
ঈদ শেষ হলো কয়েক দিন আগে। এবার ফেরার পালা। কিন্তু ফিরছি কোথায় আমরা? কিংবা ফিরতেই কি পারছি আদৌ? ফেরা শেষ হওয়ার আগেই গতকাল ও আজ জামায়াতে ইসলামীর হরতাল। এরপর আরও রায় হলে অবধারিতভাবে আরও হরতাল ডাকবে জামায়াত। হরতালের আগে, হরতালের সময় চালাবে নির্বিচার ধ্বংসযজ্ঞ।
বিএনপিও শুরু করবে আন্দোলন। সরকারও তার বাহিনী প্রস্তুত রেখেছে। সর্বাত্মক আন্দোলন চলবে, চলবে সর্বাত্মক প্রতিরোধ। বোমা, গাড়ি ভাঙচুর, র্যাব-পুলিশের তাণ্ডব, মামলা-হামলা, উপর্যুপরি হরতাল—এসব কি কোনোভাবে এড়ানো যাবে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে? কী হবে আমাদের কিংবা আমাদের সন্তানদের? কোন অন্ধকারে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমিকে? ঈদের আনন্দের আমেজ দ্রুতই ফিকে হতে শুরু করেছে এসব দুর্ভাবনায়।
এমনিতে এবার ঈদ কেটেছে মোটামুটি নির্বিঘ্নভাবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের চেষ্টায় রাস্তাঘাটের অবস্থার উন্নতি হয়েছে। শেষ সময়ের ঈদে সরকার সচেতন থেকেছে দ্রব্যমূল্য আর আইনশৃঙ্খলা অনেকাংশে সহনীয় রাখার ক্ষেত্রে। কিন্তু বহু মানুষ তার পরও বাড়িতে ঈদ করতে গেছে নানা দুর্ভাবনা নিয়ে। ঈদের পর জামায়াতের হরতালের কারণে তাদের শহরে ফেরা দুষ্কর হয়ে পড়েছে। যারা শহরে ছিল, ঈদের টানা বন্ধের পর হরতালের কারণে ১৬ আগস্টের আগে স্বাভাবিক হচ্ছে না তাদের জীবন। ১৬ আগস্টের পর কী হবে, তা চিন্তা করেও স্বস্তি পাওয়ার উপায় নেই।
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত না থাকার কারণ নেই। অক্টোবরের মাঝামাঝিতে কোরবানি ঈদের পর শুরু হবে দুই পক্ষের চূড়ান্ত মোকাবিলা। অক্টোবরের শেষ সপ্তাহে ভেঙে যাবে সংসদ। নির্বাচন করতে চাইলে অক্টোবর থেকেই শুরু করতে হবে এর আয়োজন। কিন্তু তার আগেই কোন সরকারের অধীনে নির্বাচন হবে, তা নিয়ে লড়াই আরও ঘনীভূত হবে। সংকট বাড়বে নির্বাচন কমিশন নিয়েও। এই কমিশন সরকারের প্রতি অনুকূল বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছে। নির্বাচনকালীন সরকার আর নির্বাচন কমিশন নিয়ে বিরোধ তাই বাড়বে।
অক্টোবরের আগেই এসব বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিরোধী দল চাইবে আন্দোলনের মাঠ-পরিস্থিতি গরম করে তুলতে। নিজেদের অধীনে নির্বাচন করার প্রশ্নে এখন পর্যন্ত অনড় সরকার চাইবে আন্দোলনকে গোড়াতে দমন করতে। সারা দেশে ইতিমধ্যে হাজার হাজার বিরোধী দলের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সামনের দিনগুলোতে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। শুধু বিরোধী দল নয়, ভিন্নমতাবলম্বী মানুষের প্রতিও সরকারের দমনমূলক মনোভাব কঠোর হওয়ার আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে। মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে বিতর্কিতভাবে গ্রেপ্তার করে সরকার ইতিমধ্যেই তার কাঠিন্যের আভাস দিয়েছে।
সমস্যা হচ্ছে, সরকার আর বিরোধী দল দুই পক্ষই কঠোর মনোভাবের পরিচয় দিলে গণতন্ত্র বিপন্ন হতে পারে দেশে। থমকে যেতে পারে আমাদের জীবিকা, জীবনপ্রবাহ আর অগ্রগতি।
দুই
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জেতার পর বিএনপির রাজনীতির মধ্যে সুস্থতা এসেছে। স্পষ্টতই দলটি এখন আগামী নির্বাচন প্রশ্নে কেন্দ্রীভূত থাকতে চাইছে। জামায়াতে ইসলামীর কোনো দায় গ্রহণ না করার ব্যাপারেও বিএনপির মধ্যে সতর্কতা রয়েছে। নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন হাইকোর্ট বাতিল করেছেন, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত অবকাশকালীন বিচারক স্বেচ্ছাপ্রণোদিতভাবে শুনানি করে এই রায় স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছেন। বিএনপি নিবন্ধন বাতিলের প্রতিবাদ জানালেও এ জন্য জামায়াতের অযৌক্তিক (অযৌক্তিক, কারণ সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগে নিবন্ধন মামলাটি এখনো নিষ্পন্ন হয়নি) হরতালে সায় দেয়নি।
জামায়াতের সঙ্গে বিএনপি তবু যে সম্পর্ক রেখেছে, তা দেশের অনেক মানুষকে অখুশি করছে। তবে তাদের মনোভাব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির জন্য সমস্যা তৈরি করবে না। এমন সম্পর্ক সমস্যাজনক হলে হেফাজতকে সমর্থন জানানো আর গণজাগরণ মঞ্চকে তীব্রভাবে বিরোধিতা করার পর বিএনপি পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে একচেটিয়া বিজয় অর্জন করত না। ফলে আগামী কয়েক মাসে বিএনপি ইসলামিক দলগুলোর সঙ্গে সমঝোতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে বলা যায়। অস্তিত্ব রক্ষার প্রয়োজনে বিএনপির কর্মসূচিতেও এসব দলের সর্বাত্মক অংশগ্রহণ থাকবে। বিএনপির আগামী দিনের কর্মসূচিতে তাই জনসমাগম অব্যাহত থাকার কথা। বিশেষ করে অক্টোবরে সংসদ ভেঙে যাওয়ার পর সরকারের লেজিটিমেসির ঘনত্ব কমে যাবে বলে আন্দোলনের তীব্রতা এ সময় বহুলাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন হচ্ছে, বিএনপি এই আন্দোলনের রশি কতটুকু টানবে? আন্দোলন অরাজকতার দিকে চলে গেলে সরকার এর মধ্যে নির্বাচন বানচাল করার অজুহাত খুঁজবে। আন্দোলন যথেষ্ট তীব্র না হলে সরকার এককভাবে নির্বাচন করার চেষ্টা করতে পারে। সরকারকে নমনীয় করার মতো যথেষ্ট তীব্র, কিন্তু তা অরাজক ধরনের নয়—এমন আন্দোলন ব্যবস্থাপনা কি বিএনপির পক্ষে সম্ভব হবে? জামায়াত, হেফাজত ও অন্য ইসলামিক দলগুলোর নানা ধরনের উসকানিতে তা করা দুঃসাধ্য হয়ে উঠতে পারে বিএনপির জন্য। তবে আন্দোলনের মাত্রা যা-ই হোক না কেন, তা যে জনগণের দুর্ভোগ সৃষ্টির জন্য যথেষ্ট হবে, তা নিয়ে সন্দেহ নেই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, এত দুর্ভোগের পর ক্ষমতায় এলে বিএনপি যে সুশাসন প্রতিষ্ঠা করবে, তার কোনো আলামত নেই এখনো।
তিন
আওয়ামী লীগ সরকার তার জনপ্রিয়তার ভরাডুবি টের পেয়েছে অনেক দেরিতে। কিছু উদ্ভট জরিপ আর তথ্যের ওপর ভিত্তি করে কেউ না চাইতেই সরকার পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন দিয়েছিল। পাঁচটি নির্বাচনে একচেটিয়া পরাজয়ের ধাক্কা সামলাতে আওয়ামী লীগ যেসব পদক্ষেপ নিয়েছিল, তাও ইতিমধ্যে ভুল বা অপ্রতুল প্রমাণিত হয়েছে। যেমন: লিমনের মামলা প্রত্যাহারের পর এ ধরনের পদক্ষেপের কোনো ধারাবাহিকতা না থাকায় এটি অনুল্লেখ্য হয়ে পড়েছে। বরং অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তারের পর এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইছে। অধিকার দাবি করেছিল, ৫ মে হেফাজতের সমাবেশে সরকারের হামলায় ৬১ জন নিহত হয়েছিল। সরকার এদের এবং এদের আত্মীয়স্বজনের বিশদ পরিচয় জানতে চেয়েছিল অধিকারের কাছে। অধিকার আশঙ্কা করেছিল, সরকার পরিচয় জানলে এসব আত্মীয়স্বজনের ওপর নির্যাতন চালাতে পারে। তাই তারা এসব তথ্য বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলে তার কাছে প্রদান করবে বলেছিল। অধিকারের এই অবস্থান আদিলুর রহমানকে গ্রেপ্তারের কারণ হিসেবে ব্যাখ্যা করছে পুলিশ। এটি দেশে-বিদেশের কোনো মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, মনে হওয়ার কথাও নয়। আদিলুরের গ্রেপ্তার বরং ভিন্নমত ও মানবাধিকারের প্রতি সরকারের চরম অসহিষ্ণুতার আরেকটি প্রমাণ হিসেবে উপস্থাপিত হচ্ছে।
সরকারের ঘুরে দাঁড়ানোর আরেকটি চেষ্টা ছিল প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়কে উপস্থাপনের মাধ্যমে। জয় কয়েকটি সভায় বক্তব্য দিয়েছেন, কিন্তু এতে তাঁর শিক্ষা ও আন্তর্জাতিকতাবোধের পরিচয় পাওয়া যায়নি। বরং আওয়ামী লীগের কুচুটে নেতাদের মতো তিনি বিরোধী দলের সমালোচনা করেছেন, আত্মসমালোচনা না করে উন্নয়নের বাণী ফলাওভাবে প্রচারের গতানুগতিক বক্তব্য দিয়েছেন। ঈদের আগেই দেশ ছেড়ে তিনি যে স্রেফ একজন অতিথি-রাজনীতিবিদ, এই ধারণাকে আরও জোরদার করেছেন।
সম্ভবত জয়ের বক্তব্যে প্রভাবিত হয়ে সরকারপক্ষ রাজধানীর বিলবোর্ড রাতারাতি দখল করে তাদের উন্নয়নের বয়ান তুলে ধরেছে। বিলবোর্ডের গতানুগতিক ও দৃষ্টিকটুভাবে উপস্থাপিত বক্তব্যে মানুষ কতটুকু প্রভাবিত হবে, তা নিয়ে সন্দেহ আছে। তবে অন্যের বিলবোর্ড অন্যায়, অপরাধমূলক ও অনৈতিকভাবে দখল যে বহু মানুষকে বিরক্ত করেছে, তা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ ঈদের পর উন্নয়নের আরও ব্যাপক প্রচারণায় নামবে বলে ঘোষণা এসেছে। এ ধরনের প্রচারণা দিয়ে সফল হওয়ার কারণ নেই। এমন সম্ভাবনা থাকলে সরকারি উন্নয়নের ‘মাইক্রোফোন’ বিটিভির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসত না।
জনপ্রিয়তা পুনরুদ্ধারের সময় আসলে নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগ এটি যত বেশি বুঝতে পারবে, বিরোধী দলকে নির্যাতন করে দমানোর চেষ্টা ততই জোরদার হবে বলে আমার আশঙ্কা। ব্যাপক নির্যাতন অরাজক আন্দোলনকে উসকে দিতে পারে, এমন আন্দোলনে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান দুষ্কর হয়ে উঠতে পারে। কোনো দিক থেকেই সামাল দিতে ব্যর্থ হলে আওয়ামী লীগ তা-ই চাইতে পারে। অরাজকতার উসকানি দিয়ে এবং নির্বাচনে বিএনপি জিতলে মৌলবাদের তাণ্ডব সৃষ্টি হবে, এই প্রচারণা চালিয়ে নির্বাচন বাতিল করে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার চেষ্টা আওয়ামী লীগ করতে পারে। তবে তা দেশে আরও দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করবে।
চার
ঈদ শেষে তাই এক অনিবার্য অনিশ্চয়তার দিকে যাত্রা শুরু হচ্ছে আমাদের। এই অনিশ্চয়তা কেটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা এখনো আছে। আমাদের নেতারা যদি ওয়ান-ইলেভেন পিরিয়ডের দুঃসহ স্মৃতি মনে রাখেন, যদি বিএনপি জিতলে মৌলবাদের তাণ্ডব সৃষ্টি হবে—এই প্রচারণায় দাতাগোষ্ঠী প্রভাবিত না হয়, যদি জনগণ ভোটাধিকারের প্রশ্নে অতীতের মতো সোচ্চার থাকে, তাহলে শেষ মুহূর্তে নির্বাচন প্রশ্নে কোনো রাজনৈতিক সমঝোতা হতেও পারে।
দেশের স্বার্থে এই সমঝোতার বিকল্প নেই।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।