প্রলম্বিত অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার সকাল থেকে শুরু হওয়া অবরোধ এখন চলবে আগামী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। একটি সংবাদ বিজ্ঞপ্তি বা ঘোষণা দিয়েই যেহেতু কাজ সারা যায়, তাই সেই পথই বেছে নিয়েছে প্রধান বিরোধী দল। কর্মসূচি ঘোষণার পদ্ধতি এখন আরও আধুনিক—ভিডিও বার্তা। ৭২ ঘণ্টার অবরোধের সঙ্গে ভিডিও বার্তা যোগ করে দিল আরও ৫৯ ঘণ্টা। এর অর্থ দাঁড়াচ্ছে, ধ্বংস ও নাশকতার সময় আরও বাড়ল! এ সময় যে কেউ যেকোনো জায়গায় পুড়ে মরতে পারে, মাথায় ককটেল ফুটতে পারে বা বাস-ট্রাক পুড়তে পারে, লাইনচ্যুত হতে পারে ট্রেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে একমত না হওয়ায় বিরোধী দল যে ‘আন্দোলন’ করছে, তাকে আন্দোলন হিসেবে বিবেচনা করার সুযোগ আর নেই। দলটি তাদের দাবি আদায়ে রাজপথে কোনো জনসমাগম বা আন্দোলন গড়ে তুলতে পারছে না। দলটি অবরোধ ডেকেছে কিন্তু অবরোধ কার্যকর করার জন্য রাস্তায় কেউ নেই। অবশ্য এ ব্যাপারে তারা সরকারের দমন-পীড়নের দোহাই দেবে। কিন্তু তাতে জনগণের দুর্ভোগ ও দুর্ভাবনা বিন্দুমাত্র কমবে না।
বলা হচ্ছে আন্দোলন, কিন্তু ঘটছে আগুনে পুড়িয়ে বা ককটেল মেরে মানুষ মারার মতো বর্বরতম ঘটনা। আগুন দেওয়া হচ্ছে যাত্রীসহ বাসে, রেললাইনের নাটবল্টু খুলে লাইনচ্যুত করা হচ্ছে যাত্রীবাহী ট্রেন। ঘরে বসে বিরোধী দল কর্মসূচি দিচ্ছে, আর তা কার্যকর করছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা বর্বরতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। এর মেয়াদ আরও ৫৯ ঘণ্টা বাড়ানোর মধ্য দিয়ে আসলে কী অর্জন করতে চায় বিরোধী দল?
একটা চরম ভীতিকর অরাজক অবস্থার মধ্যে সময় পার করছে দেশ। দেশবাসীর দুর্ভোগ, বিপর্যস্ত জীবন-জীবিকা, দেশের অর্থনীতির সর্বনাশ—এসব বাদ দিলেও বিরোধী দলের আগের অবরোধ ও চলমান কর্মসূচিতে গতকাল সোমবার বিকেল পর্যন্ত প্রাণ গেছে ২৭ জনের। সামনের দিনগুলোতে কী আছে কে জানে! আরও মৃত্যু? আরও নাশকতা! বিরোধী দল কি আরও মৃত্যু ও নাশকতা সৃষ্টির মেয়াদ বাড়াল?