ফল বিক্রয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে লিচু বিক্রি হয় শ হিসেবে। কিন্তু পাঠক-ক্রেতা কোনো দিন কি ১০০-এর ওই থোকাটি গুনে দেখেছেন? আপনি গুনতে চাইলেও আপনাকে বেশ কটি ফাউ ধরিয়ে দিয়ে বলা হলো ‘বেশি আছে’ আর আপনিও সন্তুষ্ট হয়ে খুশি মনে থোকাটি নিয়ে চলে গেলেন। আর যে ক্রেতা ফ্রি পাওয়ার পরও সন্তুষ্ট হতে না পেরে গুনতে শুরু করবেন, দেখবেন বিক্রেতা কিছুতেই আপনাকে গুনতে দিচ্ছে না। আপনার হাত থেকে থোকাটি কেড়ে নিয়ে বিক্রেতা নিজেই গোনা শুরু করবেন এবং তা করবেন আপনাকে দেওয়া সেই ফ্রি (অতিরিক্ত) লিচুগুলো দিয়ে। এরপরও দেখা গেল ১৫-২০টি লিচু কম। বিক্রেতার একেবারে সহজ উত্তর ‘খুলে ছুটে পড়ে গেছে।’

পাঠক-ক্রেতা, এরপর আর প্রশ্ন কিংবা বাড়াবাড়ি করলে হয়তো আপনাকেই নাজেহাল হতে হবে। মনে হচ্ছে ওরা সংঘবদ্ধ প্রতারক চক্র। শুধু গণনায় কম নয়, ওজনযোগ্য ফলগুলো বিভিন্ন কৌশলে ওজনে কম দেওয়া হচ্ছে। লক্ষ করবেন, ডিজিটাল ম্যাগা স্কেলটি দর্শনীয় স্থানে না রেখে বিক্রেতার পেছনে রেখে মাপার সময় এমনভাবে দাঁড়াচ্ছে যাতে ক্রেতা স্কেলের স্ক্রিনের লেখাটি দেখতে না পায়। গণনা-ওজনে কম দেওয়া ছাড়াও অভিনব কায়দায় আমার বাছাইকৃত আমের ঠোঙাটি বদল করে অন্য একটি ঠোঙা ধরিয়ে দেওয়ার মতো প্রতারণার শিকার আমি নিজেও দু-একবার হয়েছি। তাই পাঠক-ক্রেতাসাধারণকে উল্লিখিত প্রতারণা ও কারচুপি থেকে সাবধান ও সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

আলমগীর হোসেন

হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম।