জনসংখ্যার আধিক্যে রাজধানী ঢাকা শহরের ফুটপাত দিয়ে বর্তমানে হাঁটা দায় হয়ে পড়েছে। তার মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো বর্তমানে ফুটপাতের ওপর দিয়ে প্রায়ই মোটরসাইকেল চলাচল করায় অধিকাংশ ক্ষেত্রেই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনিতেই রাজধানীর ফুটপাতগুলো হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলে অসুবিধা হয়। উপরন্তু বর্তমানে অনেক মোটরসাইকেলের চালক বেপরোয়াভাবে তাঁদের ইচ্ছামতো ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেওয়ার ফলে প্রায়ই তাঁদের মোটরসাইকেলের ধাক্কায় পথচারীরা আহত হচ্ছেন। এ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁরা পথচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। এসব অন্যায়কারী মোটরসাইকেলের চালকদের রুখতে কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত কার্যকর করতে হবে। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো চালকদের তাৎক্ষণিক জরিমানা করতে হবে। এ ছাড়া ফুটপাত দিয়ে চালানো মোটরসাইকেল দ্বারা কোনো ব্যক্তি আহত কিংবা ক্ষতিগ্রস্ত হলে দোষী মোটরসাইকেলের চালককে কমপক্ষে এক বছরের কারাদণ্ড দিতে হবে। পথচারীদের মারাত্মক সমস্যাকারী ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো চালকদের শক্ত হাতে দমন করে পথচারীদের ফুটপাত দিয়ে চলাচল নির্বিঘ্ন করতে হবে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।