাওয়া কি অন্যায়? ‘প্রবীণ হিতৈষী সংঘ’ আগারগাঁওয়ের উদ্যোগে কয়েক দিন আগে এখানকার আবাসিক প্রবীণদের জন্য দিনব্যাপী বিনোদন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। ওই দিন প্রবীণদের ভেতর যে উদ্দীপনা ও অনাবিল আনন্দ পরিলক্ষিত হয়েছিল, তা ছিল অপার্থিব। এই এক দিনের উচ্ছ্বাস যেন তাঁদের রোগ নিরাময়ের মহৌষধ।
উন্নত বিশ্বে অবসরের পর অনেকে লাইব্রেরি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রাম উন্নয়নে কাজ করেন। অনেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন। অনেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজে আগ্রহী কেবল সময় কাটানোর জন্য। আমাদের দেশের অবসরপ্রাপ্তদের অনেককেই, যাঁদের আর্থিক অবস্থা ভালো; বিশেষ করে নারীদের, যাঁদের ছেলেমেয়ে বড় হয়ে অন্যত্র বা বিদেশে চলে গেছেন, তাঁদের কাউকে কাউকে বলতে শুনেছি, কোনো বেতন-ভাতার দরকার নেই, কেবল সময় কাটানোর জন্য একটু কাজ চান। এসব আগ্রহী প্রবীণকে সরকারিভাবে বা এনজিওর মাধ্যমে কোনো কাজের সংস্থান করে দিলে কেবল তাঁরাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, তা-ই নয়; পরিবারে শৃঙ্খলা ফিরে আসবে, রাষ্ট্রীয় উন্নয়নেও শামিল হতে পারবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ব্যাংককে যুব কার্যক্রম পর্যবেক্ষণে গিয়ে দেখে এলাম ওখানকার যুব সংগঠন প্রবীণদের জন্য অনন্যসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। প্রতি সপ্তাহান্তে তারা বিভিন্ন কমিউনিটি হলে প্রবীণদের জন্য বিনোদন ও আয়সঞ্চারণমূলক কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছে। এসব প্রবীণের অনেকেই হস্তশিল্পে সুনিপুণ। তাঁরা যেমন নবীনদের প্রশিক্ষণ দিচ্ছেন, তেমনি নিজেরাও ক্ষুদ্র শিল্পসামগ্রী উৎপাদন করছেন। যুব সংগঠকেরা এগুলো বাজারজাত করার ব্যবস্থা করছেন। সেখানে অনেকে রান্নার প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণের সুবাদেই দুপুরের খাওয়া ও বিকেলে নাচগানের আসর। যুবদের পরিচালনায় প্রবীণেরা গীতিনাট্য উপস্থাপন করলেন। এতে দর্শকেরাও অনন্দিত, আবার উপস্থাপক প্রবীণেরাও অনুপ্রাণিত। তাঁরা সারা সপ্তাহের পাঁচ দিন ঘরে বসে হস্তশিল্প তৈরি করেন। সপ্তাহান্তের জন্য নিজেকে প্রস্তুত করেন। সেদিন কী গান গাইবেন বা কোন নৃত্য বা নাটক অভিনয় করে দেখাবেন, তার অনুশীলন করতে থাকেন। স্বপ্নে আর শিল্পে তাঁদের দিন কেটে যায় বাঁচার আনন্দে।
অনেক আগে একটি পত্রিকায় বয়স্ক ব্যক্তিদের নিয়ে এ রকম একটি প্রতিবেদন ছিল: ‘বুড়ো হলে আমাকে কে দেখবে?’ ভাবনাটি তাঁদের জন্য অসংগত নয়। অজস্র কাজের ভিড়ে তাঁদের দেখার কেউ থাকে না। অগত্যা নিজের দেখাশোনার ভার নিজেকেই নিতে হয়। অথচ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের প্রয়োজন হয় অন্যের সাহায্য। মানুষও তখন হয়ে যান শিশুর মতো অসহায়। তখন সঙ্গী বা সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব হয়
সবচেয়ে বেশি।
ব্রিটিশ নাগরিক ভেলেরি টাগওয়েল চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজের বাংলোতেই থাকেন। পরিবার থেকেও আলাদা। বয়স হয়েছে। আগে সঙ্গী ছিল কুকুর, এখন নেই। কারণ, কুকুরগুলোকে আর দেখাশোনা করতে পারেন না তিনি। তাই ছেড়ে দিয়েছেন। একসময় প্রচুর কাজ করতেন। আজ সেসব স্মৃতি। এখন একমাত্র সঙ্গী বিড়াল টুইংকেল। সোশ্যাল কেয়ার সার্ভিস নামে ব্রিটেনের একটি সংগঠন এখন বয়স্ক ব্যক্তিদের সেবায় কাজ করছে। অক্ষম বয়স্ক ব্যক্তিদের নানা রকম সেবা দেওয়া তাদের কাজ। সংগঠনের লোকেরা প্রতিদিন সকালে এক ঘণ্টা আর সন্ধ্যায় ৪৫ মিনিট নানা রকম কাজে সহযোগিতা করেন। সপ্তাহে এক দিন বাড়তি সময় দেন তাঁরা।
ভেলেরিও এ সুবিধা নিচ্ছেন। তবে ভেলেরি তাঁদের কাছে অতিরিক্ত সাহায্য বলতে বাড়ির বাইরে ঘোরার জন্য একজন সঙ্গী চান। অনেকের কাছেই এ সেবার চাহিদা অনেক। লোকের বয়সের ওপরই এই সংগঠন সেবা দিয়ে থাকে। ব্রিটেনে জনসংখ্যার একটি বড় অংশ এখন ৬৫-এর ওপরে। ২০০৪ সালে ছিল ১৬ শতাংশ। ২০১৩ সালের শেষে এ সংখ্যা ৩২ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। দৈনন্দিন সাহায্যের অনুরোধ নিয়ে অনেকেই আসেন সংগঠনটির কাছে। কিন্তু অল্প বাজেটে এত সাহায্য করা একটি সংগঠনের পক্ষে সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানায়। স্থানীয় কর্তৃপক্ষও অপারগ। সংগঠনটির হয়ে তহবিল সংগ্রহের জন্য প্রচারকর্মীরা প্রচারণাও চালাচ্ছেন। তাঁদের মতে, বয়স্ক ও অক্ষম ব্যক্তিদের সহযোগিতায় সমর্থ লোকদের অর্থনৈতিক চুক্তিতে এগিয়ে আসা উচিত। অ্যাডাল্ট সোশ্যাল সার্ভিস ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এনি উইলিয়াম জানান, আরও কিছু নতুন ভাবনা উদ্ভাবন করা যায়। বয়স্ক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে সেসব কাজকে ব্যক্তিগত দায়িত্ব মনে করে সবারই এগিয়ে আসা উচিত।
আমাদের দেশে অসংখ্য সামাজিক সংগঠন। যুব সংগঠন প্রায় ১৬ হাজার। তারা পরিবেশ সংরক্ষণ, বয়স্কশিক্ষা, শিশুশিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের যুবরা প্রবীণদের নিয়ে ব্যাংককের মতো উদাহরণ সৃষ্টি করতে পারেন। তাঁদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমে অবসরপ্রাপ্তদের কাজে লাগাতে পারেন। নিদেনপক্ষে সপ্তাহান্তে নিজেদের অংশগ্রহণে বিনোদনের ব্যবস্থা করে তাঁদের বেঁচে থাকা আনন্দময় ও দীর্ঘ করে তুলতে পারেন। অন্যদিকে ব্রিটেনের সোশ্যাল কেয়ার সার্ভিসের মতো আমাদের দেশের অক্ষম প্রবীণদের জন্যও যুব সংগঠনগুলো নতুন করে ভাবতে পারে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা থেকে এ বিষয়ে প্রকল্প গ্রহণ করা যেতে পারে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বারবার মুনাফাবিহীন সামাজিক ব্যবসার কথা বলেন। প্রবীণদের কল্যাণের জন্যও এ রকম উদ্যোগ নিঃসন্দেহে উদাহরণ সৃষ্টি করবে। বার্ধক্য নিঃসঙ্গতার প্রতীক নয়, বরং একে মুখর করে তুলতে পারাই সভ্যতার অবদান হওয়া উচিত।
উম্মে মুসলিমা: সাহিত্যিক।