ফাঁদে পা: আনিসুল হকের প্রতিক্রিয়া ও আমার কথা

অগ্রজ আনিসুল হকের অনলাইন অভিমতের সঙ্গে অমিল নেই আমার। গত ১ সেপ্টেম্বর প্রথম আলোর মুদ্রণ সংস্করণে ছাপা হয়েছিল ‘বিএনপির বিকল্প ও মির্জার সঙ্গে এক ঘণ্টা।’ আনিসুল যদি বলতেন, আমার ওই লেখার সঙ্গে ‘আওয়ামী লীগকেই ফাঁদে ফেলুক বিএনপি’ লেখাটির মধ্যে বিরোধ ঘটল কি না? আমি আমার আগের অবস্থান থেকে সরে এসেছি কি না? এর উত্তর হতো: না। আমি ওই নিবন্ধে লিখেছিলাম, ‘বিএনপির উচিত হবে শেখ হাসিনার অধীনেও নির্বাচনে যাওয়ার বিকল্প খুলে রাখা ও প্রস্তুতি নেওয়া। সেনাশাসন থেকে উত্তরণে ভোটাস্ত্রের প্রয়োগ কার্যকর হলে নির্বাচিত স্বৈরশাসন থেকে উত্তরণ কিংবা হাতবদলে ভোটাস্ত্র ব্রহ্মাস্ত্র হবে না কেন।’
আমরা আরেকটি সুনামিতুল্য রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছি। আসলে তো গণতন্ত্রে কোনো ‘ফাঁদ’-এর জায়গা নেই। মুশকিল হলো প্রধান রাজনৈতিক দলগুলো প্রকৃত গণতন্ত্রচর্চা থেকে অনেক দূরে। একটি সংসদ থেকে আরেকটি সংসদের গঠনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংস্কার বা পরিবর্তন ঘটে না। শাসনগত মৌলিক প্রশ্নে চাওয়া-পাওয়া এবারের পর্বেও যথারীতি সীমিত। দুই দলের মধ্যকার ‘মতাদর্শগত’ বিরোধ যা আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, সেগুলো একান্তভাবে দলীয় দৃষ্টিভঙ্গিপ্রসূত, যাকে আমরা বলি রাজনৈতিক। কিন্তু প্রশাসন দলীয়করণ, বিচার বিভাগকে সাংবিধানিকভাবে সরকারের কাছে ধরা খাওয়া অবস্থায় রেখে দেওয়া, দলের তহবিলের স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে দুই বড় দলের মধ্যে কাজিয়া নেই। সরকারের পরিবর্তন ঘটলে জঙ্গিবাদ হানা দেবে, স্বাধীনতা বিপন্ন হবে, এগুলোর গ্রহণযোগ্যতা প্রশ্নে সমাজ বিভক্ত। বিদেশি বন্ধুদের মধ্যেও মতৈক্য আছে। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম সপ্তাহের গোড়ায় ঢাকায় এক ঘরোয়া নৈশভোজে অংশ নেন। সরকারের বদলে জঙ্গিবাদ পুনরুত্থানের আশঙ্কাকে তিনি সেখানে কার্যত নাকচ করেই মন্তব্য করলেন।
আগামী নির্বাচন সুষ্ঠু হলে ধরে নিতে হবে দুই বড় দলের মধ্যে যেকোনো একটি সরকার গঠন করতে পারে। যদিও বিরোধী দলের সম্ভাবনাকে অপেক্ষাকৃত উজ্জ্বল মনে করা হয়। সবাই সমঝোতা আশা করেন। আমিও করি। আনিসুল হকও করেন। কিন্তু আমাদের মতো অনেকের ইচ্ছায় রাজনীতির গতিপথ পরিচালিত হবে না। সম্ভবত যাঁরা দৃশ্যত চালকের আসনে বসে আছেন, তাঁরা সব পরিস্থিতিতে নিরঙ্কুশভাবে তাঁদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন তা ইতিহাসের শিক্ষা নয়। তাই আমরা শান্তিপূর্ণ বিকল্পগুলো নিয়ে কথা বলি।
কিছুদিন ধারণা করেছিলাম, শেখ হাসিনা হয়তো সরে যাবেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মতো কেউ অন্তর্বর্তীকালীন প্রধান হবেন। কিন্তু শেখ হাসিনা বলেছেন, একচুলও নড়বেন না। বিএনপিও বলছে, তারা শেখ হাসিনা তো ননই, আওয়ামী লীগের কাউকে রেখে নির্বাচনে যাবে না। এর পরও হতাশ হতে পারি না। কারণ গণতন্ত্র মানলে সমঝোতা শেষ মুহূর্তে হতে পারে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ। কাল ভোট হবে। আজ মধ্যরাতেও তা থামানো যেতে পারে। তাতে আর যা-ই হোক সংবিধান থেকে ছিটকে পড়া হবে না।
আনিসুল হক লিখেছেন, আমি সাদেক হোসেন খোকার দা-কুড়াল-খন্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বানকে বঙ্গবন্ধুর ৭ মার্চের আহ্বানের সঙ্গে তুলনা করেছি। না, এটা তুলনা ছিল না। আমি বলেছি, তাঁর স্টাইল বঙ্গবন্ধুর আহ্বানকে ‘স্মরণ’ করিয়ে দেয়। যাতে ভুল না বোঝা হয়, সে জন্য আমি সতর্ক ছিলাম। কিন্তু যথেষ্ট সতর্কতা যে ছিল না, তার প্রমাণ আনিসুল হকের মন্তব্য। তিনি বলেছেন, ‘আমি এই তুলনার বিরোধিতা করি। এটা প্রতিতুলনা।’ আসলে আমি তো প্রতিতুলনা অর্থেই স্মরণ করেছিলাম। তার প্রমাণ হলো, ওই লেখায় আমি লিখি, ‘এই স্মরণের অর্থ দাঁড়ায়, আমরা পরাধীন বাংলাদেশের সরকারকে যেভাবে খেদাতে চেয়েছি, সেভাবে আমরা স্বাধীন বাংলাদেশের সরকারকেও খেদাতে চাইছি এবং সেভাবেই খেদানোটা অভ্যাস করে ফেলেছি।’ আনিসুল হক বর্ণিত আমাদের রাজনীতিকদের ‘খোকাসুলভ’ মনোভাবকে কটাক্ষ করতেই ওই প্রতিতুলনা। তবে এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর ভাষণের অন্তর্নিহিত তাত্পর্য তিনি অল্পকথায় চমত্কার ফুটিয়ে তুলেছেন বৈকি।
চীনা উদ্যোগে সমঝোতার রুপালি রেখার ঝলক যদি আমাদের দেখায়, তাহলে আমরা নিশ্চয় তাকে স্বাগত জানাব। এখানেও তাঁর সঙ্গে দ্বিমত নেই। তবে আমি তাঁর সঙ্গে একমত হতে একেবারেই অপারগ হই, যখন তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হলো বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা।’ না, এতে আওয়ামী লীগের পৌষমাস হতে পারে। কিন্তু গণতন্ত্রের সর্বনাশ ঘটতে পারে। আনিসুল হক নিজেও বিএনপির জয়লাভের সম্ভাবনা উড়িয়ে দেননি। তাহলে এ রকম একটি দলকে নির্বাচনের বাইরে রাখলে কি করে একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হতে পারে?
সমঝোতা না হলেও বিএনপি সবভাবেই দেখবে। প্রয়োজনে শেখ হাসিনার অধীনেও তারা নির্বাচনে যাবে। সেটা হবে গণতন্ত্রের অগ্নিপরীক্ষা। এতে তারা জয় পেতেই পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপ করতেন। ভাসানী সত্তরের নির্বাচন বয়কট করেছিলেন। তাঁকে বললাম, বঙ্গবন্ধু সত্তরের নির্বাচন বয়কট করলে স্বাধীন বাংলাদেশ এভাবে পেতাম না। তিনি স্বীকার করলেন, সেটা ছিল ঐতিহাসিক ভুল। অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ বলে আবার শেখ হাসিনা ছিয়াশির নির্বাচনে গিয়েছিলেন। তাতে দলীয়ভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভের ফসল বিএনপি গোলায় তুলেছে। কিন্তু এটাই আমাদের ইতিহাস যে, আমাদের নেত্রী সামরিক দলীয় সরকারের অধীনে নির্বাচনে গিয়েছিলেন।
বিএনপি নির্বাচন বর্জন করলে তাকে তারা গণতান্ত্রিক অধিকার বলতে পারে। কিন্তু শান্তিপূর্ণ বর্জন আর হিংসাত্মক বর্জন এক নয়। বাংলাদেশি মানের গণতন্ত্রের শর্ত মতে আওয়ামী লীগ বলতে পারে, তারা ইচ্ছামতো সংবিধান শোধরাতে জনগণের দ্বারা অধিকারপ্রাপ্ত। কিন্তু বিএনপি ততটা জোরে বলতে পারে না, তারা সশস্ত্র আন্দোলন করে নির্বাচন বানচাল করবে। সে কারণেই আমার সুপারিশ অহিংস উপায়ে নির্বাচন বর্জনের। এটা তার গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগের পাতা ‘ফাঁদে’ সে পা দেবে আওয়ামী লীগকেই রাজনৈতিক এতিম বানাতে।
আমি হলফ করে বলতে পারি, আওয়ামী লীগ এখন একটি কনস্টিটিউশনাল ফান্ডামেন্টালিস্টের মতো আচরণ করছে। এটা তাঁর অগণতান্ত্রিক ফাঁদ। এই ফাঁদে বিএনপি গণতান্ত্রিক উপায়ে জনগণকে ভয় না দেখিয়ে, সন্ত্রাস না করে, যুদ্ধাপরাধীদের অসত্ সঙ্গ পরিহার করে নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগ ‘রাজনৈতিক বৈধতার’ এক বিরাট সংকটে পড়বে। তবে তারা হুঁশিয়ার থাকবে, কুইনাইনের তেতো সম্পর্কে, লাভের গুড় যেন পিঁপড়ায় না খায়।
সামরিক শাসকদের আইনগত সংকট থাকে না। সাংবিধানিক সংকটের ভয়ে তারা ‘বিসমিল্লাহ’ কিংবা ‘রাষ্ট্রধর্ম’ চালু করেনি। তারা জনগণের কাছ থেকে রাজনৈতিক বৈধতা পেতে পিপাসার্ত থাকে। ৩৩ ভাগ ভোটের মালিক বিএনপিবিহীন একটি নির্বাচন করা মানে নিজের ফাঁদে নিজে পড়া। বিএনএফ দিয়ে আরও পাঁচ বছর শাসনের খোয়াব কেবল খোয়াবই থেকে যেতে পারে।
মিজানুর রহমান খান: সাংবাদিক