বর্তমানে শিক্ষাব্যবস্থা চলছে সৃজনশীল পদ্ধতিতে। সৃজনশীল পদ্ধতির প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধাবিকাশ। এ পদ্ধতি চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের ফলও ভালো হচ্ছে। কিন্তু বর্তমানে দেশে জিপিএ-৫-এর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রশ্নপত্র ফাঁসের প্রবণতা।
মাননীয় শিক্ষামন্ত্রী অস্বীকার করলেও আমার মনে হয়, বর্তমানে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়াই যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। আর অধিকাংশ শিক্ষার্থীর একই লক্ষ্য থাকে যে কম পরিশ্রম করে ভালো ফল অর্জন করা। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এমন এক ভাইরাস, যা কোমলমতি শিক্ষার্থীদের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি জাতিকে তা পর্যায়ক্রমে মেধাশূন্য করে দিচ্ছে।
যদি এ অবস্থা চলতে থাকে, তবে একদিন জাতি হবে মেধাশূন্য, রাষ্ট্র হবে অচল। সমস্যাটি যে কতটা গুরুতর, তা আমাদের এখনই উপলব্ধি করতে হবে।
তাই বিশেষভাবে মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আকুল আবেদন, আপনারা এই ভয়াবহ সমস্যা সমাধানে এগিয়ে আসুন। অন্যথায় এই প্রশ্নপত্র ফাঁসই হবে ছেলেমেয়েদের মেধাবিকাশের অন্তরায়।
রুবেল আহমেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।