প্রাথমিক শিক্ষক সমাজ

গত ৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা বাড়ানোর ঘোষণা দেন। প্রধান শিক্ষকদের চাকরি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণের ঘোষণা করেন।
বলা যায়, মানব সম্পদ উন্নয়নের সুতিকাগার এ প্রাথমিক বিদ্যালয়গুলো। অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই সবচেয়ে বেশি বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার। যেখানে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হলো, কিন্তু স্কেল নির্ধারণের ক্ষেত্রে দেখা গেল দীনতা। প্রজাতন্ত্রের দ্বিতীয় শ্রেণির সব কর্মকর্তার পারম্ভিক স্কেল ৮০০০ টাকা, অথচ প্রধান শিক্ষকদের (প্রশিক্ষণপ্রাপ্ত) স্কেল নির্ধারণ করা হলো গ্রেড-১২ অনুযায়ী ৬৪০০ টাকা। আর প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের জন্য গ্রেড-১১ অনুযায়ী ৫৯০০ টাকা। যা রাষ্ট্রের অন্য সব দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার বেতন স্কেলের সঙ্গে বৈষম্যমূলক। বাস্তবতার নিরিখে প্রধান শিক্ষকদের বেতনকাঠামো নির্ধারিত হওয়া উচিত প্রজাতন্ত্রের অন্য সব দ্বিতীয় শ্রেণির চাকরিজীবীদের সমান– ৮০০০ টাকা।
সহকারী শিক্ষকদের অবস্থা আরও করুণ। বেতন বৃদ্ধির প্রতিটা পদক্ষেপে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনবৈষম্য বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক শিক্ষকদের প্রথম বেতন বৃদ্ধি করা হয় ২০০৭ সালে শিক্ষকদের বেতন স্কেল আপগ্রেড করার আন্দোলনের পর। আপগ্রেডের পূর্বে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেলের পার্থক্য ছিল জাতীয় বেতন স্কেল ২০০৫ ইং মোতাবেক প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্কেল ছিল ৩১০০ আর প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের স্কেল ছিল ২৮৫০। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল ছিল ৩০০০ আর প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন স্কেল ছিল ২৬০০ টাকা।
জাতীয় বেতন স্কেল ২০০৯ মোতাবেক প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৫৫০০ টাকা ও ৫২০০ টাকা। আর সহকারী শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৪৯০০ টাকা ও ৪৭০০ টাকা। এদিকে ৯ মার্চ ২০১৪ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৬৪০০ ও ৫৯০০ টাকা।
অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৫২০০ ও ৪৯০০ টাকা। এ ধরনের বৈষম্যের ফলে, বিশেষ করে সারা দেশের সহকারী শিক্ষকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। তাঁরা তাঁদের বেতন স্কেল পূর্বের ন্যায় প্রধান শিক্ষকদের একধাপ নিচে নির্ধারণের দাবিতে আন্দোলনে যাচ্ছেন, যা পূর্বেই প্রতিষ্ঠিত ছিল।
মোহাম্মদ নুরুচ্ছফা
মিরসরাই, চট্টগ্রাম।