প্রিজন ভ্যানে নারীর হেনস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কারাবাস আর নরকবাসের মধ্যে প্রায়ই পার্থক্য করা যায় না। কারাবন্দী নারীদের অবস্থা আরও খারাপ। এটা এমন এক বিষয়, যা সবাই জানে, কিন্তু কারোরই যেন কিছু করার নেই। কিন্তু সভ্যসমাজের সারিতে থাকতে হলে এদিকে নজর দিতেই হবে।
প্রিজন ভ্যানে নারী বন্দীদের হেনস্তা হওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে শনিবারের প্রথম আলো। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পটভূমি থেকে সংবাদটি সংগ্রহ করা হলেও এটি সারা দেশেরই পরিস্থিতি। যাঁদের মামলা বিচারাধীন, তাঁদের তারিখে তারিখে আদালতে হাজির করতে হয়। নারী-পুরুষ সবাইকেই পুলিশ একই বন্দীদের বহনকারী গাড়ি বা প্রিজন ভ্যানে করে আদালতে আনা-নেওয়া করে। সাধারণত যা হয়; এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। পুরুষ বন্দীদের মধ্যে সব সময়ই দু-চারজন থাকেন, যাঁরা সহযাত্রী নারী বন্দীদের কটূক্তি করেন, মুখের ভাষা দিয়ে যৌন হয়রানি করাসহ নানাভাবে হেনস্তা করেন। প্রিজন ভ্যানের প্রহরী পুলিশরা বন্ধ দরজার ওপাশে থাকায় নারীরা হয়ে পড়েন সম্পূর্ণ সহায়হীন। কোনো কোনো ক্ষেত্রে পুরুষ পুলিশের দ্বারাও তাঁরা হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে।
ব্যাপারটা সংশ্লিষ্ট সবারই জানা। অথচ কারও ভ্রুক্ষেপ নেই। প্রথম আলোর সংবাদে চট্টগ্রামের জেলা প্রশাসক এ ধরনের হেনস্তার কথা স্বীকার করলেও, অতীতে কেন ব্যবস্থা নেননি; তার কোনো উত্তর নেই। ব্যাপারটা দেখার কথা পুলিশ ও কারা প্রশাসনের। অথচ যুগের পর যুগ চলে গেলেও এসব নারী বন্দীর সম্মান ও অধিকার রক্ষার কথা তাঁরাও ভাবেননি। একজন অভিযুক্ত আসামি কিংবা দণ্ডিত অপরাধী মানে অধিকারহীন বন্দী জীব নন। তাঁরও অধিকার রয়েছে, তাঁরও রয়েছে মানুষ হিসেবে মূল্যায়িত হওয়ার দাবি। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নীতিনির্ধারকদের অনেকের মধ্যেই এমন দৃষ্টিভঙ্গির সগৌরব উপস্থিতি আছে, যা নারীবান্ধব নয়।
যত দ্রুত সম্ভব কারাগারগুলোতে বন্দী থাকা নারীদের অধিকার বিষয়ে একটা কমিশন গঠন করা উচিত। সেখানে বন্দীদের কী কী অধিকার লঙ্ঘিত হয়, তা চিহ্নিত করা দরকার। এরপর প্রয়োজন প্রতিকার। বন্দীদের কারা-পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ থাকতে হবে, যাতে তাঁরা নির্ভয়ে তাঁদের হেনস্তার প্রতিকার চাইতে পারেন। চট্টগ্রামের মতো ঘটনা সারা দেশেই মিলবে। অবিলম্বে এর প্রতিকার করা উচিত।