ফুটপাতে মোটরসাইকেল
বিশ্বের জনবহুল রাজধানীগুলোর তালিকায় আমাদের ঢাকা প্রথম সারির একটি। আমাদের এই রাজধানী শুধু অধিক জনসংখ্যাপূর্ণই নয়, অত্যধিক যানবাহনপূর্ণও বটে। আমি এই রাজধানী ঢাকার মিরপুর এলাকার একজন বাসিন্দা। যানজটে পরিপূর্ণ এই শহরে দিনের পর দিন নতুন নতুন আরও অনেক ভোগান্তি যোগ হচ্ছে। তারই একটি হলো মানুষের হাঁটাচলার জন্য নির্মিত ফুটপাতে মোটরসাইকেল আরোহীদের অবাধ বিচরণ।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকাটি একটি অধিক জনবহুল এলাকা হিসেবে রাজধানীবাসী অনেকের কাছেই পরিচিত। সাধারণত কার্যদিবসের প্রায় প্রতিদিনই কর্মঘণ্টার শেষের সময় এই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিশাল যানজটের সৃষ্টি হয়। এর প্রভাবে আশপাশের সংযুক্ত সড়কগুলোতেও দেখা দেয় তীব্র যানজট। আর তখনই এই সড়কসংলগ্ন ফুটপাতগুলোয় হাঁটাচলা করলে লক্ষ করা যায় মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাফেরা। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে না থেকে তাঁরা ফুটপাতের ওপর দিয়ে চলাফেরা শুরু করেন, এতে সাধারণ মানুষকে হাঁটাচলাতেও পড়তে হয় নতুন ভোগান্তিতে, পাশাপাশি থেকে যায় দুর্ঘটনার ঝুঁকিও।
শুধু মিরপুরের এই এলাকায় নয়, রাজধানীর অন্যান্য জনবহুল এলাকায়ও এই দৃশ্য পরিলক্ষিত হয়। এটি বন্ধ করার লক্ষ্যে হাইকোর্ট থেকে কিছুদিন আগে একটি রুল জারি করা হয়। দুঃখজনক হলেও সত্য, হাইকোর্টের এই রুলে কেউ কর্ণপাত না করায় সমস্যাটি দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ আশা করছি।
এম এ মুকিম সজীব
মিরপুর, ঢাকা।