ফ্লাইওভার ও যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মগবাজার ও বাংলামোটর এলাকায় প্রায় আড়াই লাখ লোকের বাস। এ রাস্তা দিয়েই এসব এলাকার লোকদের কর্মস্থল ও বিভিন্ন জায়গায় যেতে হয়। ঢাকা শহরে নির্মাণাধীন ফ্লাইওভারের মধ্যে মগবাজার ফ্লাইওভারটি অন্যতম। এই সরকারের শাসনকালে অন্যান্য জেলার সঙ্গে ঢাকার উন্নয়ন ও সংস্কারের কাজ চোখে পড়ার মতো। এই ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রতিদিন শহরের তিন-চার লাখ লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু ফ্লাইওভারের কাজ চলায় রাস্তাটি সাধারণ মানুষের জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা নির্মাণে বিভিন্ন ধরনের বিশালাকার মেশিন ব্যবহার করায় এটি সংকীর্ণ হয়ে পড়েছে। এ জন্য একটি থেকে দুটি বাস যেতেই অনেক সময় ব্যয় হচ্ছে।
কিছুদিন ধরে রাস্তার এক পাশ বন্ধ করে দেওয়ায় একই রাস্তা দিয়ে যানবাহন আসা-যাওয়া করছে। যানবাহনের চাপে সৃষ্ট ধুলাবালুর কারণে হেঁটে চলাচল করা অসম্ভব। এ জন্য সময়মতো গন্তব্যে পৌঁছা যায় না। অ্যাম্বুলেন্স ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত রিকশার কারণে যানজট দীর্ঘ হচ্ছে।
এ জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি; তিনি যেন বাসগুলোকে বিকল্প রাস্তা দিয়ে চলাচলের সুযোগ করে দেন এবং লাইসেন্সপ্রাপ্ত রিকশা ছাড়া অন্য সব রিকশা চলাচল বন্ধ করে দেন।
মো. শফিকুল ইসলাম, মগবাজার, ঢাকা।