ফলের গাছ ও লাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃক্ষরোপণের মৌসুম দোরগোড়ায়। বৃক্ষরোপণের প্রতি আমাদের দেশের মানুষ এখন অনেক সচেতন। তবে লক্ষণীয়, শহর অথবা গ্রাম, অফিস অথবা বাসাবাড়ি, কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—সবখানেই বনজ বৃক্ষরোপণের প্রতি মানুষের ঝোঁক। এর একটা প্রধান কারণ বাণিজ্যিক। অর্থাৎ কাঠজাতীয় গাছ, যেমন: সেগুন, মেহগনি, একাশিয়া ইত্যাদি অর্থনৈতিক দিক দিয়ে ভালো। কিন্তু এর অনেক নেতিবাচক দিক আছে, যা সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। যেমন, এ ধরনের গাছ লাগানোর ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়, অনেক পানি শোষণ করে বলে পরিবেশের জন্য ক্ষতিকর। এ ছাড়া বাণিজ্যিকভাবে লাভবান হতে হলে দীর্ঘ সময় লাগে। অর্থাৎ ভালো কাঠ পেতে গাছটির বয়স কমপক্ষে ১০-১২ বছর হতে হয়। এসব গাছে পাখি, মৌমাছি, প্রজাপতি বসে না। আমরা এখন ফুল বা ফলের গাছ লাগাতে আগ্রহী হই না। অথচ ফলদ বৃক্ষ আমাদের জন্য কতটা প্রয়োজন, তা বলে শেষ করা যাবে না। যেখানে একটু গাছ লাগানোর মতো জায়গা আছে, সেখানে আমরা যদি ফলের গাছ লাগাই—বিশেষ করে দেশি ফল আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকী, পেয়ারা ইত্যাদি, যা অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর, ভিটামিন ও খনিজসমৃদ্ধ, তাহলে আমাদের শরীরের জন্য উপকার হতো।

এখন তো অনেক দেশি ফল পাওয়া যায় না। যাও পাওয়া যায়, তা বিষাক্ত রাসায়নিক মেশানো। ফলের গাছ রোপণের তিন-চার বছরের মধ্যেই ফল ধরে। এতে কেবল মানুষই উপকৃত হয় না, প্রকৃতিকে সুন্দর-সজীব ও ভারসাম্য বজায় রাখতে যেসব প্রাণীর অবদান আছে, তাদেরও উপকার হয়। ফলের গাছে ফুল ধরে, এই ফুল ও ফলের জন্য প্রজাপতি, পাখি, মৌমাছি, কাঠবিড়ালি ইত্যাদি গাছে আসে। তাতে প্রকৃতি ও পরিবেশ সুন্দর থাকে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িতে বেশি করে দেশজ ফলের গাছ লাগানোর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি।

তাসনীম চৌধুরী

কাগাবলা, মৌলভীবাজার।