বাংলাদেশের কৃষকের মতো প্রাথমিক শিক্ষকেরাও হয়ে উঠেছেন এক উপেক্ষিত জনগোষ্ঠী। সরকারি চাকুরেদের মধ্যে তাঁদের অবস্থান সর্বনিম্নে। অনেক আন্দোলন ও দেনদরবারের পর তাঁরা যা পান, তা হলো ‘প্রতিশ্রুতি’। কিন্তু বাস্তবায়নের সময় দেখা দেয় অজস্র প্রশাসনিক জটিলতা, দ্বিধা ও উদাসীনতা। প্রাথমিক শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা ও অধিকারদানের বেলায় সব সরকারের এমন গড়িমসি স্বয়ং শিক্ষার প্রতিই পরিহাস নয় কি?
সরকার প্রাথমিক শিক্ষকদের অব্যাহত দাবির মুখে চারটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিল। তাঁদের নিয়োগ, পদমর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তকে শিক্ষকেরা দেখেছিলেন আশার আলো হিসেবে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এগুলোর বাস্তবায়ন করতে তো পারেইনি, বরং দীর্ঘসূত্রতায় বয়স ও অবস্থানের ক্ষতি হয়ে গেছে অনেকের।
লম্বা ছুটিতে থাকা শিক্ষকদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল ‘শিক্ষক পুল’। দুই বছর আগে পরীক্ষা নিয়ে এই পুলে ১৫ হাজার তরুণকে নির্বাচন করা হয়। কিন্তু তাঁরা নিয়োগ তো পানইনি, ইতিমধ্যে অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে। ২৩ হাজার নিবন্ধিত বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। অথচ সরকারি স্কেলে বেতন পান না এসব বিদ্যালয়ের প্রায় এক লাখ শিক্ষক! অন্যদিকে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরীক্ষায় উত্তীর্ণ এবং প্যানেলভুক্ত ৫০ হাজার শিক্ষককে চাকরিতে নেওয়া হচ্ছে না। তাঁদেরও চাকরির বয়স চলে যাচ্ছে।
প্রধান শিক্ষকদের পদমর্যাদা সরকারি চাকরির দ্বিতীয় শ্রেণীর পর্যায়ে উন্নীত করা হলেও, তাঁদের বেতনকাঠামো থেমে গেছে অন্য পেশার দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরেদের নিচে। পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকদের বেতন সামান্য বৃদ্ধির পরও প্রধান শিক্ষকদের তুলনায় নেমে গেছে দুই ধাপ নিচে।
যে বঞ্চনা আর বৈষম্য ছিল প্রাথমিক শিক্ষকদের জীবনের অনুষঙ্গ, সরকারের ইতিবাচক পদক্ষেপের পরও তা দূর হলো না কার গাফিলতিতে? কেন শিক্ষক পুলের নীতিমালা দুই বছরেও তৈরি হলো না? এগুলো হলো সমস্যার ডুবো পাহাড়ের দৃশ্যমান চূড়া। গভীরে গেলে বঞ্চনার পাশাপাশি মিলবে অদক্ষতা, অযোগ্যতার ছড়াছড়ি। সমাধানের ক্ষমতা রয়েছে মন্ত্রণালয়ের হাতে। কিন্তু আমলা-প্রশাসনের অদক্ষতা আর অদূরদর্শিতায় সময়ের কাজ সময়ে হয় না। তত দিনে সমস্যার স্তূপ পাহাড় সমান হয়ে যায়। আর এর খেসারত দেন সরাসরি শিক্ষকেরা এবং পরোক্ষভাবে শিক্ষার্থীরা।
রাজনৈতিক সরকার জনপ্রিয়তা অর্জনে হরহামেশাই এমন সব প্রতিশ্রুতি দিয়ে থাকে, যা বাস্তবায়নের কোনো রূপরেখা বা প্রস্তুতি তাঁদের থাকে না। আন্দোলনের চাপে বা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি হাওয়ায় আসে, হাওয়ায় হারিয়ে যায়। আমরা আশা করব, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এ ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত সমাধানমূলক পদক্ষেপ নেবেন।