প্রার্থীদের চালচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও প্রার্থীদের চারিত্রিক বৈশিষ্ট্য বৈচিত্র্যে ভরপুর। সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে বের করেছে যে তাঁদের অর্ধেকই ব্যবসায়ী। ৫৪০ জন প্রার্থীর মধ্যে ব্যবসায়ী আছেন ২৮২ জন, যা শতকরা ৫২ জন। উল্লিখিত প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ২৭১ জন আয়কর দেন। তবে সেই আয়কর তাঁদের প্রকৃত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না, সে প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ নেই। এই প্রার্থীদের ১০ শতাংশের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, সেটি গুরুত্বপূর্ণ খবর নয়, গুরুত্বপূর্ণ হলো বিগত আমলে এই মামলার সংখ্যা অনেক বেশি ছিল। অর্থাৎ ক্ষমতায় থাকতে অলৌকিকভাবে তাঁরা যেমন সম্পদ আহরণ করেছেন, তেমনি মামলাও প্রত্যাহার করিয়ে নিতে সক্ষম হয়েছেন।
সুজনের বিশ্লেষণে আরও জানা যায়, প্রার্থীদের মধ্যে ৭১ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এই ডিগ্রি সংসদের গুণমান বাড়বে সেই নিশ্চয়তা দেওয়া যায় না। কেননা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ৮২ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর হলেও নবম সংসদের বেহাল অবস্থা দেশবাসী প্রত্যক্ষ করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন যশোরের আফিল উদ্দীন, যিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন ভোটকেন্দ্র দখল করে নৌকায় ভোট দেওয়ার জন্য। তিনি কীভাবে ভোটকেন্দ্র দখল করতে হবে, কীভাবে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তার নির্দেশও দিয়েছেন। এ ধরনের অবৈধ নির্দেশদাতার বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়। এ রকম ব্যক্তি সাংসদ হলে আগামী দিনে কোনো ভোটারকেই আর ভোটকেন্দ্রে যেতে হবে না।
পুরোনো ঢাকার দুজন স্বতন্ত্র প্রার্থীর আমলনামাও এখানে আমলে নেওয়া জরুরি বলে মনে করি। ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সহিদের বাসা থেকে র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধার করলে তিনি সেটিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। অন্যদিকে ঢাকা-১৩-এর আওয়ামী লীগের প্রার্থীর জনসভায় বোমা হামলার ঘটনায় সন্দেহের ইঙ্গিত রয়েছে স্বতন্ত্র প্রার্থী হাজি সেলিমের দিকে। নির্বাচনের আগেই যাঁদের চরিত্রের এসব ‘গুণাবলি’ প্রকাশিত হয়ে পড়েছে, নির্বাচিত হওয়ার পর তাঁরা দেশ ও জনগণের জন্য কী করবেন, সেটি অনুমান করা কঠিন নয়।