ফোর্ট উইলিয়ামে একাত্তরের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা পৌঁছার আগে ভাবতে পারিনি যে আমাদের মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ জেনারেল (অব.) জে এফ আর জ্যাকবের সঙ্গে দেখা হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রমনা রেসকোর্সে বাংলাদেশ-ভারতের যৌথ কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান আমির আবদুল্লাহ খান নিয়াজি যে আত্মসমর্পণের দলিলে সই করেছিলেন, তার প্রস্তুতি পর্বের কাজগুলো করেছিলেন জেনারেল জ্যাকব। ১৬ ডিসেম্বর ঢাকা প্রবেশ করা মিত্রবাহিনীর দুজন জেনারেলের অন্যজন ছিলেন জেনারেল জি এস নাগরা।
আকাশপথে ঢাকা থেকে কলকাতা ৫০ মিনিটের পথ। এয়ার ইন্ডিয়ার রাত নয়টা ৪০ মিনিটের ফ্লাইটটা ছাড়তে ছাড়তে রাত সাড়ে ১১টা। এই ফ্লাইটে বাংলাদেশ থেকে যাচ্ছে ৭৮ জনের একটি প্রতিনিধিদল, যারা একাত্তরে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, অথবা নানাভাবে মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে এবং বর্তমান প্রজন্মের কয়েকজন, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। সঙ্গে আছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছয়জন সদস্য। আর আছেন একজন তরুণী, রাসা আলভি।
এবারের দলনেতা মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) জাফর ইমাম, বীর বিক্রম। ভারত সরকারের পক্ষ থেকে সবাই আমন্ত্রিত কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ড সদর দপ্তরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে। একাত্তর-পরবর্তী সময়ে দিনটি সেখানে ইস্টার্ন কমান্ড ডে হিসেবে পালিত হতো। পরবর্তীকালে তারা এই অনুষ্ঠান আরও অর্থবহ করে তুলতে একাত্তরে তাদের বাংলাদেশের সহযোদ্ধাদেরও অংশীদার করার সিদ্ধান্ত নেয়। ১৯৭২ সালে প্রথম যখন এই শহরে আসি, তখন বাংলাদেশিদের এখানে সবাই ‘জয় বাংলা’র লোক হিসেবে চিনত। তখন পাসপোর্ট-ব্যবস্থা চালু হয়নি। ১০০ টাকা দিয়ে একটি ট্রাভেল পারমিট জোগাড় করতে হতো। ইমিগ্রেশন থেকে বের হতেই ইস্টার্ন কমান্ড থেকে আসা সেনাসদস্যদের উষ্ণ অভ্যর্থনা। তাঁরা কিছুতেই আমাদের লাগেজপত্র ধরতে দেবেন না। আমাদের কাজ শুধু শনাক্ত করে দেওয়া; বাকিটা তাঁদের দায়িত্ব।
সকাল সাতটা থেকে নয়টার মধ্যে হোটেলে নাশতা সারতে হবে। তারপর আমাদের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের ভাষ্য অনুযায়ী ফোর্ট উইলিয়ামের উদ্দেশে বাস ‘মার্চ’ করবে। পৃথিবীর সর্বত্রই সম্ভবত সেনাসদস্যদের কিছু কমন ভাষা আছে, যা সেনানিবাসের বাইরে খুব ব্যবহার করা হয় না। বাস ‘মার্চ’ করাটাও ওই রকম আরকি। ঠিক সকাল সাড়ে নয়টায় ফোর্ট উইলিয়ামের উদ্দেশে বাস ‘মার্চ’ করল। রাতের ক্লান্তি সবার চোখে-মুখে বেশ দৃশ্যমান। পারলে এই বেলা হোটেলে ঘুমিয়ে কাটিয়ে দেয়। তবে তার উপায় নেই।
ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম। ১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দুর্গটি নির্মাণ শুরু করে, তখন বাংলার মসনদে নবাব সিরাজউদ্দৌলা। ব্যবসা করতে আসা বেনিয়া ইংরেজদের দুর্গ নির্মাণের কথা শুনে নবাবের সন্দেহ হয়। সেই দুর্গের দখল নিয়েছিলেন নবাব। বলা হয়, সেই তখন থেকেই বাংলার নবাবের সঙ্গে বেনিয়া ইংরেজদের বৈরিতা শুরু। দুর্গের হাতবদল হয়েছে একাধিকবার। পলাশীর যুদ্ধের পর ইংরেজদের বাংলা দখল করার পর নতুনরূপে নির্মাণ করা হয় সেই দুর্গ। নামকরণ হয় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। অনেকটা গঙ্গার পাড় ঘেঁষে দুর্গ। তাতে ইংরেজদের সুবিধা অনেক। একসময় দুর্গের ঘাটে কোম্পানির বজরা ভিড়ত আর তাতে বোঝাই হতো বাংলা থেকে সংগৃহীত নানা ধরনের সওদা। পরে ওই ঘাট দিয়ে ইংল্যান্ড থেকে সৈন্যসামন্ত এল। একসময় ভারতবর্ষ থেকে বিদায় নিল ইংরেজরা। ফোর্ট উইলিয়াম হয়ে উঠল ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর। ১৯৭১ সালে এখান থেকেই পরিচালিত হয়েছিল ঢাকা মুক্ত করার শেষ লড়াই। তখন এই দুর্গের প্রধান সেনাপতি লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। পরবর্তীকালে একই দায়িত্ব পালন করেন জেনারেল জ্যাকব।
দুর্গে পৌঁছাতেই আগত অতিথিদের সাদর অভ্যর্থনা জানালেন পূর্বাঞ্চলীয় কমান্ডের বর্তমান সেনাধ্যক্ষ লে. জেনারেল দালবীর সিং। দালবীর সিং ১৯৭৪ সালে কমিশনপ্রাপ্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্কুলপড়ুয়া। মনে আছে তাঁর সেই যুদ্ধের কথা। বুঝতে পারছিলেন পাশের দেশ বাংলাদেশে ভয়াবহ কিছু একটা হচ্ছে এবং তাতে না চাইলেও জড়িয়ে পড়ছে ভারত সরকার আর তার জনগণ। পরে জেনেছেন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার কথা। আরও শুনেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহস আর শৌর্যবীর্যের কাহিনি। সেই মানুষগুলোর কয়েকজনকে তিনি অভ্যর্থনা জানাতে পেরে গর্বিত।
বাংলাদেশের দলনেতা কর্নেল (অব.) জাফর ইমাম, বীর বিক্রম শোনালেন সেই যুদ্ধদিনের কথা। কেমন করে তিনি তাঁর সেনাদের নিয়ে বিলোনিয়া আর ফেনীতে যুদ্ধ করেছিলেন। ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমান যখন গঙ্গাসাগরের যুদ্ধের কথা শোনাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল, তিনি কোনো এক হলিউডের ছবির চিত্রনাট্য পড়ছেন। তিনি ভুললেন না সেই যুদ্ধে বাংলার ছাত্র, ইপিআর আর গ্রামের সাধারণ মানুষের ত্যাগের কথা বলতে। হোসেন আক্তার চৌধুরী, সবাই তাঁকে আক্কু চৌধুরী বলে চেনে, মনে করিয়ে দিলেন ভারতের জনগণের আত্মত্যাগের কথা। কেমন করে তারা নিজেদের খাবার পর্যন্ত ভাগাভাগি করে খেয়েছে।
অবসরপ্রাপ্ত ভারতীয় ব্রিগেডিয়ার ব্রার। যুদ্ধ করেছেন কুমিল্লা সেক্টরে। বললেন, মুক্তিবাহিনী আর স্থানীয় জনগণের সহায়তা ছাড়া এত কম সময়ে ঢাকা দখল সম্ভব হতো না। রাঘবীর সিং একাত্তরে একজন কর্নেল। সিলেট সীমান্ত অতিক্রম করার পর তাঁদের রসদ ফুরিয়ে যায়। এক বেলা একেবারে অভুক্ত। এলাকার মানুষ জানতে পেরে তাঁদের জন্য দুই ডেগ খিচুড়ি নিয়ে হাজির। তিনি বলেন, বাংলাদেশে ঢোকার আগে তাঁরা বুঝতে পারেননি, স্বাধীনতার জন্য এ দেশের মানুষের সে কী ব্যাকুলতা!
মেজর জেনারেল আবুল কালাম আমাদের এই প্রজন্মের সেনা কর্মকর্তা। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তাঁর নেই। তবে তিনি এই যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। রাতের ক্লান্তি দূর করতে বাইরে এক কাপ চা খেতে গিয়ে দেখি, কয়েকজনের সহায়তায় জেনারেল জ্যাকব একটি সরু সংযোগ সেতু পেরিয়ে ধীর পদে নিচে নামছেন। তাঁর দিকে হাত বাড়াতেই তিনি আমার হাতটি ধরে নিচে নামলেন। আমার দিকে তাকিয়ে বললেন, ইয়াং ম্যান, তোমার হাতটা বেশ নরম। মনে মনে বলি, ষাটোর্ধ্ব বয়সের মানুষ কীভাবে ইয়াং ম্যান হয়? জ্যাকবের নিজের বয়স ৯৩। অভ্যর্থনাকক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানালেন। এই বয়সেও জ্যাকব এবং তাঁর মতো অনেকেই এই সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন কলকাতায় এই আশায়, তাঁদের সঙ্গে যুদ্ধদিনের কিছু সাথির দেখা হবে বলে। কথা বলবেন মনভরে।
অনুষ্ঠানের শেষে জ্যাকব মাইক হাতে নিয়ে বেশ দৃঢ় কণ্ঠে বললেন, তিনি এই বছরের গোড়ার দিকে বাংলাদেশে গিয়েছিলেন, যখন বাংলাদেশ সরকার একাত্তরের বন্ধুদের সম্মান জানাল। ১৯৭১-এর ঢাকার সঙ্গে বর্তমানের ঢাকার তফাত দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তাঁর পাশে গিয়ে বসি। তিনি ‘ইয়াং ম্যানের’ কাঁধে হাত রেখে জানতে চাইলেন কী করি। চেহারায় শিশুসুলভ হাসি। অনুরোধ করলেন, কখনো যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়, তাঁকে যেন তাঁর শুভেচ্ছা জানিয়ে দিই।
১৬ ডিসেম্বর বাঙালির বিজয় দিবস। ইস্টার্ন কমান্ডও দিনটির একই নাম করেছে। সকাল সাড়ে সাতটায় ফোর্ট উইলিয়ামের বিজয়স্তম্ভে সবাই হাজির। সবার দৃষ্টি আমাদের সঙ্গে আসা রাশা আলভির দিকে। তাঁর মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা। পরনের কাপড় সবুজের ওপর লাল কাজ। চঞ্চলা আলভিকে দেখে মনে হচ্ছিল, বাংলাদেশের পতাকা অনুষ্ঠানস্থল দাপিয়ে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে পড়ালেখা করা আলভির সঙ্গে আলাপ করে জানা গেল, তিনি এখন পাইলট হওয়ার পথে। বর্তমানে ইন্টার্নি করছেন। সাবেক সেনা কর্মকর্তা বাবা একজন মুক্তিযোদ্ধা। আলভিদের চোখ দিয়ে আমাদের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ দেখে।
দিনের আনুষ্ঠানিকতা শুরু পবিত্র কোরআন, বাইবেল, ত্রিপিটক আর গীতাপাঠ দিয়ে। বিজয়স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে প্রথম সম্মান জানালেন তিন বাহিনীর তিনজন সেনাসদস্য। যুদ্ধের ময়দানে সেনাদের আত্মত্যাগ সবচেয়ে বেশি। তারপর বাংলাদেশের পক্ষ থেকে সম্মান জানালেন কর্নেল (অব.) জাফর ইমাম আর মেজর জেনারেল আবুল কালাম। সবশেষে লে. জেনারেল দালবীর সিং। রাতে সেনা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শক মাতাতে এসেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী উষা উথুপ। প্রায় এক ঘণ্টা সংগীত পরিবেশনের শেষে যখন তিনি গাইলেন ‘ইয়ে দোস্তি আভ কাভি নাহি তোরেঙ্গে’, তখন দেখি আমার পাশে বসা ভারতীয় সেনা কর্মকর্তাদের চোখে জল। তিনি একাত্তরে রৌমারী রণাঙ্গনে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা খালি পায়ের বাঙালি মুক্তিযোদ্ধাদের সাহস দেখে অবাক হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ আগেও আমাকে বলছিলেন, ‘তোমরা ভাগ্যবান, তোমাদের মুজিবের মতো একজন রাজনৈতিক নেতা ছিল।’
রাত নয়টায় মিলনমেলা ভাঙল। তখন মনে মনে ভাবি, উভয় দেশের রাজনৈতিক নেতারা যদি আরেকটু চেষ্টা করতেন পরস্পরকে বুঝতে, তাহলে দুই দেশের কত সমস্যাই না সহজে সমাধান হয়ে যেত। জেনারেল দালবীর সিংয়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে বলি, আশা করি, সামনের বছর এমন একটি অনুষ্ঠান হবে এবং সেখানে জেনারেল জ্যাকব ছাড়াও একাত্তরের রণাঙ্গনের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। জবাবে তিনি বলেন, জেনারেল জ্যাকব সুস্থ থাকলে অবশ্যই আসবেন।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।