ফুলে-ফেঁপে ওঠা সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংঘাত-সহিংসতার মধ্যে মন্ত্রীদের সম্পদ ফুলে-ফেঁপে ওঠার খবর সাধারণ মানুষকে আরও বেদনাহত করবে। আমরা আশা করব, দুর্নীতি দমন কমিশন (দুদক) এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার সদস্যদের কাছে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠাতে পারে। এটা করতে তাদের অপারগ হলে চলবে না। সম্প্রতি দুদক আইনে সংশোধনী এনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের-সংক্রান্ত আগাম অনুমোদনের বিধান বিলোপ করা হয়। বর্তমান কমিশনকে তখন সরকারের বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করতে দেখা গেছে। কিন্তু তাতে প্রতিকার মেলেনি।
এক-এগারোর পরে দুদকের আলোচিত দুর্নীতির মামলাগুলোর একটি বড় উৎস ছিল সম্পদের বিবরণী। বর্তমান সরকারের আমলে পুনর্গঠিত দুদক বিএনপি-জামায়াত জোটের গুটি কয়েক পতিত নেতা ও সাবেক মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সামান্য মাথা ঘামিয়েছে। চার বছর ধরে তাদের কাছে সরকারের পূর্বানুমোদন ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের এখতিয়ার ছিল। কিন্তু তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের, বিশেষ করে মন্ত্রীদের নিয়ন্ত্রণে থাকা কোনো বিভাগ বা অধিদপ্তরে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলাও দায়ের করতে পারেনি। দুর্নীতির দায়ে ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে থাকা কাউকে চূড়ান্ত দণ্ড দেওয়ার নজিরও সৃষ্টি হয়নি।
মন্ত্রিসভার সদস্যদের দেওয়া জবানবন্দির তুলনামূলক বিচারে সম্পদের পাহাড় গড়ার যে চিত্র ফুটে উঠেছে, তা সন্দেহাতীতভাবে অনেক প্রশ্নের জন্ম দিতে যথেষ্ট। এসব প্রতিবেদনে বর্ণিত সম্পদের বাইরে তাঁদের সম্পদ নেই, সে কথাও হলফ করে বলা যাবে না। মন্ত্রী-সাংসদেরা সম্পদের যে বিবরণ দিয়েছেন, তাতে দেখা যায়, গত পাঁচ বছরে কারও কারও সম্পদ বেড়েছে শতগুণ। তাহলে রাজনীতি কি ধনী হওয়ার সহজ উপায়? প্রতিবেদনের পরে দুদক ছাড়াও রাষ্ট্রের আরও অন্তত দুটি প্রতিষ্ঠানের করণীয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদা মন্ত্রীদের সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশে অঙ্গীকার করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে বড় বড় পদে থাকা রথী-মহারথীদের সন্দেহজনক সম্পদ অর্জনের বিষয়ে জবাবদিহি করার মধ্যে বিরোধ নেই, বরং দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় প্রশাসন ও দোষীদের বিচারও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই পড়ে।
দুদক চাইলেই আইনের আওতায় মন্ত্রীদের কাছে বিবরণী এবং অর্জিত সম্পদের উৎস জানতে চাইতে পারে। মন্ত্রীদের দেওয়া হিসাবের বাইরেও অর্থ ও সম্পদ আছে কি না, সেটিও খুঁজে দেখা দরকার। বাংলাদেশ থেকে প্রতিবছর যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে, তার কত ভাগ সাবেক বা বর্তমান মন্ত্রী-সাংসদ ও আমলাদের, সেই হিসাব জানা দরকার। দুদকের বাইরে ইসিও কিছু ব্যবস্থা নিতে পারে। পরিচ্ছন্ন ভাবমূর্তির মন্ত্রীরা স্বপ্রণোদিত হয়ে নিজেদের সম্পদের বিবরণী প্রকাশ করতে পারেন। তবে প্রত্যাশা থাকবে প্রধানমন্ত্রীর কাছেই। তাঁরই উচিত সদ্য পদত্যাগীসহ সব মন্ত্রীর সম্পদের বিবরণী প্রকাশ এবং তার জবাবদিহি নিশ্চিত করা।