সরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকেরা ইতিমধ্যে যোগদানও করেছেন। নতুন বছরে শুরু হবে প্রাক্-প্রাথমিক শ্রেণীর কার্যক্রম অন্যান্য শ্রেণীর মতো। প্রাক্-প্রাথমিক শিক্ষকেরা শ্রেণীর কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু তাঁরা (শিক্ষকেরা) অভিজ্ঞতালব্ধ নন নতুন শিক্ষক হিসেবে, সেহেতু তাঁরা কতটা মানসম্মত ও সঠিক পদ্ধতিতে পাঠদান করাতে পারবেন? সে জন্য প্রাক্-প্রাথমিক শিক্ষকদের জন্য প্রয়োজন যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এটা হতে পারে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি।
বছরের শুরুতেই নতুন বই বিতরণ করা হবে। আর এই বইগুলোর মাধ্যমেই শুরু হয় শ্রেণী কার্যক্রম। ২০১৩ সালে বই পরিবর্তনের পর বইয়ের মানের গুণগত পরিবর্তন হয়েছিল অনেক বেশি। বইগুলো ছিল গতানুগতিক ভাবধারা থেকে বের হয়ে নতুন প্রজন্মের সমসাময়িক ভাবধারা ও আধুনিকতার মানদণ্ডে রচিত।
মানের দিক থেকে অনেক বেশি উন্নত। আর এই বইগুলোর ওপর শিক্ষকদের দক্ষতা অর্জন প্রয়োজন অনেক বেশি। কিন্তু বিষয়টি মাথায় রেখে যে হারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, তা পর্যাপ্ত নয়। অনেক ক্ষেত্রেই বিষয়ভিত্তিক প্রশিক্ষণগুলো ছিল না দীর্ঘমেয়াদি, ছিল না সবার জন্য। অথচ ইংরেজি, গণিত, বিজ্ঞান—এই বিষয়গুলোর ওপর দক্ষতার পাশাপাশি প্রশ্নের কাঠামো বুঝতে এবং বোঝাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আবার ঢালাওভাবে প্রশিক্ষণ না দিয়ে নির্ধারিত বিষয়ের জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে প্রশিক্ষণগুলো যেন স্বল্পমেয়াদি করে তাড়াহুড়া করে শেষ করা না হয়। প্রয়োজনে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে বইগুলোর ওপর শিক্ষকদের যেমন পুরোপুরি দক্ষতা অর্জন হবে; তেমনি শিশুরা (শিক্ষার্থীরা) উপকৃত হবে বেশি পরিমাণে। তা ছাড়া এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে নতুন নতুন শিক্ষা-উপকরণগুলোর ব্যবহার ও তৈরি সম্পর্কেও সঠিক অভিজ্ঞতা লাভ করবেন শিক্ষকেরা। এতে শ্রেণীকক্ষে পাঠদান হবে আরও সুন্দর, বেগবান।
আশা করি, কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বসহকারে ভেবে দেখবে।
সঞ্জয় কুমার ভৌমিক
সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।