স্কুল-কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ, ভবিষ্যতে প্রোগ্রামের ক্ষেত্রে লাখ লাখ দক্ষ প্রোগ্রামারের ঘাটতি হবে। এ ক্ষেত্রে বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে শুধু প্রোগ্রামিং দ্বারা। শুধু যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইতালিতে ২০১৫ সালে দক্ষ প্রোগ্রামারের ঘাটতি হবে প্রায় আড়াই লাখ, যা এ দেশের বেকার সমস্যা দূর করার জন্য ব্যাপকভাবে সম্ভাবনা তৈরি করেছে।
প্রোগ্রামিং সংকেত লেখার কোডিং যথোপযুক্ত ও সহজভাবে শেখানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যাতে সহজেই কোডিংগুলো শিখতে পারে, সে ব্যবস্থা করতে হবে। সারা বছর যাতে প্রোগ্রামিং শেখা যায়, সে ব্যবস্থা করতে হবে এবং সবার জন্যই এই প্রোগ্রামিং শিক্ষার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল সংগঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।