প্রার্থীদের আয়কর বিবরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দলবিহীন নির্বাচনে ৫৪০ জন প্রার্থীর প্রায় এক-পঞ্চমাংশ তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর বিবরণী জমা দেননি। নির্বাচন কমিশনের মূল দৃষ্টি ছিল প্রার্থীর সংখ্যা বাড়ানোর দিকে। তাই হয়তো বিবরণী যথাযথভাবে জমা দেওয়া হয়েছে কি না, তা গুরুত্ব পায়নি। কিন্তু বিধিভঙ্গের বিষয়টি কমিশনের নজরে আসা উচিত ছিল।
প্রার্থী নিজে আয়করদাতা কি না, তা মনোনয়নপত্রের তৃতীয় অংশের (৫)(ক) ধারায় উল্লেখ করতে হয়। আয়করদাতা হলে (৫)(খ) ধারা অনুযায়ী সর্বশেষ দাখিল করা রিটার্ন এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি জমা দিতে হয়। যে শতাধিক প্রার্থী আয়কর বিবরণী জমা দেননি, তাঁরা নির্দিষ্ট ধারায় কী লিখেছিলেন, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। যদি আয়করদাতা হয়েও আয়কর বিবরণী জমা না দিয়ে থাকেন, তাহলে বিধি অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। তাঁদের মধ্যে কেউ যদি ইতিমধ্যে নির্বাচিত হয়েও যান, তাহলেও অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
প্রার্থীদের অনেকে বলেছেন যে তাঁদের করযোগ্য আয় নেই। আবার কেউ কেউ বলেছেন, তাঁদের আয়কর বিবরণী জমা হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা ওঠেনি। এখানে কোনো ভুলভ্রান্তি আছে কি না, সে সম্পর্কে পরিষ্কার করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই।
প্রচলিত রীতি অনুযায়ী প্রার্থীদের ঘোষিত সম্পদ ও আয়ের বিবরণী, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের উৎস প্রভৃতি সম্পর্কে প্রার্থীদের তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাচাইয়ের জন্য এনবিআরে পাঠানো হয়। যদি কোনো প্রার্থী তাঁর আয় করযোগ্য নয় বলে দাবি করেন, তাহলে তিনি নির্বাচনী ব্যয় কোথা থেকে সংগ্রহ করবেন এবং সেই সব উৎসের আয়সক্ষমতা সম্পর্কে এনবিআর অনুসন্ধান করে দেখতে পারে। এই অনুসন্ধান-রীতিটি অব্যাহত রাখা দরকার।
দশম নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে প্রার্থীদের সম্পদ বিবরণী ও আয়কর-সম্পর্কিত তথ্যাদি যাচাই করার দায়িত্বটি কমিশন এড়িয়ে যেতে পারে না। ঘোষিত আয় এবং এনবিআরের তথ্যে গরমিল থাকলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।