শিক্ষার্থীদের বার্ষিক পাঠদান শেষে তাদের যাচাই করার জন্য আয়োজন করা হয় বিভিন্ন পাবলিক পরীক্ষার। এর মধ্যে রয়েছে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি। বিগত কয়েক বছর পরীক্ষা শুরুর আগেই চলত প্রশ্ন ফাঁসের হিড়িক। এক শিক্ষার্থী আমাকে বলেছিল, ‘আমি ২০১৪ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়েছি। তখন আমার বাসার স্যার তাঁর এক বন্ধুর কোচিং সেন্টার থেকে পরীক্ষার প্রশ্ন এনে আমাকে দিয়েছেন, যা হুবহু কমন পড়েছে।’
যে শিক্ষার্থী আজ প্রশ্ন পেয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দিচ্ছে, আগামী দিনে সেই শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় যে প্রশ্নের ধান্দায় থাকবে না, তার কি নিশ্চয়তা আছে? যেকোনো মূল্যে সে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে তথাকথিত জিপিএ-৫ পাবে। যার দৌরাত্ম্য বিশ্ববিদ্যালয় ভর্তির পূর্ব পর্যন্ত। এর ফল হিসেবে আমরা দেখতে পাই, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় পাস করছে খুবই কমসংখ্যক শিক্ষার্থী। এমনকি কিছু কিছু বিভাগে পাসের হার কম থাকায় তারা আসন পূর্ণ করতে পারছে না।
পরীক্ষায় ভালো করাই এখন সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাপার। সন্তানেরা পরীক্ষায় ভালো করছে। বাহবা অর্জন করছে কোচিং, ব্যবসায়িকভাবেও সফলতা পাচ্ছে তারা। কিন্তু আপনার আমার সন্তান কী শিখতে পেল। তাদের দিয়ে সমাজ ও জাতি কী আশা করতে পারে?
সামনে পিএসসি পরীক্ষা। এবার পরীক্ষায় যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আর যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে বিশ্বের কাছে আমরা কীভাবে মুখ দেখাব?
মৃদুল মিত্র, ঢাকা।