বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও ১২তম গ্রেডে বেতন নির্ধারিত করা হয়েছে। পক্ষান্তরে সহকারী শিক্ষকদের নামমাত্র বেতন বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক বিচারে যেকোনো সময়ের তুলনায় বেতন বৃদ্ধির আনুপাতিক এই হার বৈষম্যমূলক ও হতাশাব্যঞ্জক।
প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। শিক্ষকদের মধ্যে বিরাজমান এই চাপা ক্ষোভের সরাসরি প্রভাব গিয়ে পড়বে কোমলমতি, অসহায় শিক্ষার্থীদের ওপর। এমনকি যাঁরা নিবেদিতপ্রাণ শিক্ষক, তাঁরাও পাঠদানে পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলবেন।
দাপ্তরিক লেখালেখিসহ স্কুলের তাবৎ কাজ সহকারী শিক্ষকেরাই করে থাকেন। উপরন্তু কখনো কখনো তার পেশার সঙ্গে সামঞ্জস্য নয়, এমন কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। এ কথা নির্দ্বিধায় বলা যায়, এতে করে স্কুলের শিখন-শেখানো কার্যক্রমের সুষম ও নিরপেক্ষ পরিচালনা দারুণভাবে ব্যাহত হবে। সর্বোপরি চেইন অব কমান্ড ভেঙে পড়বে।
তাই বেতনবৈষম্য নিরসনে (কমপক্ষে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ) মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
ইশতিয়াক সিদ্দিকী
সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।