চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল গেট থেকে সেনানিবাস মোড় পর্যন্ত সড়কের ফুটপাতে অবৈধ হকারদের রাজত্ব চলছে। এ নিয়ে পত্রিকায় ব্যাপক লেখালেখি হয়েছে। এখনো হচ্ছে। তবু কাজ হচ্ছে না। প্রতিদিন প্রতিযোগিতামূলকভাবে এখানকার ফুটপাতগুলো দখল করে নিচ্ছে একটি মহল। অবশ্য পত্রিকায় সংবাদ প্রকাশের পর বায়েজিদ থানার পুলিশ রাস্তা-নালা ও ফুটপাত থেকে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। কিন্তু কদিন পরেই আবার সেগুলো ফিরে আসে। ফুটপাত দখলকারী ব্যক্তিদের উৎপাতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যে কেউ এর প্রতিবাদ করলে তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করে। এ ছাড়া রাস্তা ও ফুটপাতের ওপর টেম্পো-রিকশার মেরামতকাজ ও ভাঙারি দোকানির মালামাল ফেলে রাখার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তার ওপর দিয়ে পথ চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। যানজট, দুর্ঘটনা, ছিনতাই বখাটেপনা, মাদক ব্যবসা, মাদকসেবী ও বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ার পাশাপাশি
অবৈধ দখলকারীদের কারণে নালার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। কিছুদিন আগে বায়েজিদ থানার পুলিশ বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করলে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও ফুটপাত-নালার রাস্তা দখল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। তাই জরুরি ভিত্তিতে টেক্সটাইল গেট থেকে সেনানিবাস মোড় পর্যন্ত সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের স্থায়ীভাবে উচ্ছেদ করার আবেদন জানাচ্ছি।
মো. মাসুদ রানা
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।