নারায়ণগঞ্জের সাত খুনের ক্ষত না শুকাতেই র্যাব-১১-এর এলাকাধীন সন্ত্রাসের আরেক জনপদ হিসেবে চিহ্নিত ফেনীতে আওয়ামী লীগের নেতা হত্যাকাণ্ড জনমনে নিরাপত্তার অভাববোধকে আরও তীব্র করবে। সারা দেশে যে বিপৎ–সংকেত বেজে চলেছে, সেটা ক্ষমতার কুশীলবদের কর্ণকুহরে প্রবেশ করছে বলে মনে হয় না। ÿক্ষমতাসীন দলের একজন নেতার এ ধরনের পরিণতি এবং এর পরও দুর্বৃত্তরা যদি ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে আইন ও শৃঙ্খলা বলে দেশে কিছু টিকে আছে কি? দিনদুপুরে গুলি করে গাড়িসহ পুড়িয়ে হত্যার ঘটনা ফিল্মে দেখা স্বাভাবিক। এ নিয়ে দুই রাজনৈতিক প্রতিপক্ষের শীর্ষ পর্যায়ের পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা পরিস্থিতিকে কার্যত আরও অবনতিশীল ও ভঙ্গুরত্ব নির্দেশ করছে। এতে আইনের শাসনে দায়িত্বশীল ব্যক্তিদের অব্যাহতভাবে অবিশ্বস্ত থাকার স্বীকৃতি মিলছে।
এটা স্বাভাবিক নয় যে প্রধানমন্ত্রী ‘জড়িতদের’ গ্রেপ্তারে নির্দেশ দেবেন। এ নির্দেশ-সংস্কৃতি নিশ্চিত করছে যে আইন আপনগতিতে চলতে পারছে না৷ পরিস্থিতি এতটাই জেরবার যে আইনকে হুকুম দিয়ে চালাতে হয়। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এটা দলীয় কোন্দলের কারণে ঘটেছে। তদন্তের আগেই তিনি কীভাবে এ সিদ্ধান্তে পৌঁছালেন, তা স্পষ্ট করেননি।
নারায়ণগঞ্জ ও ফেনীতে একটি অভিন্ন মিল রয়েছে। দুটোই সন্ত্রাসের জনপদ হিসেবে দীর্ঘকাল চিহ্নিত, দাপুটে গডফাদাররাই সেখনকার সবকিছুর নিয়ন্ত্রক। দেখা যাচ্ছে, তাঁদেরই বর্তমান কিংবা সাবেক সহযোগীরা নিষ্ঠুরতার শিকার হচ্ছেন। এটা লক্ষণীয় যে ওই দুটি জনপদের ওপর অশুভ ছায়া সরে যাচ্ছে না। একই আশঙ্কা সর্বত্র। নিহত একরামুল হক ফেনীর একসময়ের গডফাদার ‘জয়নাল হাজারীর’ কথিত ‘স্টিয়ারিং কমিটির’ শীর্ষ চারজনের অন্যতম, বর্তমানে এলাকায় সরকারি দলের প্রভাবশালী নেতা ছিলেন। ফুলগাজী উপজেলার চেয়ারম্যান হিসেবে তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধিও৷ তাঁর মতো ব্যক্তিকেই যদি প্রকাশ্যে এমন নিষ্ঠুরতার বলি হতে হয়, তাহলে সাধারণের নিরাপত্তাবোধ চুরমার হতে বাধ্য। একরাম হত্যার প্রতিবাদে গ্রেপ্তারের নির্দেশ এবং সরকার-সমর্থকদের দ্বারা বিএনপির স্থানীয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা অশুভ আলামত। কারণ, এটা ইঙ্গিত করছে যে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না৷
স্থানীয় সাংসদ গত উপজেলা নির্বাচনে একরামুল হকের মূল প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিএনপি নেতাকে এ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সন্দেহ করার পাশাপাশি তদন্ত করে ‘প্রকৃত দোষী’ ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। আমরাও একমত। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হবে তেমন ভরসা পাওয়ার কোনো সুযোগ আছে কি?
আমরা ফেনীর খুনের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাই। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিরাট অবনতি ঘটেছে, তা থেকে এ ঘটনাকে আলাদা করে দেখা যাবে না। চাঞ্চল্যকর সহিংস ঘটনার সংখ্যা অল্প সময়ের ব্যবধানে ক্রমবর্ধমান। একটি চাঞ্চল্যকর সন্ত্রাসী ঘটনা, আরেকটি চাঞ্চল্যকর ঘটনা এসে আড়াল করে দিচ্ছে। কিন্তু প্রতিকার নেই বললেই চলে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। মানুষকে নিরাপত্তার বোধ ফিরিয়ে দিতে সর্বাত্মক পদক্ষেপ নিন।