প্রশ্নপত্র ফাঁস ও উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এইচএসসি পরীক্ষার ইংরেজি ও পদার্থ বিষয়সহ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের খবর বহুল আলোচিত বিষয়। কয়েক মাস আগে পঞ্চম ও অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁসের খবর জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছিল। বর্তমানে শিক্ষার প্রতিটি স্তরে প্রশ্নপত্র ফাঁসের কারণে একট চক্র কাজ করছে। ফলে শিক্ষার্থীদের মনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
একসময় নকলের প্রবণতা দেখা গেলেও বর্তমানে প্রশ্নপত্র ফাঁস তরুণ প্রজন্ম ও ছোট ছোট বাচ্চার মনে পড়ালেখায় অনাগ্রহ সৃষ্টি করছে। শিক্ষার্থীরা ছোট থেকে তাদের জীবনের স্বপ্ন দেখতে শেখে আর এভাবে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে থাকলে অভিভাবক ও শিক্ষার্থীদের কঠিন পরিশ্রম বিফলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের মনোবল ভেঙে পড়বে।
এ কারণে উচ্চশিক্ষা ও চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধার মূল্যায়ন হচ্ছে না। সুতরাং শিক্ষাব্যবস্থাকে এই সংক্রামক ব্যাধি থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। যদিও অধ্যাপক কায়কোবাদ ২৬ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকায় দৈবচয়নে প্রশ্নপত্র তৈরির পরামর্শ দিয়েছেন। এভাবে অভিজ্ঞজনদের পরামর্শের আলোকে একটি সুশৃঙ্খল পদ্ধতি প্রণয়ন করা দরকার। একাধিকবার তদন্ত কমিটি গঠন করেও প্রশ্নপত্র ফাঁস রক্ষা করতে পারছে না।
মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, এই অশুভ চক্রকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দিন এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করুন।

শামছুন নাহার

কোনাপাড়া, ডেমরা, ঢাকা।