ফুটপাতহীন এক মহানগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফুটপাতগুলো পথচারীদের নয়, ওগুলো হকারদের দখলে চলে গেছে অনেক আগেই। হকারদের ভাসমান দোকানপাটের ফাঁকফোকর দিয়েই চলাফেরা করতে হয় পথচারীদের। কিন্তু সে উপায়ও ক্রমে সংকুচিত হয়ে আসছে। ফুটপাতের নতুন দখলদার হয়েছে মোটরসাইকেলচালকেরা। আপনি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, পেছন থেকে মোটরসাইকেলের সারি ক্রমাগত হর্ন বাজাতে থাকবে। আপনি সরে না দাঁড়ালে মোটরসাইকেলের চালকেরা আপনার দিকে আগুনচোখে তাকাবেন। কেউবা চিৎকার করে ধমক দেবেন: ‘ওই মিয়া, কানে শোনেন না?’ এমনকি কোনো জবরদস্ত মোটরসাইকেলচালক তাঁর বাহনটি আপনার গায়ের ওপর তুলেও দিতে পারেন।
হাইকোর্টের একটা আদেশের খবর সংবাদমাধ্যমে পড়েছিলাম: ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষেধ। কী আশ্চর্যের ব্যাপার! ফুটপাত যে শুধু পায়ে চলার পথ, সেখানে যে আর কোনো যানবাহন তোলা যায় না—এই কথা স্মরণ করিয়ে দিতে হাইকোর্টকে আদেশ জারি করতে হয়! কিন্তু এতে আমরা কেউ অবাক হই না। এই দেশে এমন কিছু নেই যা এই বঙ্গবাসীকে অবাক করতে পারে। হাইকোর্টের সেই আদেশও কেউ মানে না। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সেই আদেশ কাউকে মানিয়ে চলতে বাধ্য করতেও পারেন না। দুঃখের বিষয়, পথচারীরাও ফুটপাতের ওপর তাঁদের ‘অধিকার’ মেনে নিয়েছেন। ফুটপাতের মোটরসাইকেলের চালকদের তাঁরাও কিছু বলেন না।
মোটরসাইকেলচালক ও হকারদের দখল থেকে রাজধানীর ফুটপাতগুলো উদ্ধার করতে ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্ম, যাঁরা ঢাকায় থাকেন, তাঁরা কি ফেসবুকের মাধ্যমে একটা আন্দোলন শুরু করতে পারেন না?
আদনান
ধানমন্ডি, ঢাকা।