কৃষিপ্রধান এই বাংলাদেশের খাদ্যশস্যের বড় মৌসুম বলতে বোরো মৌসুমকে বোঝানো হয়। আপনি নিশ্চয় অবগত আছেন, পৌষ মাসে সাত-আট ডিগ্রি তাপমাত্রায় এ দেশের কৃষকেরা খেতে বোরো ধানের চারা রোপণ করেন। আর এই বোরো ফসলের ওপর নির্ভর করেই আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এতে আপনার সরকারের প্রণোদনাও কম নয়। সেচসুবিধাসহ সার, বীজ, কীটনাশক, এমনকি আর্থিকভাবেও সহায়তা দান করে এই বোরো মৌসুমে ধানচাষকে বেগবান করা হয়েছে। কিন্তু বপন ও রোপণের প্রণোদনায় কোনো ফল বহন করবে না, যদি সেই ধান আমরা গোলাজাত করতে না পারি।
আমাদের দেশে এখন কালবৈশাখীর সময়। প্রকৃতি বিরূপ আচরণ শুরু করলে এই বিশাল আশা-প্রত্যাশা ও শ্রম সমূলে বিনষ্ট হয়ে যাবে। তা ছাড়া এখন ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ফসল তোলা অসম্ভব ব্যাপারও বটে। আর মাত্র কয়েক দিনের মধ্যে লাখ লাখ একর জমির ধান কাটাই-মাড়াই করে ঘরে তুলতে প্রয়োজন অসংখ্য শ্রমিকের। কিন্তু এত শ্রমিক একসঙ্গে জোগান দেওয়া এ দেশের কৃষকদের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া একসঙ্গে এত শ্রমিকের চাহিদা বাড়া শ্রমমূল্য দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। এতে করে কৃষকেরা কখনোই বোরো চাষ করে লাভের মুখ দেখতে পান না।
তাই যদি এই ভরা মৌসুমে আমাদের দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ফসল সংগ্রহের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তবে কৃষক পরিবারের সন্তানেরা মাঠে তাদের বাবার কাজে সাহায্য করে কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারবে। কেবল এভাবেই মাঠে মাঠে অতিরিক্ত শ্রমিক যোগ দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে আমাদের দেশের বেকার যুবসমাজকে সংগঠিত করে জরুরিকালীন ফসল সংগ্রহের কাজে যুক্ত করা যেতে পারে।
এমনকি দেশের সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকে ফসল তোলা মৌসুমকে জরুরিকালীন অবস্থা বিবেচনা করে এ কাজে নিয়োগ করলে দেশবাসী নিশ্চয়ই উপকৃত হবে এবং দেশের কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে সোনার ফসল ঘরে তুলে তাঁদের শ্রমকে সার্থক করে তুলতে পারবেন। কেননা, প্রতিবছর বৈরী প্রাকৃতিক পরিবেশে আমাদের দেশের প্রচুর ফসল বিনষ্ট হয়ে থাকে। আশা করি, বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করে এর প্রতি গুরুত্বারোপ করা হবে এবং জেলা প্রশাসনের নেতৃত্বে দেশজুড়ে ফসল কাটার মৌসুম ঘোষণা যেতে পারে। বিষয়টি নিশ্চয়ই সদয় বিবেচনার দাবি রাখে।
মো. শাহিনুর রহমান খান,
শিক্ষক, বসুন্দিয়া সদর, যশোর।