দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি মো. মাহমুদুল হাসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস কোর্স) দ্বিতীয় বর্ষ (২০০৯-১০) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ভালো পরীক্ষা দিই। কিন্তু ফল প্রকাশের পর রাষ্ট্রবিজ্ঞান (মান উন্নয়ন) প্রথম পত্রে নম্বর পাই ১৫ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে নম্বর পাই ১৮, যা দেখে আমি অবাক হই। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনপত্র পূরণ করে খাতা আবার যাচাইয়ের আবেদন করি। কিন্তু ৮-১০ মাস পার হওয়ার পরও কোনো ফলাফল প্রকাশ করা হয়নি।
তবে ফলাফল যদি প্রকাশ না করা হয়, তাহলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ফরমের ব্যবস্থা কেন রাখা হয়েছে, প্রশ্ন থেকে যায়। আমার মতো অনেক ছাত্রছাত্রী আবেদন করে ফলাফল পাননি৷
তাই আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে এ ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট যাতে কমে আসে, সে জন্য সরকারের দৃষ্টি কামনা করি।
মো. মাহমুদুল হাসান
টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর।